
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসন ও পরবর্তী করণীয় নির্ধারণে জরুরি সাধারণ সভা আহ্বান করেছে চুয়েট শিক্ষক সমিতি। আগামী ২৫ নভেম্বর (বুধবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হবে।
গত ২৩ নভেম্বর (সোমবার) চুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রতিনিধি দলের সঙ্গে চুয়েট শিক্ষক সমিতির প্রতিনিধি দলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, চুয়েটে চলমান অচলাবস্থার কারণে বিভিন্ন ধরনের জটিলতা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায়, শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার আলোচনাসমূহ শিক্ষক সমিতির সদস্যদের অবহিতকরণ এবং বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে চলমান অচলাবস্থা নিরসনে পরবর্তী করণীয় নির্ধারণ-কে এই জরুরি সভার আলোচ্যসূচি হিসেবে রাখা হয়েছে।
চুয়েট শিক্ষক সমিতির পক্ষ থেকে এই জরুরি সাধারণ সভায় সমিতির সকল সদস্যকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আরটিভি/এসআর




