
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের (২৪) মৃত্যুর ঘটনায় তার সহপাঠীরা র্যাব সদর দফতর থেকে কিছু ‘নতুন তথ্য জেনেছে। তবে কী তথ্য পেয়েছেন তা জানা যায়নি। র্যাবের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে তারা জানায়, এ ব্যাপারে নতুন কিছু তথ্য তার পেয়েছেন। দ্রুত সাংবাদিকদের তা জানানো হবে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকালে বুয়েটের প্রায় ৩০ জনের একটি প্রতিনিধি দল র্যাব সদর দফতরে প্রবেশ করে। দলটি প্রায় তিন ঘণ্টা র্যাব অফিসে অবস্থান করে।
এসময় শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, গতকাল ডিবি অফিসে গিয়েছিলাম। তবে বেশ কিছু তথ্য অজানা রয়ে গিয়েছিল। আজ র্যাব অফিসে এসেছি। এখানে এসে নতুন কিছু তথ্য পেয়েছি। এছাড়া কিছু তথ্যের ব্যাখ্যাও জানতে পেরেছি। এ ব্যাপারে আমরা কথা বলে পরে আপনাদের (সাংবাদিকদের) বিস্তারিত জানাবো।
এর আগে বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানিয়েছেন, বুয়েট ছাত্র ফারদিন নূর পরশ (২৪) হতাশা ও টাকার সংকটে পড়ে নদীতে লাফিয়ে আত্মহত্যা করেছেন।




