
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আবু সাঈদ গণতান্ত্রিক আন্দোলনের প্রতিকৃতি। তার আত্মদানের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন টার্নিং পয়েন্টে পৌঁছেছিল। আবু সাঈদের পাশাপাশি সারা দেশে প্রায় ১ হাজার ৪০০ তরুণ, শিক্ষার্থী, বুদ্ধিজীবী, শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আত্মদান করেছেন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দীর্ঘ স্বৈরশাসনের পতন হয়েছে। রংপুরের সন্তান আবু সাঈদের জন্য এ অঞ্চলের মানুষ গর্ববোধ করেন।
শুক্রবার (৯ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শহিদ আবু সাঈদ গেটের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আবু সাঈদের স্মৃতি ধরে রাখতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে আবু সাঈদ গেট নির্মাণের উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ। ভবিষ্যতে এই পথ দিয়ে চলাচলকারী মানুষ গেটটি দেখে তার আত্মত্যাগের কথা জানতে পারবেন। জুলাইয়ে আত্মদানকারীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার একটি মানবিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে।
রংপুরের উন্নয়ন ও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। রংপুরের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণেও সরকার কাজ করছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। ২০২৭ সালে এ প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, রংপুর সিটি করপোরেশনের জন্য সরকার বড় ধরনের বরাদ্দ দিয়েছে। রংপুরে শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। কোনো অঞ্চলকে বৈষম্যের মধ্যে রাখতে চায় না সরকার।
জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে। সনদ বাস্তবায়নে সংসদীয় কমিটি গঠন করা হয়েছে এবং সেখানে বিরোধী পক্ষকেও রাখা হয়েছে। যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে চায় সরকার। আর যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে।
মাদকবিরোধী সামাজিক আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, মাদকাসক্তি শুধু রংপুর নয়, গোটা বাংলাদেশের একটি সামাজিক সমস্যা। বিশেষ করে তরুণেরা এতে আক্রান্ত হচ্ছেন। এ সমস্যা মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তোলা হচ্ছে। আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী লালমনিরহাটে এ আন্দোলনের কার্যক্রম দেখতে আসবেন বলে আশা করা হচ্ছে। এ উদ্যোগের মডেল পরবর্তী সময়ে সারা দেশে চালু করার পরিকল্পনা রয়েছে। আইন প্রয়োগের পাশাপাশি সামাজিকভাবে সবাইকে মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
আরটিভি/ এসকেডি


