
দেশের চারটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে একমত পোষন করলেও কমিটি গঠন ও কেন্দ্র নিয়ে দ্বিমতে রয়েছে। সিদ্ধান্তহীনতায় ২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে আজ বুধবার দেশের চারটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও তাদের মনোনীত প্রতিনিধিরা এক ভার্চুয়াল মতবিনিময় সভায় অংশ নেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়ে কোনো সুরাহা হয়নি।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে সভায় অংশ নেন বুয়েটের সহ-উপাচার্য আবদুল জব্বার খান, চুয়েটের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম, রুয়েটের উপাচার্য মো. রফিকুল ইসলাম শেখ ও কুয়েটের উপাচার্য কাজী সাজ্জাদ হোসেন প্রমুখ।
ইউজিসির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সঞ্চালনায় ভার্চুয়াল সভায় বুয়েটের তিনজন অধ্যাপকও যুক্ত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে এই চারটি বিশ্ববিদ্যালয় নীতিগতভাবে একমত পোষণ করেছে। এ বিষয়ে তাদের একাডেমিক কাউন্সিলেরও মত রয়েছে। কিন্তু ভর্তি পরীক্ষার কমিটি গঠন ও কেন্দ্র নিয়ে তাদের মধ্যে দ্বিমত রয়েছে। তাই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
এ বিষয়ে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়ে বুয়েটের একাডেমিক কাউন্সিলের দেয়া সিদ্ধান্তের বিষয়ে অন্য তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিগগিরই তাদের সুস্পষ্ট মতামত ইউজিসিতে পাঠাবে। সেটির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়া হবে।
এফএ




