এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বাড়িয়ে ৬০ শতাংশ করার প্রস্তাব অনুমোদন দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (৫ মার্চ) অথবা আগামী রোববার ভাতা বৃদ্ধির বিষয়ে ডিও লেটার অর্থমন্ত্রীর কাছে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বৃহস্পতিবার (৫ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন। এ খাতে সরকারের ব্যয় হচ্ছে ১ হাজার ৪২৮ কোটি ৯৪ লাখ টাকা। প্রস্তাবিত ১০ শতাংশ বৃদ্ধি কার্যকর হলে উৎসব ভাতা ৬০ শতাংশে উন্নীত হবে এবং সরকারের ব্যয় দাঁড়াবে ১ হাজার ৭১৪ কোটি ৫৩ লাখ টাকায়।
সূত্র আরও জানায়, স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বাড়াতে অতিরিক্ত ১৯০ কোটি টাকা প্রয়োজন হবে। আর মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে প্রয়োজন হবে ৯৫ কোটি ৭৮ লাখ টাকা।
আরটিভি/এসকে





