
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে শিক্ষা মন্ত্রণালয়ের বেধে দেওয়া ১১ বছরের ঊর্ধ্বে নির্ধারণ করা নীতিমালা স্থগিত করেছেন আদালত। এখন থেকে ১১ বছরের কম বয়সের শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে। একইসঙ্গে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) হাইকোর্ট এ আদেশ দেন।
ষষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়সসীমা ১১ বছরের ঊর্ধ্বে নির্ধারণ করে ২০১৭ সালের ১৫ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করে। এখন সেই প্রজ্ঞাপন স্থগিত করেন হাইকোর্ট।
বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। বয়সসীমা নির্ধারণের কারণে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে ব্যর্থ মুন্সিগঞ্জের এক শিক্ষার্থীর পিতা মিজানুর রহমানের করা এক রিট আবেদনে এ আদেশ দেন আদালত। আদালতে রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার অনিক আর হক, অ্যাডভোকেট আইনুন নাহার সিদ্দিকা ও ব্যারিস্টার মঞ্জুর এলাহী পরাগ।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে আবেদন করার সময়সীমা ছিল ১৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত। নিজের সন্তানের ভর্তির জন্য এই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে যান মিজানুর রহমান। কিন্তু তার সন্তানের বয়স ১১ বছরের কম হওয়ায় তিনি আবেদন করতে পারেননি। কারণ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির জন্য বয়স হতে হবে ৬+ বছর। এই হিসেবে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়স হতে হবে ১১+ বছর। কিন্তু মিজানুর রহমানের সন্তানের জন্ম ২০১১ সালের ৩০ জুলাই। এই হিসেবে ওই শিক্ষার্থীর বয়স হচ্ছে সাড়ে ৯ বছর। সরকারের ওই সিদ্ধান্তের কারণে অনলাইনের সফটওয়্যারে ওই শিক্ষার্থীর আবেদন গ্রহণ করেনি। ফলে ওই শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে। এ অবস্থায় মিজানুর রহমান ২০১৭ সালের জারি করা ভর্তির নীতিমালা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন।
এফএ




