দুর্যোগ ও সংকটকালীন সময়ে মানসিক স্বাস্থ্য সেবার সহজলভ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষে এ বছরের প্রতিপাদ্যকে সামনে রেখে এই সেমিনারের আয়োজন করা হয়।
বুধবার (২৯ অক্টোবর) বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ এবং বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি (বিসিপিএস)-এর উদ্যোগে নাসিরুল্লাহ ফাউন্ডেশন কনফারেন্স হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, পিএইচডি-এর সভাপতিত্বে এবং ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রভাষক লিজা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় চেয়ারম্যান ড. মো. শাহানূর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, স্বাস্থ্য খাতে ক্লিনিক্যাল সাইকোলজির গুরুত্ব অপরিসীম। তিনি দক্ষ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট গড়ে তুলতে হাসপাতালগুলোতে ক্লিনিক্যাল প্লেসমেন্টের সুযোগ বাড়ানোর বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার কথা জানান।
তিনি ডাক্তারদের আরও মানবিক হতে ক্লিনিক্যাল সাইকোলজির বিষয়গুলো বোঝার ওপরও জোর দেন। সম্প্রতি রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক ট্রাজেডির পরে শিশুদের ট্রমা থেকে মুক্ত করতে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ভূমিকার প্রশংসা করেন তিনি।
বিশেষ অতিথির বক্তৃতায় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক বলেন, বর্তমানে নানা দুর্যোগের কারণে ট্রমা তৈরি হচ্ছে। কিন্তু যথাযথ সচেতনতার অভাবে মানুষ বুঝতে পারে না যে তার মানসিক স্বাস্থ্য সেবা নেওয়া প্রয়োজন। তিনি মানসিক সমস্যায় আক্রান্ত হলে অবশ্যই মানসিক স্বাস্থ্য পেশাজীবীর শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন।
মূল প্রবন্ধে বিভাগীয় চেয়ারম্যান ড. মো. শাহানূর হোসেন ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের দক্ষতা বাড়াতে বিভিন্ন হাসপাতালে ক্লিনিক্যাল প্লেসমেন্টের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সেমিনারে সভাপতির বক্তব্যে ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, পিএইচডি, ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের অপ্রতুলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দুর্যোগকালীন সময়ে সমস্যা এড়াতে আরও বেশি সংখ্যক সাইকোলজিস্ট তৈরির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল প্রকার সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অনারারি অধ্যাপক ও আইইউবিএটি-এর প্রো-ভিসি ড. মুহাম্মাদ মাহমুদুর রহমানসহ বিভাগের শিক্ষক ও অ্যালামনাই শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯২ সাল থেকে বিশ্বব্যাপী প্রতিবছর ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়ে আসছে। বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবার সহজলভ্যতা বাড়াতে এবং ‘স্টিগমা’ (কলঙ্ক)-এর মতো বাধা দূর করার লক্ষ্যে ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বিসিপিএস ১৯৯৭ সাল থেকে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবছরও দিবসটি উদযাপন উপলক্ষে মাসব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরটিভি/এএইচ




