
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার দুয়ার খুলে দিয়েছে রাশিয়ার সরকার। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে রাশিয়া সরকার ব্যাচেলর, স্পেশালিটি ডিগ্রি, মাস্টার্স, রেসিডেন্সি প্রশিক্ষণ এবং পিএইচডি পর্যায়ে ২০০টি বৃত্তি প্রদান করবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকার অনুষ্ঠিত এক সেমিনারে রাশিয়ান হাউসের নতুন পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনইয়ার এ তথ্য জানান।
আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র
এই বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীরা সহজেই https://education-in-russia.com ঠিকানায় গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৫ জানুয়ারি ২০২৬।
আবেদনের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত করতে হবে। প্রথমেই, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও মার্কসিটের মূল এবং ফটোকপি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সত্যায়িত হতে হবে। এছাড়া পাসপোর্টটি ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে পরবর্তী ১৮ মাসের মেয়াদ সম্পন্ন থাকতে হবে।
অনলাইনে আবেদন সম্পন্ন হওয়ার পর, অনলাইন আবেদনের কপিসহ শিক্ষার্থীদের রাশিয়ান হাউস ইন ঢাকায় শিক্ষাগত সনদের কপি, পাসপোর্টের ফটোকপি, স্বাস্থ্য সনদ, ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণে সম্মতিপত্র ও একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরও বিশদ জানার জন্য শিক্ষার্থীরা প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাশিয়ান হাউস ইন ঢাকার শিক্ষা বিভাগে যোগাযোগ করতে পারবেন।
আলেকজান্দ্রা জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়িয়ে ২০০ করা হয়েছে, যা পাঁচ বছর আগে ছিল মাত্র ৬৫টি। এই বৃদ্ধি বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন এবং শিক্ষা ও বিজ্ঞানে দুই দেশের সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে রাশিয়ার প্রতিশ্রুতি প্রকাশ করে।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য প্রতিভাবান বাংলাদেশি শিক্ষার্থীদের রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ দেওয়া, যাতে তারা দেশে ফিরে বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে পারেন।
আরটিভি/আরএ




