ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে. সিমনস

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পিএম
সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক গেগরি জে. সিমনস। ছবি: আরটিভি

ইসরায়েলকে সমর্থন করতে গিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী তার দীর্ঘদিনের আধিপত্যই ক্ষয় করছে বলে মন্তব্য করেছেন সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক গেগরি জে. সিমনস।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের উদ্যোগে আয়োজিত ‘পশ্চিম এশিয়া যুদ্ধ, বিশ্ব গণতন্ত্র, নৈতিক জবাবদিহি ও আত্মসমালোচনা’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে গেগরি জে. সিমনস বলেন, পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতকে শুধু ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাত হিসেবে দেখলে এর প্রকৃত ভূরাজনৈতিক প্রেক্ষাপট বোঝা যাবে না। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাব, ইসরায়েলের আঞ্চলিক কৌশল এবং আন্তর্জাতিক ব্যবস্থার পরিবর্তনের বিষয়ও জড়িত।

তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা থাকলেও দুই দেশের স্বার্থ সব ক্ষেত্রে এক নয়। যুক্তরাষ্ট্র মূলত তার দীর্ঘদিনের বৈশ্বিক নেতৃত্ব বা ‘Pax Americana’ ধরে রাখার চেষ্টা করছে। তবে পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত সেই প্রভাবকে আরও দুর্বল করে দিচ্ছে বলে তিনি মনে করেন।

ইরান প্রসঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন। তার ভাষ্য, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক সাফল্যের যে বয়ান দেওয়া হচ্ছে, বাস্তব পরিস্থিতি তার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।

গেগরি জে. সিমনস পশ্চিমা দেশগুলোর পররাষ্ট্রনীতিতে ‘দ্বৈত মানদণ্ডের’ অভিযোগও তোলেন। বিশেষ করে ফিলিস্তিন ও ইসরায়েল প্রসঙ্গে আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও নৈতিক জবাবদিহির ক্ষেত্রে পশ্চিমা রাষ্ট্রগুলোর অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসঙ্গ টেনে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পশ্চিমা প্রতিক্রিয়ার তুলনা করেন। তার দাবি, আন্তর্জাতিক আইনের প্রয়োগে রাষ্ট্রভেদে ভিন্ন মানদণ্ড দেখা যাচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বের সমালোচনা করে তিনি বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের কথা বলা হলেও পশ্চিম এশিয়ার সংঘাতের ক্ষেত্রে এসব নীতির প্রয়োগ নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি আরও বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ইসরায়েল যে পরিস্থিতির মুখোমুখি হয়েছে, সেটিকে বৃহত্তর আঞ্চলিক ভূরাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নের সুযোগ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে তিনি মনে করেন। এ সময় তিনি ‘Greater Israel’ ধারণার কথাও উল্লেখ করেন।

সেমিনারে পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ, আন্তর্জাতিক রাজনীতিতে নৈতিক জবাবদিহি, গণতন্ত্রের বর্তমান সংকট এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূরাজনৈতিক স্বার্থ নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দীন, শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সত্য ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেওয়াই স্বাধীন গণমাধ্যমের দায়িত্ব: ইরানের রাষ্ট্রদূত
