র্যাগিং ও যৌন নিপীড়নের বিচার সম্পন্ন না হওয়ায় ছাত্রসংসদ অভিষেকের সম্মাননা বর্জন করেছেন গকসুর প্রচার ও প্রকাশনা সম্পাদক জান্নাতুল ফেরদৌস জিন্নাহ।
রোববার (৩০ নভেম্বর) সাভারের আশুলিয়ায় গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) অভিষেক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে জান্নাতুল ফেরদৌস জিন্নাহ বলেন, আমরা যে শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়েছি। সেই শিক্ষার্থীদের একজন আজ র্যাগ ও সেক্সুয়্যাল হ্যারাসমেন্টের শিকার হয়ে হাসপাতালে আছেন। যতক্ষণ এই ঘটনার সুষ্ঠু বিচার না হবে এবং ৩২ একর ক্যাম্পাস র্যাগ মুক্ত না হচ্ছে ততক্ষণ এই সম্মাননা গ্রহণ করবো না। গকসুর নেতা হিসেবে আমি সব সময় মজলুমের পক্ষে। আজ গকসুর নেতা হিসেবে প্রতিবাদ স্বরূপ আমার এই অবস্থান।
অন্যদিকে ভুক্তভোগীর সহপাঠীরা প্রশাসনিক ভবনের সামনে মুখে কালো কাপড় বেঁধে, প্ল্যাকার্ড নিয়ে অবস্থান কর্মসূচী পালন করেন তারা।
উল্লেখ্য, গত সোমবার (২৪ নভেম্বর) মধ্যরাতে আশুলিয়ার নলাম এলাকার একটি মেসে ডেকে নিয়ে আইন বিভাগের শিক্ষার্থী শের আলীকে (৩৩ ব্যাচ) র্যাগিং এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে একই বিভাগের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। একই ঘটনায় ৮ জনকে সাময়িক বহিষ্কার করা হয়।
আরটিভি/এএএ




