
শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে মানসিক স্বাস্থ্যচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। একই সঙ্গে শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে আবাসন ও চিকিৎসাসংক্রান্ত সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
রোববার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপাচার্য বলেন, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানের চাহিদা ও পেশাগত গুরুত্ব অনেক বেশি। তবে বাংলাদেশে এ বিষয়ে পেশাগত সুযোগ এবং মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এখনো নানা সীমাবদ্ধতা রয়েছে। শিক্ষার্থীদের মানসিক সুস্থতার জন্য বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে কী ধরনের পরিবর্তন এসেছে, তা মূল্যায়ন করা দরকার। বিশ্ববিদ্যালয়ে আবাসনসংকট ও পর্যাপ্ত চিকিৎসাসেবার অভাব শিক্ষার্থীদের মানসিক চাপ বাড়াতে পারে। এসব সংকট মোকাবিলায় সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা রাখতে হবে।
শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্যসেবা বাড়ানোর বিষয়ে উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামে মানসিক স্বাস্থ্য কাউন্সেলিংয়ের জন্য নতুন পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে নেওয়া এ উদ্যোগ বর্তমানে প্রক্রিয়াধীন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসকের সংখ্যা বাড়ানোর বিষয়টিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান তিনি। প্রতিকূল পরিস্থিতিতে শিক্ষার্থীদের ধৈর্য ধরে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন উপাচার্য।
মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফাতেমা-তু-জোহরা বিনতে জামানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল আলীম এবং মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. আশোক কুমার সাহা। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড. নূর মোহাম্মাদ ও অধ্যাপক ড. মুহাম্মদ আকরাম উজ্জামান।
সেমিনার শেষে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে তিনটি শিরোনামে কর্মশালার আয়োজন করা হয়।
এর আগে সকালে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, অ্যালামনাই এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে স্থাপিত ‘মেন্টাল হেলথ অ্যাসেসমেন্ট’ স্টল পরিদর্শন করেন উপাচার্য। এসব স্টলে শিক্ষার্থীদের মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্ণতা ও আত্মসম্মানবিষয়ক মূল্যায়নের পাশাপাশি বিনা মূল্যে পরামর্শসেবা দেওয়া হয়।
‘জীবনের অভিজ্ঞতা শুনি: সত্যিকারের কথা, সত্যিকারের পরিবর্তন’ প্রতিপাদ্য সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়।
আরটিভি/জেএমএ