সত্য, ন্যায়বিচার ও আন্তর্জাতিক আইনের পক্ষে অবস্থান নেওয়াই স্বাধীন গণমাধ্যমের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের উদ্যোগে আয়োজিত ‘পশ্চিম এশিয়ার যুদ্ধ, বিশ্ব গণতন্ত্র, নৈতিক জবাবদিহি ও আত্মসমালোচনা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন ইরানের রাষ্ট্রদূত। ফারসি ভাষায় দেওয়া তার বক্তব্য পরে ইংরেজিতে অনুবাদ করা হয়। সেমিনারে বক্তাদের ন্যায়বিচারের পক্ষে অবস্থান এবং ইরানের জনগণের প্রতি সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মানুষ ইরানের জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। দুই দেশের জনগণের বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধ শুধু সামরিক, নিরাপত্তা, অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়েই সীমাবদ্ধ নয়; এর সঙ্গে গণমাধ্যমও গুরুত্বপূর্ণভাবে যুক্ত। তার ভাষ্য, পশ্চিমা মূলধারার গণমাধ্যমে অনেক সময় যুদ্ধের ঘটনাগুলো একপেশেভাবে উপস্থাপিত হচ্ছে। স্বাধীন গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ইরান, যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল—কোনো পক্ষের হয়ে অবস্থান নেওয়া সাংবাদিকতার কাজ নয়। সত্য, ন্যায়বিচার ও আন্তর্জাতিক আইনের পক্ষে অবস্থান নেওয়াই স্বাধীন গণমাধ্যমের দায়িত্ব। আন্তর্জাতিক আইনের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন রাখেন, যুদ্ধের আইন অনুযায়ী হাসপাতাল, শিশু, স্কুল, নারী ও ঐতিহাসিক স্থাপনায় হামলা কতটা বৈধ। বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন। জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, আত্মরক্ষার অধিকার আন্তর্জাতিক আইনে স্বীকৃত। ইরান নিজেদের দেশ ও জনগণকে রক্ষায় সেই অধিকার প্রয়োগ করছে। তিনি আরও বলেন, জাতিসংঘ সনদের ৪২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য কোনো রাষ্ট্র হুমকি সৃষ্টি করলে নিরাপত্তা পরিষদ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে, যার মধ্যে বলপ্রয়োগের অনুমোদনও থাকতে পারে। তবে ইরানে হামলার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ এমন কোনো অনুমোদন দেয়নি। বেসামরিক মানুষের ওপর হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ধরে নিন, আমরা সবাই সন্ত্রাসী। ইরানের শিক্ষার্থীরাও সন্ত্রাসী। তারপরও কি যুদ্ধের কোনো আইন থাকবে না? বেসামরিক মানুষের ওপর হামলা করা কি বৈধ? হাসপাতাল কিংবা শিশুদের ওপর হামলা কি বৈধ? যুদ্ধের বাস্তবতা তুলে ধরতে বিশ্বের স্বাধীন গণমাধ্যমগুলোকে ইরান সফরের আহ্বান জানান তিনি। সাংবাদিকদের সরেজমিনে গিয়ে তথ্য সংগ্রহ এবং নিজেদের মতো করে যুদ্ধের পরিস্থিতি তুলে ধরার আহ্বান জানান ইরানি রাষ্ট্রদূত। উল্লেখ্য, সেমিনারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক-শিক্ষার্থী, গবেষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আরটিভি/টিআর
সত্য ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেওয়াই স্বাধীন গণমাধ্যমের দায়িত্ব: ইরানের রাষ্ট্রদূত
