
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘CAD Modeling and Simulation: Skills, Careers and Industry Perspective’ শীর্ষক কারিগরি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে সিএডি মডেলিং ও সিমুলেশনে দক্ষতা অর্জন, পেশাগত সম্ভাবনা এবং শিল্পক্ষেত্রে এসব প্রযুক্তির প্রয়োগ নিয়ে আলোচনা করেন বক্তারা।
রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল ও অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে বিভাগের সেমিনার হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান।
অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে আলোচনা করেন GaleoLab-এর প্রতিষ্ঠাতা এবং সিএফডি ও এফইএ সিমুলেশন ইঞ্জিনিয়ার ইঞ্জি. মো. রাকিবুল ইসলাম। আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. খাইরুল ইসলাম এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির মোল্ড ও ডাই উৎপাদন বিভাগের জুনিয়র এক্সিকিউটিভ প্রকৌশলী আলাউদ্দিন।
এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফটিএনএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আজিজুল হক। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন তানভীর আহমেদ আবির। সেমিনারটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী মশিউর রহমান মারুফ। এতে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. ইকবাল মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. আনিছুর রহমান বলেন, সিএডি মডেলিং ও সিমুলেশন আধুনিক প্রযুক্তিনির্ভর একটি সম্ভাবনাময় ক্ষেত্র। দেশ-বিদেশে এ বিষয়ে দক্ষ জনবলের চাহিদা রয়েছে। প্রযুক্তির ক্রমাগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের এ ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে।
তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের সততা, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলির চর্চা করতে হবে। প্রযুক্তির বিকাশ ও ব্যবহার বাড়লেও যেকোনো উদ্যোগের সাফল্য সততা ও ন্যায়নিষ্ঠার ওপর নির্ভরশীল।
সেমিনারের বক্তারা বলেন, সিএডি মডেলিং ও সিমুলেশনে দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে পারবেন। এ জন্য তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা, প্রযুক্তির যথাযথ প্রয়োগ এবং কর্মক্ষেত্রসংশ্লিষ্ট জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তারা।
সেমিনারে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
আরটিভি/টিআর




