
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) চীনা ভাষা শিক্ষার কার্যক্রম উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। এ সময় তিনি শিক্ষার্থীদের চীনা ভাষা শেখার সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।
শনিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মডার্ন ল্যাঙ্গুয়েজেসের (সিএমএল) উদ্যোগে আয়োজিত ‘চাইনিজ ফর গ্লোবাল কমিউনিকেশন: ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল ইনসাইটস’ শীর্ষক কর্মশালায় বক্তব্য দেন তিনি।
উপাচার্য বলেন, চীনা ভাষাবিষয়ক এই কর্মশালায় অংশ নিতে পেরে আমি আনন্দিত। চীনা ভাষা বিশ্বের প্রাচীনতম ভাষাগুলোর একটি। এখানে চীনা ভাষার প্রশিক্ষকদের বিভিন্ন উপস্থাপনা দেখেছি, যা থেকে ভাষাটি সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায়।
চীনের জনসংখ্যা প্রায় ১৪০ কোটি উল্লেখ করে অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, দেশটির সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক গুরুত্ব বিশ্বে বাড়ছে। এ কারণে বিশ্বের বিভিন্ন দেশে চীনা ভাষার প্রসারে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর মডার্ন ল্যাঙ্গুয়েজেসের মাধ্যমে শিক্ষার্থীরা চীনা ভাষা শেখার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে তৃতীয় ভাষা শেখার গুরুত্ব রয়েছে। একই সঙ্গে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষায় চীনা ভাষা চালুর পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, চীনা ভাষা শেখার সুযোগটি তাদের কাজে লাগানো উচিত।
কর্মশালাটি শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের এসটিসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা ভাষার প্রশিক্ষক লিয়াং সিনইউয়ে, গাও মিং ও শু ইফান। এছাড়া সাবেক চীনা সরকারি বৃত্তিপ্রাপ্ত ও চীনা ভাষার প্রশিক্ষক মো. মাহফুজুল হক হায়দারী আলোচক হিসেবে অংশ নেন।
আরটিভি/জেএমএ


