
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে ছুরিকাহত করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা শহরের হরিদাশপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
ছুরিকাহত শিক্ষার্থীর নাম আহসান উল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাকে গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ার পাশাপাশি ১০টির অধিক সেলাই প্রদান করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ম. কামরুজ্জামান বলেন, ওসির সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। তিনি ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন। আমরা খোঁজখবর রাখছি পুরো ঘটনার।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান বলেন, আমরা অফিসার পাঠিয়েছি। এটা যে বা যারা করুক, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




