
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আওতায় ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল চলতি মাসে প্রকাশ করা হচ্ছে না। তবে ২০২১ সালের জানুয়ারি মাসে প্রকাশ হবে বলে জানা গেছে।
৪০তম বিসিএসে ৪ লাখ ৯৬৩ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেন। পরীক্ষায় অংশ নেন ৩ লাখ ৩৪ হাজার ৩৮ জন। প্রিলিমিনারি পরীক্ষায় ২০ হাজার ২৭৭ জনকে বাছাই করা হয়। গত ৪ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
৪০তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে পিএসসি’র চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন জানান, পরীক্ষার্থীর আট হাজার খাতা রিচেক করতে হচ্ছে। এতে অনেক সময় লাগছে। তাই এ মাসে ফল প্রকাশের ইচ্ছা থাকলেও সম্ভব হবে না। তবে জানুয়ারি মাসে অবশ্যই ফল প্রকাশ করা হবে।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা তৃপ্তি কনা বসু বলেন, ৪০তম বিসিএসের পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য শুক্র ও শনিবারও কাজ চলছে। তবে এ মাসে ফল প্রকাশ সম্ভব নাও হতে পারে।
জানা গেছে, লিখিত পরীক্ষার কিছু খাতা তৃতীয় পরীক্ষকের কাছে যাওয়ায় ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। আগামী মাসের মাঝামাঝি সময়ে হয় তো খাতা পুনর্মূল্যায়ন শেষ হবে। ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শেষ হলেও অনেক খাতায় দুই পরীক্ষকের দেয়া নম্বরে অপেক্ষাকৃত বেশি ব্যবধান হওয়ায় খাতা তৃতীয় পরীক্ষকের কাছে দেয়া হয়েছে। সে কারণে ফল প্রকাশ করতে দেরি হচ্ছে।
এফএ