খাবারের নির্যাসে ক্যানসার প্রতিরোধের সম্ভাবনা
গবেষকেরা জানিয়েছেন, উদ্ভাবিত সিরাপটি এখনো গবেষণাগার পর্যায়ের একটি প্রোটোটাইপ। এটি ক্যানসারের চিকিৎসায় ব্যবহারের জন্য অনুমোদিত কোনো বাণিজ্যিক ওষুধ নয়। সিরাপের বোতলের লেবেলেও বিষয়টি স্পষ্ট করতে ‘ফর রিসার্চ পারপাস অনলি’ উল্লেখ করা হয়েছে।
খাবারের নির্যাসে ক্যানসার প্রতিরোধের সম্ভাবনা
২৫ টাকায় মেলে প্লেটভর্তি খাবার
এক প্লেট ভাত, অর্ধেক সিদ্ধ ডিম, পটল ভাজি, আলু ভর্তা, আলু ভাজি ও শাক ভাজির সঙ্গে মিলছে ডালও। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ২৫ টাকায় ছয় পদের খাবার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্টেশন বাজারের ‘হোটেল মাদারীপুরে’ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের জন্য এমন খাবারই পরিবেশন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এই খাবার পরিচিত ‘সিস্টেম’ নামে। দামে কম হলেও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের রয়েছে ইতিবাচক অভিজ্ঞতা। ফলে সকাল ও দুপুরের খাবারের সময়ে হোটেলটিতে দেখা যায় শিক্ষার্থীদের ভিড়। ছয়টি পদ দিয়ে খাবার পরিবেশন করা হয় বলেই এর প্রচলিত নাম ‘সিক্স আইটেম’। তবে শিক্ষার্থীদের মুখে মুখে এটি ‘সিস্টেম’ নামেই বেশি পরিচিতি পেয়েছে। জানা গেছে, ‘সিস্টেম’-এর উদ্যোক্তা হোটেল ব্যবসায়ী মানিক মিয়া। ছোটবেলায় জীবিকার সন্ধানে কুমিল্লার লাকসাম থেকে রাজশাহীতে আসেন তিনি। পরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন মেহেরচণ্ডী এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বর্তমানে ষাটের কোঠায় তাঁর বয়স। একসময় রিকশা চালালেও প্রায় ৩৬ বছর ধরে হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। মানিক মিয়া বলেন, প্রায় ২৬ বছর ধরে হোটেল মাদারীপুরে ‘সিস্টেম’ চালু রয়েছে। শুরুতে ২০ বছর আগে এই খাবারের দাম ছিল মাত্র ৬ টাকা। সময়ের সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় ধীরে ধীরে ‘সিস্টেম’-এর দামও বেড়ে বর্তমানে ২৫ টাকায় দাঁড়িয়েছে। তিনি বলেন, ছয় পদের খাবারের মধ্যে রয়েছে এক প্লেট ভাত, অর্ধেক ডিম, পটল ভাজি, আলু ভর্তা, শাক ভাজি ও আলু ভাজি। এর সঙ্গে ডাল সবার জন্য বিনামূল্যে দেওয়া হয়। হোটেলে মাছ-মাংসসহ বিভিন্ন ধরনের খাবার থাকলেও শিক্ষার্থীদের কাছে ‘সিস্টেম’-এর চাহিদাই সবচেয়ে বেশি। হোটেলটির নামকরণের ইতিহাসও বেশ পুরোনো। মানিক মিয়া জানান, আগে দোকানটির মালিক ছিলেন মাদারীপুর জেলার বাসিন্দা। তাঁর বাড়ির জেলার নাম অনুসারেই হোটেলটির নাম রাখা হয় ‘হোটেল মাদারীপুর’। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই এখানে হোটেলটি চালু রয়েছে বলেও জানান তিনি। মানিক মিয়ার ভাষ্য অনুযায়ী, প্রতিদিন হোটেলে ৫০০টির বেশি ‘সিস্টেম’ বিক্রি হয়। সব মিলিয়ে প্রতিদিন প্রায় ২০ হাজার টাকার বেশি খাবার বিক্রি হয়। ‘সিস্টেম’-এর পাশাপাশি হোটেলে মাছ, মাংসসহ বিভিন্ন ধরনের খাবারও পাওয়া যায়। সকালে ও দুপুরে ‘সিস্টেম’ বিক্রি হলেও রাতে খিচুড়িসহ অন্যান্য খাবার পরিবেশন করা হয়। স্টেশন বাজারে হোটেলটির অবস্থান হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াতও সহজ। এর পাশেই রয়েছে মাদার বখ্শ ও শহীদ সোহরাওয়ার্দী হল। কিছুটা দূরে রয়েছে শহীদ শামসুজ্জোহা ও