ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসির ফলের অপেক্ষায় ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১০:১৪ এএম
এইচএসসি পরীক্ষার ফল দেখছেন পরীক্ষার্থীরা। পুরোনো ছবি

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়া দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান হবে।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সব বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা একযোগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।

এ ছাড়া যেকোনো মোবাইল অপারেটর থেকে ১৬১৪০ নম্বরে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠিয়ে মুহূর্তেই ফল সংগ্রহ করা যাবে।

সারাদেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করে পরে গ্রহণ করা হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, এ বছর ১১টি বোর্ডে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী সংখ্যা ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। এবার ছাত্রদের চেয়ে ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

সারাদেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯ বোর্ডে মোট পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন অংশ নেন।

এদিকে, আন্তঃশিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে। শিক্ষার্থীরা অনলাইন পদ্ধতিতে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত দিকনির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সোমবার এইচএসসির পুনর্নিরীক্ষার ফল, অপেক্ষায় ২ লাখ ৯১ হাজার শিক্ষার্থী
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর)। বেলা ৩টায় একযোগে ১১টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা তিন পদ্ধতিতে ফল জানতে পারবেন।
সোমবার এইচএসসির পুনর্নিরীক্ষার ফল, অপেক্ষায় ২ লাখ ৯১ হাজার শিক্ষার্থী
প্রাথমিক ও মাধ্যমিকের ভর্তি নির্দেশিকা প্রকাশ
সারাদেশের মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের বেসরকারি স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
প্রাথমিক ও মাধ্যমিকের ভর্তি নির্দেশিকা প্রকাশ
শিক্ষাপ্রতিষ্ঠানকে বেকার তৈরির কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী
অপ্রয়োজনীয় বিভাগ খুলে শিক্ষিত বেকার তৈরির সুযোগ দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (২২ নভেম্বর) ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। আ ন ম এহছানুল হক মিলন বলেন, বিশ্ববিদ্যালয়কে বেকারত্ব তৈরির কারখানায় পরিণত করা যাবে না। আর এমন কোনো ডিপার্টমেন্ট খুলবেন না, এখন যেগুলো আগে অ্যানাউন্স করে খোলা হয়েছে, শিক্ষক রাজনীতির জন্য খোলা হয়েছে, স্টুডেন্ট পলিটিকসের জন্য খোলা হয়েছে। এমন কোনো ডিপার্টমেন্ট খুলবেন না, যে ডিপার্টমেন্টের প্রয়োজন নেই। শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলার আগে সংশ্লিষ্ট বিষয়ের প্রয়োজনীয়তা, বর্তমান শ্রমবাজারের চাহিদা এবং কর্মসংস্থানের সুযোগ বিবেচনা করতে হবে। কেবল বিভাগ খোলার জন্য বিভাগ খোলা হলে তা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য সুফল বয়ে আনবে না। এ ক্ষেত্রে যেসব বিভাগের বাস্তব প্রয়োজন নেই, সেগুলো খোলার অনুমতি না দিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিও আহ্বান জানান তিনি। শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষকদের কাজ বলা এবং শিক্ষার্থীদের কাজ শোনা। তবে এই বলা ও শোনার প্রক্রিয়ার মধ্য দিয়েই উন্নয়নের পথ তৈরি করতে হবে। পরীক্ষায় নকল প্রতিরোধের পাশাপাশি উন্নত দেশগুলোর অগ্রগতির পদ্ধতি অনুসরণ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেকারত্ব কমানোর বিষয়ে নিজের উদ্যোগের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তিনি বিশ্ববিদ্যালয়টির উপাচার্যকে ২০৩০ সালের মধ্যে শিক্ষার্থীদের বেকারত্ব কতটা কমানো সম্ভব, তা জানতে চেয়েছিলেন। এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় বাজেট দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় নয় মাসেও বেকারত্বের তালিকা দিতে পারেনি বলে অভিযোগ করেন এহছানুল হক মিলন। তিনি বলেন, বেকারত্ব কমানোর জন্য বাজেট দেওয়ার কথা থাকলেও কার্যত বেকারত্ব তৈরির কারখানা চালানোর বাজেট দিতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, পুনঃপরীক্ষার পর বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি পরীক্ষা নেওয়ার কথা বলেছিলেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই সিদ্ধান্ত মানতে রাজি নয় বলে তিনি জানতে পেরেছেন। এ কারণে তাকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে বলে জানান তিনি। আরটিভি/টিআর    
শিক্ষাপ্রতিষ্ঠানকে বেকার তৈরির কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী
পাঁচ মাস ধরে বেতন বন্ধ চুয়েটের গবেষণা সহকারীদের, কার্যকর হয়নি নতুন পে-স্কেলও
উপাচার্য পুনর্বহালের দাবিতে আন্দোলনের জেরে উপাচার্য ভবনে তালা, সেই সঙ্গে বন্ধ প্রশাসনিক কার্যক্রম। এর প্রভাব পড়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আর্থিক ব্যবস্থাপনাতেও।
পাঁচ মাস ধরে বেতন বন্ধ চুয়েটের গবেষণা সহকারীদের, কার্যকর হয়নি নতুন পে-স্কেলও
ফ্যাসিবাদী অপশক্তির নাশকতার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
দেশব্যাপী ফ্যাসিবাদী অপশক্তির নৈরাজ্য, নাশকতা ও সহিংসতার প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, একজন উন্নয়নকামী মানুষ হিসেবে তাদের বলতে চাই, বাংলাদেশের উন্নয়ন মুষ্টিমেয় কয়েকজন মানুষের জন্য থেমে থাকবে না। উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করতে তাদের সব অপচেষ্টা প্রতিহত করা হবে। যারা বিভিন্ন ইস্যু সামনে এনে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন, আমার মনে হয় তাদের সুনির্দিষ্ট কোনো এজেন্ডাও নেই। আর যদি তারা মনে করেন, দেশের প্রচলিত আইনে তারা বঞ্চিত হয়েছেন, তাহলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। তারা সেখানে যাচ্ছেন না কেন? সেখান থেকে ন্যায়বিচার নিয়ে আসছেন না কেন? তিনি আরও বলেন, অনেকেই কালো টাকার মাধ্যমে দেশের যুবসমাজকে বিপথগামী করে তাদের দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। আমি তাদের বলতে চাই, কারও প্ররোচনায় নিজের বিবেক বিকিয়ে দেবেন না। দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করুন। আমরা ধনে-ধান্যে-পুষ্পে ভরা বাংলা চাই, ধ্বংসস্তূপ চাই না। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বলেন, গত ১৭ বছরে যারা অপকর্ম করেছেন, তাদের মধ্যে কোনো অনুশোচনা বা আফসোস নেই। তারা নতুন করে আবারও তাদের ফ্যাসিবাদী শাসনপদ্ধতি আমাদের ওপর চাপিয়ে দিতে চান। তিনি আরও বলেন, আপনারা গণতান্ত্রিক অধিকার চর্চা করুন। বর্তমান সময়ে গণতান্ত্রিক চর্চায় কোনো অন্তরায় সৃষ্টি করা হয়নি। সব রাজনৈতিক দল তাদের মতপ্রকাশ করতে পারছে। গত ১৭ বছরে আপনারা যে অপকর্ম করেছেন, তার খেসারত দিন। কিছুদিন চুপ থাকুন। অনুগ্রহ করে এই শান্তিপূর্ণ অবস্থাকে অশান্ত করার চেষ্টা করবেন না। নৈরাজ্য কখনো একটি জাতির জন্য ভবিষ্যৎ বয়ে আনতে পারে না। এ ছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. তানজিল হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. রাজু আহমেদ, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আরটিভি/টিআর
ফ্যাসিবাদী অপশক্তির নাশকতার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
আরও পড়ুন
‘ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে’
৪ শিক্ষকের ৭ এইচএসসি পরীক্ষার্থী, তবু সবাই ফেল
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে
চরফ্যাশনের ১১ কলেজে এইচএসসির ফলাফলে ধস