
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে ফুলের সঙ্গে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের লেখা ‘মনটাকে কাজ দিন’ বই উপহার দেওয়াকে কেন্দ্র করে ক্যাম্পাসে ক্ষোভ ও বিতর্ক দেখা দিয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে বইটি উপহার দেওয়া হয়। এ ঘটনায় ছাত্রদল ও বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতারা প্রতিবাদ জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের আয়োজন করে শেকৃবি শাখা ছাত্রশিবির। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলের পাশাপাশি বিভিন্ন উপহারের সঙ্গে গোলাম আযমের লেখা ‘মনটাকে কাজ দিন’ বইটিও দেওয়া হয়।
গোলাম আযম ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক আমির। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাকে ৯০ বছরের কারাদণ্ড দেন। ২০১৪ সালের অক্টোবরে তিনি মারা যান।
নবীনবরণ অনুষ্ঠানে তার লেখা বই বিতরণের ঘটনায় শিক্ষার্থীদের একাংশ এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, নবীন শিক্ষার্থীদের বরণ করার মতো অনুষ্ঠানে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তির লেখা বই বিতরণের মাধ্যমে তার সংশ্লিষ্ট মতাদর্শকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়েছে।
শেকৃবি শাখা ছাত্রদলের সভাপতি আহমেদুল কবীর তাপস বলেন, নবীন শিক্ষার্থীদের আবেগ ও সরলতাকে ব্যবহার করে কোনো বিতর্কিত রাজনৈতিক মতাদর্শকে স্বাভাবিক বা গ্রহণযোগ্য করার চেষ্টা হলে তার প্রতিবাদ করা হবে।
তিনি আরও বলেন, ক্যাম্পাস রাজনৈতিক কর্মকাণ্ড যেন মুক্তিযুদ্ধের ইতিহাস, শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের স্বার্থের প্রতি দায়িত্বশীল থাকে।
ঘটনার নিন্দা জানিয়ে শেকৃবি শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক রাফিউর রহমান রুহান বলেন, গোলাম আযমের মতো একজন ব্যক্তিকে সাংগঠনিকভাবে উদযাপন বা তার মতাদর্শকে প্রতিষ্ঠার চেষ্টা করা হলে তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
তবে বইটি উপহার দেওয়ার বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন শেকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান নাঈম। তিনি বলেন, গোলাম আযম একজন সম্মানীয় ব্যক্তি। তার লেখনী সহজ-সরল। বইটির বিষয়বস্তুর গুরুত্ব বিবেচনা করেই নবীন শিক্ষার্থীদের এটি উপহার দেওয়া হয়েছে।
‘মনটাকে কাজ দিন’ বইটি বর্তমানে বিভিন্ন প্রকাশনা ও বিক্রয় প্ল্যাটফর্মে ইসলামি আত্মোন্নয়নমূলক বই হিসেবে তালিকাভুক্ত রয়েছে।
আরটিভি/এসকে




