ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

রয়টার্সের প্রতিবেদন

বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের অর্ডার, বেশি পাচ্ছে ভারত

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম
ছবি: সংগৃহীত

শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়া এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছে জারা ও এইচঅ্যান্ডএমসহ বিশ্বের নামিদামি পোশাক ব্র্যান্ডগুলো। নভেম্বরের প্রথমার্ধে তাদের মাসিক ক্রয়াদেশের প্রায় ১০ শতাংশ বাংলাদেশ থেকে এশিয়ার অন্য পোশাক উৎপাদনকারী দেশগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে।

তিন পোশাক কারখানার মালিকের বরাতে শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কারখানার মালিকরা রয়টার্সকে জানিয়েছেন, ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ সরিয়ে নিয়েছে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো। এর বেশির ভাগই গেছে প্রতিবেশী দেশ ভারতে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান খাতের জন্য এটি বড় ধাক্কা। বর্তমান শ্রমিক অসন্তোষের অবসান হলেও এর প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে।

পোশাকশিল্পের নেতারা বলছেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে কম খরচে পোশাক উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের যে প্রতিযোগিতামূলক সুবিধা ছিল, তা কমে যাচ্ছে। এই সুবিধার কারণেই চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়েছিল বাংলাদেশ। এখন আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো পোশাক সংগ্রহের জন্য বিকল্প দেশের দিকে ঝুঁকছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্য অনুযায়ী, শ্রমিক বিক্ষোভের কারণে পোশাকশিল্পে ৪০ কোটি ডলারের বেশি উৎপাদন ক্ষতি হয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে। এ ছাড়া উৎপাদনশিল্পের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থানও এ খাতে।

ভারতের পাশাপাশি লাভবান হচ্ছে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়া
পোশাকশিল্পের নেতারা জানিয়েছেন, বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়ে নেওয়ার ঘটনায় সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ভারত। পাশাপাশি সরবরাহব্যবস্থার ঝুঁকি কমাতে এবং নির্ধারিত সময়ে পণ্য বুঝে পেতে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন আন্তর্জাতিক ক্রেতারা।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশের পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর অনুমোদন দেয়ার পর এ খাতে চাপ আরও বেড়েছে। তবে গত চার দশকের মধ্যে মজুরি বৃদ্ধির এ হার সবচেয়ে কম।

শ্রমিকরা মজুরি দ্বিগুণের বেশি করার দাবি জানিয়েছিলেন। তাদের দাবির তুলনায় মজুরি কম বাড়ানোয় পুলিশের সঙ্গে নতুন করে সংঘর্ষে জড়ান শ্রমিকরা। তবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তরফদার মজুরি বৃদ্ধিকে ‘সন্তোষজনক’ বলে উল্লেখ করেছেন। শনিবার (২৮ নভেম্বর) থেকে সব পোশাকশ্রমিক কাজে ফিরবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

পোশাকশিল্পের নেতারা বলছেন, মজুরি বৃদ্ধির ফলে ভারতের তুলনায় কম শ্রম ব্যয়ে পোশাক উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের সুবিধা আরও কমে যাবে। তবে শ্রমিক সংগঠনগুলোর দাবি, আন্তর্জাতিক পোশাকশিল্পের মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের শ্রমিকদের মজুরি এখনো কম।

আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে কারখানার মালিকরা জানান, শ্রমিক অসন্তোষের কারণে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার, সেলিওসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়ে নিয়েছে। এসব ক্রয়াদেশের বেশির ভাগই পেয়েছে ভারত।

এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে মন্তব্য করতে রাজি হয়নি জারার মালিক প্রতিষ্ঠান ইন্ডিটেক্স। অন্যদিকে, মার্কস অ্যান্ড স্পেনসার, এইচঅ্যান্ডএম ও সেলিও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর ভারতের বস্ত্র ও পোশাক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। গোকালদাস এক্সপোর্টসের শেয়ারের দাম সর্বোচ্চ ১১ শতাংশ এবং ট্রাইডেন্টের শেয়ারের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছে। এ ছাড়া ওয়েলস্পান লিভিং, কেপিআর মিল ও বর্ধমান টেক্সটাইলসের শেয়ারের দাম প্রায় ২ শতাংশ করে বেড়েছে।

বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী রয়টার্সকে বলেন, শ্রমিকদের মজুরি, গ্যাস-বিদ্যুৎসহ বিভিন্ন সেবার খরচ এবং কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় পোশাক উৎপাদনকারীদের ওপর চাপ বাড়ছে।

তিনি বলেন, এমন এক সময়ে মজুরি বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় বেড়েছে, যখন ক্রেতারা কম দামে পোশাক চাইছেন এবং প্রতিযোগী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ক্রয়াদেশ সরিয়ে নেয়া ব্র্যান্ডগুলোর নাম প্রকাশ করতে রাজি হননি। তবে তিনি বলেন, উৎপাদনে বিঘ্ন ঘটলে সাময়িকভাবে কিছু ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়ার মাধ্যমে আর্থিক ক্ষতি কমানো সম্ভব। এতে আন্তর্জাতিক ক্রেতাদের স্থায়ীভাবে হারানোর ঝুঁকিও কমে এবং তাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় থাকে।

ভবিষ্যতের ক্রয়াদেশ নিয়েও শঙ্কা
কারখানার মালিকরা বলছেন, এরই মধ্যে যেসব ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে, তার চেয়েও বড় উদ্বেগ ভবিষ্যতের ক্রয়াদেশ নিয়ে। আন্তর্জাতিক ক্রেতারা এখন নতুন করে ভাবছেন, কোন দেশ থেকে পোশাক সংগ্রহ করবেন। এতে বাংলাদেশ ভবিষ্যতে আরও ক্রয়াদেশ হারাতে পারে।

দীর্ঘদিন ধরে চলা জ্বালানি সংকটের কারণে পোশাক উৎপাদন ব্যাহত হচ্ছে। মধ্যপ্রাচ্যের সংকট এ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বাধ্য হয়ে কিছু কারখানা বেশি খরচে বিকল্প উৎস থেকে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করছে।

বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন চৌধুরী জানান, পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠান বেছে নেয়ার ক্ষেত্রে ক্রেতারা এখন দামের চেয়ে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহের চাপ থাকলে ব্র্যান্ডগুলোর কাছে দাম দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়।

মহিউদ্দিন চৌধুরীর মতে, বাংলাদেশের তুলনায় ভারত প্রায় এক সপ্তাহ আগে ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দিতে পারে। অন্যদিকে, ভিয়েতনাম ও কম্বোডিয়া পণ্য সরবরাহের সময় সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত কমাতে পারে।

প্রতিযোগী দেশগুলো সাধারণত ৬০ থেকে ৯০ দিনের মধ্যে পোশাক উৎপাদন ও সরবরাহের কাজ শেষ করতে পারে। অথচ বাংলাদেশে এ কাজে প্রায় ১২০ দিন সময় লাগে।

শ্রমিক অসন্তোষ ও উৎপাদনে বিঘ্নের কারণে কারখানাগুলোতে কাজ জমে গেছে। ঢাকার আশপাশের পোশাক কারখানাগুলো আনুমানিক ২০ থেকে ২৫ কর্মদিবসের উৎপাদন হারিয়েছে। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে কিছু কারখানা অতিরিক্ত কর্মঘণ্টায় উৎপাদন চালানো এবং বেশি খরচে উড়োজাহাজে পণ্য পাঠানোর কথা ভাবছে।

মূলত ইউরোপের বিভিন্ন ব্র্যান্ডকে পোশাক সরবরাহ করে আল্পস অ্যাপারেলস গ্রুপ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম জানিয়েছেন, শ্রমিক অসন্তোষের কারণে এরই মধ্যে নতুন ক্রয়াদেশ কমে গেছে।

