
চাঁদপুরের কচুয়ায় শিশুদের প্রকৃতিনির্ভর ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তুলতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ ‘প্রকৃতির পাঠশালা’র শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পাঠশালার উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলা, সংস্কৃতিচর্চা, নাচ-গানসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। তাই শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা করতে হবে এবং এ বিষয়ে আগ্রহী হয়ে উঠতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য নতুন নতুন বই ও শিক্ষার সুযোগ তৈরি করা হচ্ছে। ২০২৮ সাল থেকে পর্যায়ক্রমে নতুন নতুন বিষয় ও কার্যক্রম যুক্ত করার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডেও দক্ষ করে গড়ে তুলতে হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নতুন প্রজন্মের শিক্ষা, স্বাস্থ্য ও বিকাশের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের জন্য বিদ্যালয়গুলোতে স্যানিটেশন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি ছোট ছোট খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। যেসব বিদ্যালয়ে খেলার মাঠ নেই, সেসব বিদ্যালয়েও মাঠের ব্যবস্থা করা হবে। খেলাধুলার সুযোগ থেকে কোনো শিক্ষার্থীকে বঞ্চিত রাখা যাবে না।
বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে তিনি বলেন, যেসব বিদ্যালয়ের ঘরবাড়ি ভাঙাচোরা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে সংস্কার করে দেওয়া হবে। শিশুদের জন্য সুন্দর, নিরাপদ ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনা আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
প্রকৃতির পাঠশালাটি খোলামেলা পরিবেশে ছনের ঘর, বাঁশের বেড়া এবং সবুজ প্রকৃতির সমন্বয়ে গড়ে তোলা হয়েছে। এখানে প্রচলিত পাঠ্যবইয়ের পাশাপাশি গাছপালা, পাখি, পরিবেশ, নৈতিকতা, মূল্যবোধ ও বাস্তব জীবনের নানা বিষয় সম্পর্কে হাতে-কলমে শেখার সুযোগ পাবে শিশুরা।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আরটিভি/ এসকেডি


