ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশচারীদের স্বাস্থ্য সুরক্ষায় ‘অ্যাস্ট্রা’, রিজিওনাল জয় শেষে বিশ্বমঞ্চের পথে ‘ক্রোনোস্ট্রাইডার’

ডিআইইউ সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পিএম
নাসার প্রতিযোগিতায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীরা।  ছবি: আরটিভি

নাসার আন্তর্জাতিক হ্যাকাথন ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬’-এর বাংলাদেশ আঞ্চলিক পর্বে দ্বিতীয় রানার-আপ হয়েছে পাঁচ সদস্যের দল ‘ক্রোনোস্ট্রাইডার’। মহাকাশচারীদের স্বাস্থ্য পর্যবেক্ষণ ও জরুরি চিকিৎসাসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে সহায়তার জন্য তৈরি তাদের প্রকল্প ‘অ্যাস্ট্রা—অ্যাস্ট্রোনট সেলফ-ট্রায়াজ অ্যান্ড রেডিনেস অ্যাসিস্ট্যান্ট’ এই স্বীকৃতি পেয়েছে।

দলটিতে রয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আবদুর রহমান ফাহাদ, সাদিয়া সুলতানা পূর্ণিমা ও মো. হৃদয়। পাশাপাশি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইরফান ও মারিয়া নুসরাত। দলটির নেতৃত্ব দেন আবদুর রহমান ফাহাদ।

‘অ্যাস্ট্রা’ মূলত মহাকাশচারীদের জন্য তৈরি একটি স্বাস্থ্য পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত গ্রহণে সহায়ক সফটওয়্যার ব্যবস্থা। এটি মহাকাশচারীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ, স্বাস্থ্যসংক্রান্ত তথ্য বিশ্লেষণ এবং প্রয়োজন অনুযায়ী করণীয় সম্পর্কে নির্দেশনা দিতে পারে। বিশেষ করে মঙ্গলগ্রহে দীর্ঘ অভিযানের মতো পরিস্থিতিতে পৃথিবীর সঙ্গে যোগাযোগে বিলম্ব বা সাময়িকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন থাকলে মহাকাশচারীদের নিজেদের স্বাস্থ্য পরিস্থিতি বুঝতে এবং প্রাথমিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে এই ব্যবস্থা।

মহাকাশ অভিযানে বিকিরণ, মাধ্যাকর্ষণহীনতা, ঘুমের সমস্যা, বিচ্ছিন্নতা ও সীমিত চিকিৎসাসুবিধার কারণে মহাকাশচারীরা নানা ধরনের স্বাস্থ্যঝুঁকিতে থাকেন। পৃথিবী থেকে দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের তাৎক্ষণিক সহায়তা পাওয়াও কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতি বিবেচনায় তৈরি করা হয়েছে ‘অ্যাস্ট্রা’। এটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসূচক পর্যবেক্ষণের পাশাপাশি অস্বাভাবিক পরিবর্তন শনাক্ত করতে পারে। একই সঙ্গে কখন প্রাথমিক ব্যবস্থা নিতে হবে এবং কখন ক্রু মেডিকেল অফিসার বা পৃথিবীর চিকিৎসা দলের সহায়তা প্রয়োজন, সে বিষয়ে নির্দেশনা দেয়।

প্রকল্পটির অন্যতম বিশেষত্ব হলো, এটি শুধু স্বাস্থ্যসংক্রান্ত তথ্য সংগ্রহেই সীমাবদ্ধ নয়। প্রত্যেক মহাকাশচারীর ব্যক্তিগত স্বাস্থ্য-ইতিহাস ও পূর্ববর্তী পরিমাপের সঙ্গে বর্তমান তথ্য তুলনা করে ব্যক্তিভেদে স্বাস্থ্যগত পরিবর্তন শনাক্ত করতে পারে। পাশাপাশি একাধিক মহাকাশচারীর মধ্যে একই ধরনের উপসর্গ দেখা দিলে মহাকাশযানের পরিবেশগত সমস্যার সম্ভাবনাও বিবেচনায় নেয়।