শহীদ জিয়াউর রহমান হল। ফলে এসব আবাসিক হলের শিক্ষার্থীদের অনেকেই নিয়মিত হোটেলটিতে খাবার খেতে আসেন। দীর্ঘদিন ধরে হোটেলটির ‘সিস্টেম’ খাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান। তিনি বলেন, আমি এখানে সাড়ে তিন বছর ধরে খাচ্ছি। এখানকার বিশেষত্ব হচ্ছে কম টাকায় অনেকগুলো আইটেম দিয়ে খাবার খাওয়া যায়। শিক্ষার্থীদের অনেক খরচ থাকে। তাই কম টাকায় যেখানে ভালো খাবার পাওয়া যায়, সেখানেই খাই। তিনি দীর্ঘদিন ধরে এই সেবা দিয়ে আসছেন। প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এখানে খেতে আসেন। খাবারের মানও ভালো। কম দামে খাবার দেওয়ার বিষয়টিকে হোটেল মালিকের মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন শিক্ষার্থী তারিফুল ইসলাম। তিনি বলেন, সিস্টেম মিল যেন অমাবস্যায় এক আলোর মশাল। ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সবকিছুই সাধারণ মানুষের ক্রয়সীমার বাইরে চলে যাচ্ছে। ঠিক এমন সময়ে ২০–২৫ টাকায় তৃপ্তি করে খাওয়া যায়—এটি আমাদের কাছে মানবিক উদ্যোগ। একই সঙ্গে অন্য হোটেল মালিকদের জন্যও এটি অনুকরণীয়। রাবি শিক্ষার্থীদের গল্প-কথায় হোটেলটি যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে। শহীদ শামসুজ্জোহা হলে থাকা শিক্ষার্থী জুবাইর হোসেনও মাঝেমধ্যে হোটেলটিতে খেতে যান। তিনি বলেন, ‘এত কম দামে এমন খাবার রাজশাহীর অন্য কোথাও পাওয়া যাবে না। কম দাম হলেও খাবারটি বেশ তৃপ্তিদায়ক।’ দ্রব্যমূল্যের চাপে যখন স্বল্প আয়ের মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীদের খাবারের খরচও বাড়ছে, তখন ২৫ টাকার এই ‘সিস্টেম’ শুধু একটি সস্তা খাবারের নাম নয়; বরং দীর্ঘদিন ধরে রাবির শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক পরিচিত নাম। ৩৬ বছর ধরে টিকে থাকা হোটেল মাদারীপুর তাই হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের খাবারের সংস্কৃতিরও এক ছোট্ট অংশ। আরটিভি/টিআর
২৫ টাকায় মেলে প্লেটভর্তি খাবার
রাবির জুলাই-৩৬ হলের ৪৬ জন নারী শিক্ষার্থীকে কৃতি সংবর্ধনা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুলাই-৩৬ হলে ৪৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে হলটির অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ করা হয়েছে।
রাবির জুলাই-৩৬ হলের ৪৬ জন নারী শিক্ষার্থীকে কৃতি সংবর্ধনা
আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্বিতীয় ক্যাম্পাসের বাস্তবায়ন: জবি উপাচার্য 
পুরান ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দীর্ঘদিন ধরেই আবাসন ও অবকাঠামো সংকটসহ নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের আবাসন, পুরোনো ভবনের সংস্কার, জনবল সংকট, নতুন একাডেমিক কার্যক্রম চালু, গবেষণা, ডিজিটাল সেবা এবং দ্বিতীয় ক্যাম্পাসের বাস্তবায়ন—সব মিলিয়ে নানা চ্যালেঞ্জ রয়েছে বিশ্ববিদ্যালয়টির সামনে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়া অধ্যাপক ড. মো. রইস উদ্দিন এসব সংকট ও সম্ভাবনাকে সামনে রেখে বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছেন। তার মতে, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হলে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী—সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। নিজের