
নানা আয়োজনের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৬।
রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান, প্রক্টর ড. মো. হামিদুর রহমান, স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন ও এই টুর্নামেন্টের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নাসিম রেজা, মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার, তাপসী রাবেয়া হলের প্রভোস্ট ড. নাজনীন নাহার, বীর প্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট ড. ফারহানা ইয়াসমিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, খেলাধুলায় ‘জিততেই হবে’ এমন মানসিকতা পরিহার করে আনন্দঘন পরিবেশে অংশগ্রহণ করতে হবে। ‘স্পোর্টসম্যান স্পিরিট’ বজায় রেখে হার-জয়কে সহজভাবে মেনে নিতে হবে। সবাই একে অপরের সহপাঠী ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য এই মনোভাব নিয়ে খেলতে হবে, যাতে খেলার সৌন্দর্য নষ্ট না হয়। এই প্রতিযোগিতা থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফুটবল দল গঠন করা হবে, যা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরব বয়ে আনবে এবং দেশের ক্রীড়াঙ্গনে যবিপ্রবিকে আরও এগিয়ে নেবে।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, খেলাধুলাকে খেলাধুলার মতোই উপভোগ করতে হবে। এক বিভাগের সঙ্গে অন্য বিভাগের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সবাই একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাই খেলাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করা যাবে না। আনন্দ ও সৌহার্দ্যের মধ্য দিয়ে প্রতিযোগিতা সম্পন্ন করতে হবে। আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতাকে আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখান থেকে নির্বাচিত খেলোয়াড়রা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের হয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করবে বলে তিনি আশা করেন।
অনুষ্ঠানের সভাপতি ও শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে যবিপ্রবির নাম সারা দেশে পরিচিত করেছেন। শিক্ষার্থীদের খেলাধুলায় আরও সম্পৃক্ত করতে এবার আন্তঃবিভাগীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তবে আন্তঃবিভাগীয় ও মেয়েদের ফুটবল আয়োজন নিয়মিত করতে না পারা দুর্ভাগ্যজনক। ভবিষ্যতে বিভাগগুলোতে ছেলেদের পাশাপাশি মেয়েদের ফুটবল দলও গঠন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, আগামী ৩ নভেম্বর (মঙ্গলবার) প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
আরটিভি/এমএম




