
রংপুরের মাছুয়াপাড়ায় ‘গণপতি চক্রবর্তী পরিবার’ হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটন এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম আলী কাজী।
শনিবার (২৯ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে তিনি এ অবস্থান কর্মসূচি পালন করেন। এটি তার টানা দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি। রহস্য উদঘাটন না হওয়া পর্যন্ত টানা অবস্থান কর্মসূচি চলবে বলে ঘোষণা দিয়ে সন্ধ্যায় আজকের মতো প্রত্যাহার করে নেন তিনি।
অবস্থান কর্মসূচিতে ফাহিম কাজী বলেন, গত ২০ আগস্ট রংপুরের মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তী পরিবারের ওপর সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের সঠিক কারণ এখনও উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। সময় যত গড়াচ্ছে, ঘটনার বিষয়ে তত নতুন নতুন তথ্য সামনে আসছে।
তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে প্রশাসন এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে দাবি জানাই— মাছুয়াপাড়ার গণপতি চক্রবর্তী পরিবারের ওপর যে নৃশংস হামলা হয়েছে, তার প্রকৃত কারণ অতি দ্রুত সময়ের মধ্যে উন্মোচন করতে হবে।
তিনি জানান, প্রতিদিনই মিডিয়ায় ভিন্ন তথ্য দিয়ে আপডেট দেওয়া হচ্ছে। রহস্যময় ঘটনার প্রকৃত কারণ দেখতে চায় জনগণ। পাশাপাশি সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ধর্ষণ, হত্যা, কিশোর গ্যাং ও মাদকের বিস্তারের বিরুদ্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
আরটিভি/ এসকেডি



