
বাণিজ্য ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি ভালো রয়েছে। ফলে বাজারে পণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে সরকার আশাবাদী।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি।
ভোজ্যতেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে খন্দকার আবদুল মুক্তাদির বলেন, আন্তর্জাতিক বাজারে বা পণ্য আমদানির উৎসস্থলে দাম বেড়েছে। সে কারণে দেশের বাজারে ভোজ্যতেলের দাম সমন্বয় করতে হয়েছে।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, সয়াবিন ও পাম অয়েলের উৎপাদনস্থল বাংলাদেশ নয়। আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের দাম কমলে দেশের বাজারেও তার প্রভাব পড়ে। আবার আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের বাজারেও এর প্রভাব পড়ে।
মন্ত্রী বলেন, প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী সয়াবিন তেলের দাম আরও কিছুটা বেশি হওয়ার কথা।
তবে আমদানিকারকদের রাজি করিয়ে বর্তমান দাম ধরে রাখা হয়েছে। একধরনের চাপ প্রয়োগ করেও তাদের রাজি করানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তেলের দাম নির্ধারণের প্রক্রিয়া সম্পর্কে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের সিএফআর মূল্য, বন্দরের খরচ, প্রক্রিয়াজাতকরণ ব্যয় ও অপচয়ের হিসাব বিবেচনায় নিয়ে প্রতি লিটারের খরচ নির্ধারণ করা হয়। এ হিসাব বাণিজ্য মন্ত্রণালয় থেকে সংগ্রহ করে সাংবাদিকেরা নিজেরাও যাচাই করতে পারবেন।
তিনি বলেন, এটি কোনো গোপন হিসাব নয়। সাংবাদিকেরা চাইলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে মূল্য নির্ধারণের সূত্র সংগ্রহ করে নিজেরাই হিসাব করে দেখতে পারবেন।
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে আর্থিক লেনদেনের অস্বাভাবিক প্রবণতা দেখা যাওয়ায় সরকার সতর্কতামূলক অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
এর আগে, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় সিলেট সদর উপজেলার অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের জন্য আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী।
এ সময় খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাভাবিক ও স্বনির্ভর জীবনযাপনের সুযোগ সৃষ্টিতে সরকার কাজ করছে। কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
উপকারভোগীদের উদ্দেশে মন্ত্রী বলেন, কৃত্রিম অঙ্গ সরবরাহকারী প্রতিষ্ঠান প্রয়োজনীয় অঙ্গপ্রত্যঙ্গ তৈরি ও সরবরাহ করবে। উপকারভোগীরা অঙ্গপ্রত্যঙ্গ বুঝে পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে অনুদানের অর্থ ছাড় করা হবে। শুধু অঙ্গপ্রত্যঙ্গ সরবরাহ নয়, পরবর্তী সময়ে কোনো সেবা বা রক্ষণাবেক্ষণের প্রয়োজন হলেও প্রতিষ্ঠানটি তা নিশ্চিত করবে।
তিনি বলেন, কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের মধ্যেই এ উদ্যোগ সীমাবদ্ধ থাকবে না। উপকারভোগীরা আগ্রহী হলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কিংবা এসএমই-সংক্রান্ত কার্যক্রমের মাধ্যমে তাদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করার চেষ্টা করা হবে। পাশাপাশি কারও ব্যবসার ভালো পরিকল্পনা থাকলে এবং ক্ষুদ্র পুঁজির প্রয়োজন হলে সে বিষয়েও সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে তারা স্বাবলম্বী হয়ে সম্মানজনক জীবনযাপন করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিল্প মন্ত্রণালয়ের সচিব এবং কাফকো’র চেয়ারম্যান আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য এম এ মালিক, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান বাবুল মিঞা, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আরটিভি/এমএ




