
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের ২১তম ব্যাচের নবীন বরণ ও ১৬তম ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। প্রধান আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর সচিব ড. মোহাম্মদ জাকারিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহীদ কাদের চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম বাধ্যতামূলক করার পর ইতিহাস বিভাগই প্রথম এ কারিকুলাম প্রণয়ন করেছে। বর্তমানে সব বিভাগে একই সময়ে ক্লাস শুরু হচ্ছে এবং সমন্বিত একাডেমিক ক্যালেন্ডারের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মেধা, দক্ষতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে ক্যারিয়ার গঠনে মনোযোগী হতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি ইংরেজি, তৃতীয় ভাষা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব দেন উপাচার্য।
প্রধান আলোচক ড. মোহাম্মদ জাকারিয়া বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষার প্রশ্নের উত্তর খোঁজার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাদের নতুন প্রশ্ন উত্থাপন এবং সেসবের উত্তর অনুসন্ধানের মানসিকতা গড়ে তুলতে হবে। গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টিতে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এছাড়াও অনুষ্ঠানে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, অধ্যাপক ড. নাছির আহমেদ ও অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বক্তব্য দেন। এ সময় কৃতী শিক্ষার্থীদের প্রথমবারের মতো একাডেমিক ‘রোল অব অনার’ প্রদান করা হয়। পাশাপাশি নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দেওয়া হয়।
আরটিভি/এমএম




