
২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছে।
শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এ ছাড়া, যারা খাতা চ্যালেঞ্জ আবেদন করেছেন, তাদের মোবাইল নম্বরেও এসএমএসের মাধ্যমে ফলাফল প্রেরণ করা হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের তথ্যমতে, চলতি বছর সর্বোচ্চ খাতা পুনঃনিরীক্ষণের আবেদন এসেছে ঢাকা বোর্ড থেকে। এখানে মোট ৬৬ হাজার ১৫০ জন শিক্ষার্থী ১ লাখ ৩৬ হাজার ৫০৬টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন।
অপরদিকে বরিশাল শিক্ষা বোর্ডে সবচেয়ে কম আবেদন পড়েছে। বরিশাল বোর্ডের অধীনে ৮ হাজার ১১১ জন শিক্ষার্থী মোট ১৭ হাজার ৪৮৯টি খাতা চ্যালেঞ্জ আবেদন জমা দিয়েছেন।
শিক্ষাবোর্ডের পক্ষ থেকে শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে যে, ফলাফল জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত ভিজিট করবেন এবং মোবাইল এসএমএস থেকেও তথ্য গ্রহণ করবেন।
এ ছাড়া অন্যান্য বোর্ডের তথ্য নিম্নরূপ—
কুমিল্লা বোর্ড: ২২,১৫০ জন শিক্ষার্থী, মোট ৪২,০৪৪ খাতা
রাজশাহী বোর্ড: ২০,৯২৪ জন শিক্ষার্থী, মোট ৩৬,২০৫ খাতা
যশোর বোর্ড: ২০,৩৯৫ জন শিক্ষার্থী, মোট ৩৬,২০৫ খাতা
চট্টগ্রাম বোর্ড: ২২,৫৯৫ জন শিক্ষার্থী, মোট ৪৬,১৪৮ খাতা
সিলেট বোর্ড: ১৩,০৪৪ জন শিক্ষার্থী, মোট ২৩,৮২০ খাতা
দিনাজপুর বোর্ড: ১৭,৩১৮ জন শিক্ষার্থী, মোট ২৯,২৯৭ খাতা
ময়মনসিংহ বোর্ড: ১৫,৫৯৮ জন শিক্ষার্থী, মোট ৩০,৭৩৬ খাতা।
অন্যদিকে বিএম-ভোকেশনাল শাখায় ১২,০০৭ জন শিক্ষার্থী ১৫,৩৭৮টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। আর আলিম পরীক্ষায় আবেদন করেছেন ৭,৯১৬ জন শিক্ষার্থী, মোট ১৪,৭৩৩টি খাতা চ্যালেঞ্জ করা হয়েছে।
আরটিভি/এসকে