দায়িত্বকে ক্ষমতার চেয়ার নয়, বরং সেবা ও কাজ করার চেয়ার হিসেবে দেখেন তিনি। বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, আবাসন ও অবকাঠামো সংকট, দ্বিতীয় ক্যাম্পাস, শিক্ষার্থীদের আবাসন ভাতা এবং সরকারের কাছে প্রত্যাশাসহ নানা বিষয়ে আরটিভির জবি সংবাদদাতা আবু বকর সম্পদের সঙ্গে একান্তে কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্দিন। আরটিভি: উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়কে কী অবস্থায় পেয়েছেন? আপনার সামনে প্রথম চ্যালেঞ্জ কী ছিল? উপাচার্য: এর আগে আটজন ভাইস চ্যান্সেলর গেছেন। সবাই বিভিন্ন সুবিধা-অসুবিধার মধ্য দিয়ে দায়িত্ব পালন করেছেন। ভাইস চ্যান্সেলর হওয়ার পর আমাদের শিক্ষার্থী এবং এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবার বক্তব্যে আমি দেখেছি, সবার প্রত্যাশিত অনেক বিষয়ই অপূর্ণ রয়েছে। আমিও এই অবস্থাতেই দায়িত্ব নিয়েছি। সেখান থেকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য যে কাজগুলো করা দরকার, আমরা সেগুলো করছি। সমস্যাগুলো চিহ্নিত করছি এবং সেগুলোর সমাধান কী হতে পারে, তা নিয়ে সবাই মিলে চেষ্টা চালাচ্ছি। আমি মনে করি, এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হলে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী—সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। সবাইকে একত্রিত করেই একটি সুন্দর বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করার বিষয়ে আমি নিজে অনুপ্রাণিত হচ্ছি এবং সবাইকে উৎসাহিত করছি। আরটিভি: বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা হিসেবে কোন বিষয়টিকে দেখছেন এবং তা নিয়ে কি কি পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছেন? উপাচার্য: আমাদের প্রথম ও অন্যতম সমস্যা হলো আবাসন সমস্যা। আমাদের শিক্ষার্থীদের আবাসন নেই বললেই চলে। শুধুমাত্র মেয়েদের একটি হল আছে। এমনকি আমাদের ভাইস চ্যান্সেলরের জন্যও কোনো আবাসন নেই, কোনো শিক্ষকের আবাসন নেই, কর্মচারীদেরও থাকার জায়গা নেই। তো এটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি। সে অনুযায়ী, আমাদের যমুনা আন্দোলন হয়েছিল, সেখানে আমরা বিভিন্নভাবে সরকারের সঙ্গে যোগাযোগ করেছি। আমারা নির্বাচিত সরকারের সঙ্গে যোগাযোগ মেইনটেইন করে মোটামুটি শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রণোদনা এবং বাণী ভবন ও হাবিবুর রহমান দুইটি হলের কাজ আনতে পেরেছি। কিছুদিন পূর্বে পুরাতন জেলখানার পাশে আমাদের একটি হল নির্মাণের জন্য বাজেট এসেছে, শীঘ্রই তার কাজ শুরু হবে। এছাড়াও আমাদের বিভিন্ন বিষয়ে ইউজিসি, পরিকল্পনা কমিশন এবং শিক্ষামন্ত্রীর কার্যালয়ের সঙ্গে মিটিং করেছি। আমরা চেষ্টা করছি, দেখা যাক সফলতা কতদূর পাওয়া যায়। চেষ্টা না করলে তো আর সফলতা আসবে না। তাই সবাইকে নিয়ে চেষ্টা করছি। আরটিভি: বর্তমানে আবাসনের তীব্র সংকট নিয়ে আরও কী পরিকল্পনা রয়েছে? উপাচার্য: আমাদের দুইটি হল নির্মাণ ও একটির প্রসেস চলমান থাকলেও আমরা আরও কিছু বিষয় প্রস্তাব করেছি।