
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের টেক্সটাইল ক্লাবের ২০২৫-২৬ সেশনের চতুর্থ কার্যনির্বাহী কমিটির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি মো. শাফি বলেন, বিগত এক বছর আমি ক্লাবের দায়িত্বে ছিলাম। ক্লাবকে আরও এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করেছি। এর পরও দায়িত্ব পালনকালে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি পরবর্তী কমিটিকে ক্লাবের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে নতুন ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণের আহ্বান জানাই।
তিনি আরও বলেন, ক্লাবের আনুষ্ঠানিক নিবন্ধন দ্রুত সম্পন্ন করার জন্য ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি। সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে ক্লাবের বৃহত্তর স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে। নেতৃত্বের পরিবর্তন হলেও ক্লাবের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও দায়িত্ববোধ অটুট থাকবে বলে আশা করি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম। এ সময় তিনি বিদায়ী কমিটির কার্যক্রমের প্রশংসা করেন এবং ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম ও অগ্রযাত্রায় শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. চঞ্চল কুমার কুণ্ডু, বিভাগের প্রভাষক স্বরাজ মল্লিক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
আরটিভি/টিআর




