
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি ২০২৩ নির্বাচনের সাধারণ সভা আহ্বান ও সকলের অংশগ্রহণে নির্বাচন আয়োজন করার দাবি জানিয়ে সংগঠনটির বর্তমান কমিটির সভাপতি বরাবর পত্র প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকবৃন্দের পক্ষে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী ও নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসিনা বেগম স্বাক্ষরিত এই পত্র প্রেরণ করা হয়।
আবেদনপত্রে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন হওয়া থাকলেও শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি-২০২৩ এর নির্বাচন অনুষ্ঠিত হয় নি।
তবে অনিবার্য কারণে উল্লিখিত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করা না গেলে গঠনতন্ত্র ১০ এর (ক) ধারা অনুযায়ী ১৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সাধারণ সভা আহ্বান করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত কোনো সাধারণ সভা আহ্বান করা হয়নি বলেও আবেদনপত্রে উল্লেখ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী বলেন, আজ ডিসেম্বরের ২২ তারিখ। অথচ শিক্ষক সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটি নির্বাচন কবে হবে তা নিশ্চিত করতে পারেনি। আমরা সাধারণ শিক্ষকরা শুধু আমাদের ভোটাধিকারটা ফিরে পেতে চাই। তাই আমরা গঠনতন্ত্র অনুসরণ করে সভা আহ্বান ও অংশগ্রহণমূলক নির্বাচনের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছি।
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর শিক্ষকদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে অংশগ্রহণকে কেন্দ্র করে ১০৬ জন শিক্ষক স্বাক্ষরিত একটি অনাস্থা পত্র দেয়া হলেও তা আমলে না নিয়েই নির্বাচনের আয়োজন করে শিক্ষকদের আরেকটি অংশ। পরবর্তীতে দুই পক্ষের শিক্ষকদের আবেদনের প্রেক্ষিতে এবং তফসিলে উল্লেখিত ভোটগ্রহণের সময় দুপুর ১ টা পার হয়ে যাওয়ায় কমিশন নির্বাচন স্থগিত ঘোষণা করে।