আশা করি সেগুলোও দ্রুত হবে। তবে না হওয়া পর্যন্ত বলাটা ঠিক হবে না। আমরা চেষ্টা করছি, দেখি কী করা যায়। আরটিভি: বিশ্ববিদ্যালয়ের পুরোনো অবকাঠামো নিয়েও নানা প্রশ্ন রয়েছে। সম্প্রতি গণিত বিভাগের ছাদ ধসের ঘটনাও ঘটেছে। অবকাঠামো সংকট নিরসনে কী কী উদ্যোগ নেওয়া হয়েছে? উপাচার্য: বিশ্ববিদ্যালয়টি অনেক পুরোনো। কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। এখানে বিভিন্ন অবকাঠামো অনেক পুরোনো হয়ে গেছে। আমি দায়িত্ব নেওয়ার তিন-দশ দিনের মধ্যেই গণিত বিভাগের দুর্ঘটনাটি ঘটে। আমি সেখানে গিয়ে উপস্থিত হই এবং তাৎক্ষণিকভাবে বাজেটের বিষয়টি চিন্তা না করেই কাজ শুরু করি। ইতোমধ্যে সেখানে মেরামতের কাজ সম্পন্ন হয়েছে। বুয়েটের বিশেষজ্ঞ এবং আমাদের সংশ্লিষ্টদের মতামত অনুযায়ী পুরোনো ভবনগুলোর আরও যেসব কাজ করা দরকার, সেগুলোর জন্য ইউজিসিতে ইতোমধ্যে চিঠি দিয়েছি। সেখান থেকে কিছু বাজেটও পেয়েছি এবং মেরামতের কাজগুলো হচ্ছে। আমাদের অবকাঠামোগুলোর অবস্থা খুবই নাজুক। আমরা শিক্ষামন্ত্রীর কাছে নতুন একটি ভবন করা যায় কি না, সেই প্রস্তাবও দিয়েছি। অন্যান্য যেসব অবকাঠামো আছে, সেগুলো নিয়েও আমরা কাজ করছি। আশা করা যায়, মেরামতের কাজগুলো সম্পন্ন হলে কিছুটা টেকসই হবে। আবার জায়গা যেহেতু আমাদের খুবই কম এবং পাশাপাশি দ্বিতীয় ক্যাম্পাসে বড় একটু প্রকল্প আমাদের চলমান রয়েছে তাই এই ক্যাম্পাসে নতুন করে প্রকল্প নিয়ে আবাসন অথবা বিল্ডিং করা একটু দুরূহ। আরটিভি: গবেষণা ও আধুনিক ল্যাব তৈরির ক্ষেত্রে কী কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? উপাচার্য: আমাদের সেন্ট্রাল ল্যাব করার জন্য ২০২৩ সাল থেকে যে প্রকল্পটি প্রক্রিয়াধীন ছিল, আমি দায়িত্ব নেওয়ার পর মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনে গিয়ে বিষয়টি উপস্থাপন করেছি। সেটা ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। আশা করি খুব দ্রুতই সেটার টেন্ডার হয়ে যাবে। আমাদের একটি ইনোভেশন হাব হবে, সেটার টেন্ডারও আশা করছি আগামী সপ্তাহেই হবে ইনশাআল্লাহ। গবেষণার ক্ষেত্রেও আমরা কাজ করছি। আমাদের মাস্টার্স থিসিস, এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের আমরা প্রায় এক কোটি টাকার মতো সহায়তা দিতে পেরেছি। গবেষণাকে আরও ত্বরান্বিত করার জন্য ইতোমধ্যে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড, স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড দিয়েছি। আমাদের গবেষকদের, বিশেষত পিএইচডি গবেষকদের নিয়ে ইতোমধ্যে তিনটি ট্রেনিং সেশন সম্পন্ন করেছি। আগামী অর্থবছরে সেখানে ৬০টি পর্যন্ত উন্নীত করা যায় কি না, সেটা নিয়েও আমরা কাজ করছি। আরটিভি: নতুন বিভাগ ও বিষয় চালুর বিষয়ে কী কোনো পরিকল্পনা রয়েছে? উপাচার্য: আগামী শিক্ষাবর্ষে ইনশাআল্লাহ আমরা ইঞ্জিনিয়ারিং অনুষদ চালু করতে পারি। পাশাপাশি ইন্টারন্যাশনাল রিলেশন চালু করার বিষয়েও কাজ করছি। তৃতীয় ভাষার ব্যাপারেও আপনারা ইতোমধ্যে দেখেছেন, আমরা চাইনিজ ল্যাঙ্গুয়েজের সার্কুলার দিয়েছি। এ বিষয়ে একটি মিটিং আছে। সেখানে ফ্রেঞ্চ, জাপানিজ, আরবি—আরও কী কী ভাষা চালু করা যায়, সেটা নিয়ে ইনশাআল্লাহ একটি ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে আসতে পারব। আরটিভি: শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিনির্ভর সেবা চালুর ক্ষেত্রে কী কী উদ্যোগ নেয়া হয়েছে? উপাচার্য: এগুলো আমাদের বেসিক নিডস। এগুলো বাস্তবায়নে আমরা আমাদের টিম করেছি। ৭৫ জন কর্মকর্তাকে বিআইএএম থেকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে নিয়ে এসেছি। ইতোমধ্যে আমরা বিভিন্ন ডিজিটাল সেবা চালু করেছি এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে কাজগুলো করা হচ্ছে। আমাদের শিক্ষার্থীদের সুবিধার জন্য রেজাল্ট শো অ্যাপ চালু করেছি। অনলাইনে সার্টিফিকেট, মার্কশিট এবং গ্রেডশিট—যেটাই আমরা বলি—শিক্ষার্থীরা যেন খুব নির্ভুলভাবে তুলতে পারে, তার জন্য ব্যবস্থা চালু করেছি। আরটিভি: বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে আপনার পরিকল্পনা কী? উপাচার্য: আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের বাস্তবায়ন। সেটা নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করছি। আমি ইতোমধ্যে পাঁচ-ছয়বার সেখানে ভিজিট করেছি। সংশ্লিষ্ট যারা এই কাজ করছেন, তাদের সঙ্গে সহযোগিতা করে কাজ করার চেষ্টা করছি। কাজ যেন কোনো প্রকার বাধাগ্রস্ত না হয়, তার জন্য আমরা সচেষ্ট হচ্ছি। অনেক ক্ষেত্রে আমরা সফল হচ্ছি, আবার অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত সফলতা পাওয়া যাচ্ছে না। তারও কিছু কারণ আছে। আমরা সেগুলোও ওভারকাম করার চেষ্টা করছি। আরটিভি: বিশ্ববিদ্যালয়ের জনবল সংকটের পাশাপাশি অতীতে নিয়োগের বিষয়েও নানা জটিলতা রয়েছে। এ বিষয়ে কী বলবেন? উপাচার্য: আমাদের এখানে ম্যানপাওয়ার সমস্যা আছে। আবার বিগত সময়ে মাস্টার রোলে যে পরিমাণ লোক নিয়োগ দেওয়া হয়েছে, অনেককে পদবি বা পদের বাইরে নিয়োগ দেওয়া হয়েছে। এই বিষয়টি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে চাপের মধ্যে ফেলেছে। এখন আমরা ইউজিসির সঙ্গে যোগাযোগ করে ইতোমধ্যে অল্প কিছু পদ নিয়ে আসতে পেরেছি। পদ নিয়ে আসাও সহজ নয়। পদ নিয়ে আসলে যারা আগে পদবির বাইরে আছে, তাদের পদাধিকার ও যোগ্যতার বিষয় সামনে চলে আসে। তাহলে আমার স্কিলড ম্যানপাওয়ার পাওয়ার বিষয়টিও সামনে আসে। সেটা নিয়েও আমরা কাজ করছি—কীভাবে সমন্বয় করে দেওয়া যায়। আমাদের প্রমোশনের বেলায় ইউজিসির অভ্যন্তরীণ নীতিমালা আছে। সেখানে তিনটি বিষয়ে প্রমোশন পাওয়ার সুযোগ নেই। কিন্তু আমি এসে দেখলাম, আমাদের কোনো কোনো কর্মচারী ইতোমধ্যে ছয়টা প্রমোশন পেয়েছে এবং সপ্তম প্রমোশনের জন্য আবেদন করছে। তো এগুলো আসলে একটি জটিলতা। এটা কীভাবে সমন্বয় করে কাজ করা যায়, সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে। এছাড়াও সবচেয়ে বড় বিষয় হলো, আমাদের অর্গানোগ্রাম ২০২০ সালে শেষ হয়ে গিয়েছিল। এটা নিয়ে দীর্ঘদিন কেউ কাজ করেনি। আমরা ইতোমধ্যে অর্গানোগ্রাম তৈরি করে সিন্ডিকেটে অনুমোদন নিয়েছি। ইউজিসিতে মিটিং করে সেটাও মোটামুটি ফাইনাল হয়েছে। আরটিভি: শিক্ষার্থীদের আবাসন ভাতার দ্বিতীয় কিস্তি পাওয়ার সম্ভাবনা কতটা? উপাচার্য: বাংলাদেশে ৫৭ টি বিশ্ববিদ্যালয় আছে। কোনো বিশ্ববিদ্যালয়েই ১০০ শতাংশ শিক্ষার্থীকে আবাসন দেওয়া হয় না। আবাসন বিশ্ববিদ্যালয় বলতে একমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তবে তাও ১০০ শতাংশ না। