ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের নিচতলায় অবস্থিত কলাভবন ক্যাফেটেরিয়ায় পচা মাংস দিয়ে শিক্ষার্থীদের খাবার তৈরির অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে ডাকসু নেতৃবৃন্দের এক আকস্মিক অভিযানে এই অনিয়ম হাতেনাতে ধরা পড়ে। টিএসসির পরিচালক কর্তৃক পরিচালিত এই ক্যাফেটেরিয়াটি সাধারণ শিক্ষার্থীদের কাছে 'কলাভবন ক্যাফেটেরিয়া' হিসেবে পরিচিত।
অভিযান পরিচালনা করেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এবং কার্যনির্বাহী সদস্য বেলাল হোসাইন অপু। তাদের নেতৃত্বে একটি দল বিকেলে ক্যাফেটেরিয়ার রান্নাঘরে প্রবেশ করে দেখতে পান যে, রাতের খাবারের জন্য পচা ও নিম্নমানের মাংস রান্নার প্রস্তুতি চলছে। এই ঘটনায় উপস্থিত শিক্ষার্থী ও নেতৃবৃন্দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
ফাতিমা তাসনিম জুমা জানান, শিক্ষার্থীদের জন্য অত্যন্ত অস্বাস্থ্যকর ও দুর্গন্ধযুক্ত মাংস রান্না করা হচ্ছিল। বিষয়টি তাৎক্ষণিকভাবে ক্যাফেটেরিয়া ম্যানেজারকে জানানো হলে তিনি দায়সারা উত্তর দেন। জুমার দাবি অনুযায়ী, ম্যানেজার উল্টো প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, তিনি নিজেই তাদের এই মাংস রান্না করার নির্দেশ দিয়েছেন। ম্যানেজারের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে বিস্ময় প্রকাশ করেন অভিযানকারীরা।
ডাকসু নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন, এ ধরনের অনিয়ম বন্ধে অভিযান চালানো হলে অনেক সময় তাদের 'মব' বা হেনস্তা করার চেষ্টা করা হয়। তারা মনে করেন, শিক্ষার্থীদের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব, কিন্তু সেখানে বাধা দেওয়া হচ্ছে। ক্যাফেটেরিয়ার সার্বিক পরিবেশ এবং খাবারের মান নিয়ে দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ ছিল।
ঘটনার পর ডাকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। ফাতিমা তাসনিম জুমা বলেন, আমরা বিষয়টি প্রক্টরকে অবহিত করেছি। এখন দেখার বিষয় বিশ্ববিদ্যালয় প্রশাসন এই গুরুতর অন্যায়ের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করে।
আরটিভি/ এআর