এতে রয়েছে জরুরি চিকিৎসা পদ্ধতি, স্বাস্থ্যগত প্রবণতা বিশ্লেষণ, ব্যক্তিগত ব্যায়াম পরিকল্পনা, বিভিন্ন মহাকাশ-পরিবেশ অনুযায়ী স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং যোগাযোগে বিলম্ব বিবেচনায় চিকিৎসাসংক্রান্ত বার্তা ব্যবস্থাপনার সুবিধা।

প্রযুক্তিগত দিক থেকে প্রকল্পটিতে ব্যবহার করা হয়েছে নেক্সট জেএস, টাইপস্ক্রিপ্ট, থ্রি জেএস, পাইথন, ফাস্টএপিআই, এসকিউএলাইট ও এনভিডিয়া নেমোট্রন। পাশাপাশি নাসার জেপিএল হরাইজনস, ওপেন সায়েন্স ডেটা রিপোজিটরি, ডনকি এবং হিউম্যান রিসার্চ প্রোগ্রামের তথ্য ও গবেষণা ব্যবহার করা হয়েছে।

স্বাস্থ্যগত ঝুঁকি নির্ধারণের ক্ষেত্রে প্রকল্পটির মূল সিদ্ধান্ত গ্রহণ করে পরীক্ষিত নিয়মভিত্তিক ব্যবস্থা। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ব্যাখ্যা ও বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে সহায়তা করে। ফলে স্বাস্থ্য সতর্কতা তৈরি বা বাতিলের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর সরাসরি নির্ভর করতে হয় না।

প্রকল্পটির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, নাসা থেকে সংগৃহীত প্রয়োজনীয় তথ্য আগে থেকেই সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। ফলে মহাকাশযানে ব্যবহারের সময় মূল স্বাস্থ্য পর্যবেক্ষণ ব্যবস্থা সচল রাখতে সরাসরি ইন্টারনেট বা পৃথিবীর সার্ভারের ওপর নির্ভর করতে হবে না। প্রকল্পটির কার্যকারিতা যাচাইয়ে পাইথন পাইটেস্ট ব্যবহার করে ১৫১টি স্বয়ংক্রিয় পরীক্ষাও সম্পন্ন করেছে দলটি।

দলটি জানায়, মূল হ্যাকাথন ১৩ ও ১৪ নভেম্বর দুই দিন ধরে অনুষ্ঠিত হয়। এ সময়ের মধ্যে প্রকল্পটির মূল নমুনা সংস্করণ তৈরি, বিভিন্ন সুবিধা সমন্বয়, পরীক্ষা ও উপস্থাপনার কাজ সম্পন্ন করা হয়। তবে প্রাথমিক গবেষণা ও প্রস্তুতি শুরু হয়েছিল সেপ্টেম্বর মাস থেকেই।

প্রতিযোগিতায় তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নাসার বিভিন্ন গবেষণা ও তথ্যসূত্র ব্যবহার করে কার্যকর, নির্ভরযোগ্য এবং ইন্টারনেট সংযোগ ছাড়াই কাজ করতে সক্ষম স্বাস্থ্য পর্যবেক্ষণ ব্যবস্থা তৈরি করা। পাশাপাশি সীমিত সময়ের মধ্যে ব্যবহারকারী অংশ, সার্ভার অংশ, তথ্য প্রক্রিয়াকরণ ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারীকে একত্র করে কার্যকর নমুনা সংস্করণ তৈরি করাও ছিল বড় চ্যালেঞ্জ।

দলের সদস্যদের মধ্যে আবদুর রহমান ফাহাদ দল ও প্রকৌশল নেতৃত্বের দায়িত্ব পালন করেন। মোহাম্মদ ইরফান তথ্য প্রকৌশল, সাদিয়া সুলতানা পূর্ণিমা ব্যবহারকারী ইন্টারফেস ও অভিজ্ঞতা কৌশল, মারিয়া নুসরাত পণ্য সমন্বয় এবং মো. হৃদয় ভিডিও ও গল্প উপস্থাপনার দায়িত্বে ছিলেন।