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়। কিন্তু সেটারও তো শতভাগ শিক্ষার্থী আবাসিক না। এটা কোনোদিন হয়তো এভাবে পূরণ করাও সম্ভব না। আমাদের বিশ্ববিদ্যালয়ে ২১ বছরের যেটুকু আবাসন সুবিধা পাওয়ার কথা, আমরা তো সেটুকুও পাইনি। এজন্য জুলাইয়ের পর আমাদের একটি যমুনা আন্দোলন হয়েছিল, তার একটা যৌক্তিকতাও ছিল। ওই সময়কার সরকার (ইন্টেরিম সরকার) আমাদের একটা কমিটমেন্ট দিয়েছিল। কিন্তু রূঢ় বাস্তবতা হলো, সেটা আমরা পাইনি। আমি এসে বর্তমান সরকারের সাথে যোগাযোগ করে প্রথম কিস্তি থেকে কিছু টাকা নিয়ে আসতে পেরেছি। দ্বিতীয় কিস্তির টাকার ব্যাপারেও আমি যোগাযোগ মেইনটেইন করছি। আশা করি যে গণতান্ত্রিক সরকার আছে, তারা আমাদের শিক্ষার্থীদের এই অসুবিধাটুকু দূর করার জন্য রেসপন্স করবে। আমার তরফ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব। তবে কবে টাকা নিয়ে আসা হবে, সেটা বলা একটু ডিফিকাল্ট। চেষ্টা করতে হবে এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি। আরটিভি: বর্তমান ক্যাম্পাস এবং দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী? উপাচার্য: পুরান ঢাকার বর্তমান ক্যাম্পাস আমাদের ঐতিহ্যের একটি অংশ। আমরা আশা করি আমাদের এই ক্যাম্পাস থাকবে, পাশাপাশি আমাদের দ্বিতীয় ক্যাম্পাসও হবে। এটি একটি হেরিটেজের অংশ। দ্বিতীয় ক্যাম্পাসের পাশাপাশি এই ক্যাম্পাসকেও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে আরও সুন্দরভাবে গড়ে রাখা হবে। আর দ্বিতীয় ক্যাম্পাসের বিষয়ে আমাদের চিন্তা এটি বিশ্বমানের একটি ক্যাম্পাস হবে, যেখানে পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকবে, যেখানে আমাদের শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে বিচরণ করতে পারবেন এবং তাদের আবাসন ব্যবস্থা নিশ্চিত হবে। সেই ভাবে আমরা পিপিপি অবকাঠামোতে যে কাজগুলো আছে, সেগুলো বাস্তবায়নে কাজ করছি। আরটিভি: উপাচার্য হিসেবে নিজের ভবিষ্যৎ পরিকল্পনাকে কীভাবে দেখছেন? উপাচার্য: আমার কাছে উপাচার্যের চেয়ার ক্ষমতার কোনো বিষয় নয়। এটা সেবা প্রদানের একটা চেয়ার, কাজ করার চেয়ার। ইনশাআল্লাহ আমি যে কয়দিন সুস্থ থাকি এবং যে কয়দিন আমি এই চেয়ারে আছি, আমি কাজ করার চেষ্টা করব। আমার বিশাল কোনো পরিকল্পনা নেই। আমি আমার শিক্ষার্থীদের জন্য যদি কিছু করতে পারি, সেটাই আমার জন্য সবচেয়ে বড় সাফল্য। আরটিভি: সবশেষে সরকারের কাছে আপনার প্রত্যাশা কী? উপাচার্য: সরকারের কাছে আমাদের প্রত্যাশা তো থাকবেই। কারণ এখানেই তো আমরা অর্থ খুঁজে পাব। সরকারের কাছে আমাদের প্রত্যাশা বা চাওয়া অনেক। আমরা এখানে প্রধানমন্ত্রীর আবেগটাকেও কাজে লাগাতে চাই। তার মা বেগম খালেদা জিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। আমরা চাই দ্বিতীয় ক্যাম্পাসের দৃশ্যমান সমাপ্তি। সেটা নিয়ে আমরা কাজ করছি। আশা করি দ্রুত এটা বাস্তবায়ন হবে। এক্ষেত্রে সরকারসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা কামনা করছি। আরটিভি/এমএ
আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্বিতীয় ক্যাম্পাসের বাস্তবায়ন: জবি উপাচার্য 
আরও পড়ুন
সত্য ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেওয়াই স্বাধীন গণমাধ্যমের দায়িত্ব: ইরানের রাষ্ট্রদূত
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা, বিশ্ববিদ্যালয় বাছাই থেকে ভিসা ইন্টারভিউ—যেভাবে প্রস্তুতি নেবেন
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি
যুক্তরাষ্ট্রের কলেজ ক্রীড়ায় বড় পরিবর্তন, সিনেটে পাস নতুন বিল