
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২৩টি পদের মধ্যে একটি পদে বিজয়ী হয়েছেন ছাত্রদল প্যানেলের নার্গিস খাতুন। তিনি ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে জয় পেয়েছেন। ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলে অংশ নিয়ে নার্গিস পেয়েছেন ৭ হাজার ৭৮৫ ভোট। তার নিকটতম ছাত্রশিবির সমর্থিত প্যানেলের হামিদুল্লাহ নাঈম পেয়েছেন ৫ হাজার ২৩৮ ভোট। তিনি জাতীয় মহিলা ফুটবল দলেরও খেলোয়াড়।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় কাজী নজরুল ইসলাম অডিটরিয়ামে নার্গিসকে বিজয়ী ঘোষণা করে রাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম। তিনি ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে একমাত্র বিজয়ী প্রার্থী।
বিজয়ী নার্গিসের পরিচয়:
নার্গিসের গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল খর্দ্দকৌড় গ্রামে। সেই গ্রামের বাসিন্দা আকবর আলীর কন্যা তিনি। তিন বোনের মধ্যে সবার ছোট নার্গিস। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। জাতীয় মহিলা ফুটবল দলেরও খেলোয়াড়।
জয়ের পর নার্গিস খাতুন গণমাধ্যমকে বলেন, রাকসুতে আমি বিজয়ী হয়েছি, আলহামদুলিল্লাহ! এটা আমার জন্য গর্বের ও সম্মানের। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞ।
রাজনৈতিক দলের প্যানেলের প্রার্থী হওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমি কোনো রাজনীতি করি না। শুধু একটি প্যানেল থেকে প্রার্থী হয়েছি। আমি কোনো রাজনৈতিক দলের সদস্যও না। ভোট করার জন্যই প্যানেলে যেতে হয়েছে।
আরটিভি/এএএ




