
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে ৭ নভেম্বর একটি ঐতিহাসিক দিন।
শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আসাদুল হাবিব দুলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি মানেই গণতন্ত্র, বিএনপি মানেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব।
গণতন্ত্র পুনরুদ্ধার এবং বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ও উন্নয়নের ধারা আরও এগিয়ে যাবে।
লালমনিরহাট জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
পরে মন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালির উদ্বোধন করেন। র্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আরটিভি/আইএম