দলনেতা আবদুর রহমান ফাহাদ বলেন, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর কুমিল্লা পর্বে দ্বিতীয় রানার-আপ হওয়া আমাদের পুরো দলের জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার। অ্যাস্ট্রা তৈরির ধারণা এসেছে মহাকাশ অভিযানে পৃথিবী থেকে চিকিৎসাসহায়তা পেতে দীর্ঘ সময় লাগার বাস্তবতা থেকে। আমরা এমন একটি ব্যবস্থা তৈরি করতে চেয়েছি, যা মহাকাশচারীদের নিজেদের স্বাস্থ্য পরিস্থিতি বুঝতে এবং পৃথিবীর সঙ্গে যোগাযোগ ছাড়াও প্রাথমিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। ভবিষ্যতে মহাকাশ গবেষক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত নিয়ে প্রকল্পটির নির্ভুলতা বাড়ানো, বাস্তব স্বাস্থ্য পর্যবেক্ষণ যন্ত্রের সঙ্গে সংযুক্ত করা এবং এটিকে আরও কার্যকর পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী, গবেষক, প্রযুক্তিবিদ ও উদ্ভাবকদের অংশগ্রহণে আয়োজিত একটি আন্তর্জাতিক হ্যাকাথন। ২০২৬ সালে বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাসহ মোট নয়টি শহরে পৃথক আঞ্চলিক আয়োজন অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যায়ে এবারের আয়োজনে ৪ হাজার ৬৫৭ জন নিবন্ধিত প্রতিযোগী এবং ৬০০টির বেশি দল অংশ নেয়।