তিনি বলেন, ১ নভেম্বর থেকে শ্রমিক অসন্তোষের কারণে আমার বেশির ভাগ ক্রেতা নতুন ক্রয়াদেশ দেয়া বন্ধ করে দিয়েছেন। তারা জানাচ্ছেন, আমাদের ক্রয়াদেশ অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, স্থগিত করা হয়েছে অথবা বাতিল করা হয়েছে। এরই মধ্যে তারা বিকল্প ব্যবস্থাও খুঁজে পেয়েছেন।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে ঢাকায় ফেরার সম্ভাবনা ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বিঘ্ন সৃষ্টির আশঙ্কা বাড়িয়েছে। পোশাকশিল্পের নেতারা বলছেন, আন্তর্জাতিক ক্রেতাদের ধরে রাখতে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

মহিউদ্দিন চৌধুরী সতর্ক করে বলেন, অস্থিতিশীল পরিস্থিতির কারণে যেসব ক্রয়াদেশ অন্য দেশে চলে যাচ্ছে, পরিস্থিতির উন্নতি হলেও সেগুলো আর বাংলাদেশে না-ও ফিরতে পারে।

তিনি বলেন, সাময়িকভাবে ক্রয়াদেশ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত স্থায়ী হওয়ার আগেই ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। ব্র্যান্ডগুলোর হাতে বিকল্প রয়েছে। অস্থিতিশীলতা চলতে থাকলে তারা আমাদের জন্য অপেক্ষা করবে না।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্বালানি খাতের তিন কোম্পানিতে নতুন এমডি
জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ তিন কোম্পানির শীর্ষ পদে পরিবর্তন আনা হয়েছে। তিতাস গ্যাস, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) ও বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানিতে (বাপেক্স) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে।
জ্বালানি খাতের তিন কোম্পানিতে নতুন এমডি
চড়া বাজারে এবার বেড়েছে চাল-তেলের দাম
গেল কিছুদিন বৃষ্টির কারণে ক্ষেতে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীর বাজারে সরবারহ কমে সবজি কিছুটা বেশি দাকে বিক্রি হচ্ছে। একইসঙ্গে  চাল, তেল, মাছ দাম বেড়েছে। নাজিরশাইল ও মিনিকেট চাল কিনতে প্রতি কেজিতে আগের তুলনায় ১ থেকে ৪ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। তবে, গত ১৫ দিনে মুরগি ও ডিমের দাম কমেছে।
চড়া বাজারে এবার বেড়েছে চাল-তেলের দাম
সয়াবিন তেলের দামে নতুন রেকর্ড
দেশের বাজারে আবারও বাড়ল ভোজ্যতেলের দাম। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৩ টাকা বাড়িয়ে ২০৭ টাকা নির্ধারণ করেছে সরকার।
সয়াবিন তেলের দামে নতুন রেকর্ড
নভেম্বরের ২৫ দিনে এলো ৩২ হাজার কোটি টাকার রেমিট্যান্স
চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে দেশে ২৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৩১ হাজার ৮৩০ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)। এর মধ্যে গত বুধবার (২৫ নভেম্বর) এক দিনেই এসেছে ৬ কোটি ৯০ লাখ ডলার বা ৮৫৫ কোটি ৬০ লাখ টাকা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৪ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৫ দশমিক ২০ শতাংশ। চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২৫ নভেম্বর) হিসাব অনুযায়ী, এ পর্যন্ত দেশে এক হাজার ৪০৩ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল এক হাজার ২৫৯ কোটি ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে প্রবাসী আয় বেড়েছে ১১ দশমিক ৫০ শতাংশ। আরটিভি/টিআর
নভেম্বরের ২৫ দিনে এলো ৩২ হাজার কোটি টাকার রেমিট্যান্স
টানা দ্বিতীয় দফায় বাড়ল সোনার দাম
শুক্রবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার এই নতুন দর নির্ধারণের কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে নতুন এই দর। 
টানা দ্বিতীয় দফায় বাড়ল সোনার দাম
আরও পড়ুন
আজ ফের বসছে মজুরি বোর্ড, আরও সমন্বয় হতে পারে পোশাকশ্রমিকদের বেতন
কিছু কারখানা বন্ধ থাকলেও গাজীপুর শিল্পাঞ্চলে উৎপাদন ও যান চলাচল স্বাভাবিক
মজুরি বোর্ডের চতুর্থ সভা দুপুরে
পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের সভা আজ