কুমিল্লা আঞ্চলিক পর্বে দ্বিতীয় রানার-আপ হলেও এখনো দলটির বৈশ্বিক মনোনয়নের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি। স্থানীয় পর্যায়ের ফলাফলের পর নির্বাচিত প্রকল্পগুলো আন্তর্জাতিক পর্যায়ের বিচারপ্রক্রিয়ার জন্য বিবেচিত হবে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রধানমন্ত্রীর জন্মদিনে শাবিপ্রবি প্রশাসনের বৃক্ষরোপণ-শিশুদের মধ্যে খাবার বিতরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ ও শিশুদের মধ্যে খাবার বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।
প্রধানমন্ত্রীর জন্মদিনে শাবিপ্রবি প্রশাসনের বৃক্ষরোপণ-শিশুদের মধ্যে খাবার বিতরণ
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যা বললেন শিবির সভাপতি সাদ্দাম
চলমান পরিস্থিতি নিয়ে সমালোচনাপূর্বক ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর এই পুলিশ প্রশাসনের ওপর টোটালি (সম্পূর্ণ) নিয়ন্ত্রণ নেই অথবা ইচ্ছা করেই তিনি নিয়ন্ত্রণ নিচ্ছেন না, অথবা আওয়ামী লীগকে তারা সুযোগ দিচ্ছে।’
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যা বললেন শিবির সভাপতি সাদ্দাম
নিজের কাছে সবসময় ঘুসের বান্ডিল আসে বলে দাবি আমির হামজার
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, যদি মসজিদের ইমাম সাহেব বলে যে ‘আমি ঘুস খাই না’, তো তারে ঘুস দেবে কে?
নিজের কাছে সবসময় ঘুসের বান্ডিল আসে বলে দাবি আমির হামজার
বুটেক্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ ডিসেম্বর
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বুটেক্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ ডিসেম্বর
রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থীকে মারধর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। তবে ওই শিক্ষার্থীকে অকারণে মারধর করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন হল ও সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা। পরে তারা হলের প্রাধ্যক্ষের কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা ও ছাত্রদলের নেতাকর্মীদের প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। এ সময় দফায় দফায় উত্তেজনা ও বাকবিতণ্ডার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হলের নিজ কক্ষ থেকে দেবজয় সরকারকে ডেকে নিয়ে মারধর করা হয়। দেবজয় সরকার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি সোহরাওয়ার্দী হল শাখা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২০২২ সালের কমিটির সদস্য ছিলেন। তবে হলের আসন পাওয়ার জন্যই ছাত্রলীগে যোগ দিয়েছিলেন বলে দাবি করেছেন তিনি। ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, দেবজয় হল শাখা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন। এ-সংক্রান্ত প্রমাণও তারা পেয়েছেন বলে দাবি করেন। দেবজয় সরকার জানান, প্রথম বর্ষে হলে আসন পাওয়ার জন্য তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে যোগ দিয়েছিলেন। তবে তাকে যে পদ দেওয়া হয়েছিল, সে বিষয়ে তিনি অবগত ছিলেন না। তিনি বলেন, আমি প্রথম বর্ষে সিট পাওয়ার জন্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে যোগ দিয়েছিলাম। তবে আমাকে যে পদ দেওয়া হয়েছিল, সেটাও আমি জানতাম না। আমি চার বছর ধরে এই হলে থাকি। জুলাই গণ-অভ্যুত্থানেও নিজে আন্দোলন করেছি। দুই বছর পর আজ তারা আমাকে কক্ষ থেকে ডেকে নিয়ে অকারণে মারধর করেছে। আমি এখন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। মারধরের পর দেবজয়কে হলের অতিথিকক্ষে নিয়ে যাওয়া হয়। ঘটনা জানাজানি হওয়ার পর হল ও অর্থনীতি বিভাগের শতাধিক শিক্ষার্থী সেখানে জড়ো হন। প্রায় এক ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ দপ্তরের প্রশাসক ঘটনাস্থলে উপস্থিত হন। পরে দেবজয় ও ছাত্রদলের কয়েকজন নেতাকে হলের প্রাধ্যক্ষের কক্ষে নিয়ে যাওয়া হয়। এ সময় প্রশাসনের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের অভিযোগ, ভিডিও ধারণের উদ্দেশ্যে দেবজয়কে ছাত্রলীগের তকমা দিয়ে মারধর করা হয়েছে। এ সময় অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের শনাক্ত এবং হলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশের দাবি জানান। তারা দ্রুত ফুটেজ দেখানোর জন্য প্রশাসনের প্রতি বারবার আহ্বান জানান। তবে হল প্রশাসন ও প্রক্টর জানান, রাতে সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য কোনো কারিগরি কর্মী উপস্থিত নেই। পরদিন সকালে ফুটেজ দেখানোর ব্যবস্থা করা হবে। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসন ও ছাত্রদলের নেতাকর্মীদের দফায় দফায় বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রাধ্যক্ষের কক্ষের দরজা ভাঙারও চেষ্টা করেন কয়েকজন শিক্ষার্থী। প্রায় চার ঘণ্টা ধরে আলোচনা ও উত্তেজনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন এবং সকালে সিসিটিভি ফুটেজ দেখানোর আশ্বাস দেওয়া হয়। এতে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরে প্রাধ্যক্ষের কক্ষ সিলগালা করে বিক্ষোভরত শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে ফিরে যান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, আমরা ঘটনা শুনেছি। আগামীকাল সিসিটিভি ফুটেজ দেখা হবে এবং তদন্ত কমিটি গঠন করা হবে। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। আরটিভি/টিআর
রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থীকে মারধর
আরও পড়ুন
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক সেশন অনুষ্ঠিত
মহাকাশে ৫০ বছর ছুটে নতুন রেকর্ড নাসার মহাকাশযানের, বার্তা পৌঁছাতে লাগে এক দিন! 
ডিআইইউ প্রক্টরের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন, অপসারণ চেয়ে স্মারকলিপি
চাঁদে ঘাঁটি গড়তে নতুন নভোচারী খুঁজছে নাসা