ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ পেলেন বুটেক্সের পাঁচ শিক্ষার্থী

বুটেক্স সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পিএম
ছবি: আরটিভি

উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে প্রতিবছর বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে চীন সরকার। এর মধ্যে অন্যতম চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ (সিজিএস), যা চায়না স্কলারশিপ কাউন্সিলের (সিএসসি) মাধ্যমে পরিচালিত হয়। এ বৃত্তির আওতায় চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পান আন্তর্জাতিক শিক্ষার্থীরা। স্কলারশিপের ধরন ও শর্ত অনুযায়ী এতে টিউশন ফি, আবাসন, স্বাস্থ্যবিমা ও মাসিক ভাতার সুবিধা অন্তর্ভুক্ত থাকে।

২০২৬–২৭ শিক্ষাবর্ষে এ স্কলারশিপ অর্জন করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) প্রাক্তন ৫জন কৃতী শিক্ষার্থী। তাদের স্কলারশিপ অর্জনের অভিজ্ঞতা, উচ্চশিক্ষার প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা তুলে ধরেছেন মো. শাহরিয়ার ইসলাম।

মো. জিয়াউর রহমান

বুটেক্সের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী মো. জিয়াউর রহমান চীনের সাংহাইয়ে অবস্থিত ডংহুয়া বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করছেন। তিনি চীন সরকারের ফুল-ফান্ডেড স্কলারশিপের আওতায় এ সুযোগ পেয়েছেন। স্কলারশিপ পাওয়ার সময় একটি কারখানায় কর্মরত ছিলেন জিয়াউর রহমান। উচ্চশিক্ষার সুযোগের পাশাপাশি মাসিক ভাতার সুবিধা থাকায় এটিকে কর্মজীবন থেকে উচ্চশিক্ষায় যাওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখেন তিনি।

নিজের আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জিয়াউর রহমান বলেন, উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্পর্কে খোঁজ নেওয়ার পর ডংহুয়া বিশ্ববিদ্যালয়ে আবেদন করি। ইমেইলের মাধ্যমে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করেছিলাম। আবেদনের ক্ষেত্রে আইইএলটিএসের স্কোর ও একাডেমিক ফলাফল বিবেচনায় নেওয়া হয়েছিল বলে জানান তিনি।

ডংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারের সুযোগ-সুবিধা সম্পর্কে জিয়াউর রহমান বলেন, সেখানে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের গবেষণার জন্য অধ্যাপকদের অধীনে পৃথক ল্যাব আছে। এসব ল্যাবে বিভিন্ন ধরনের স্যাম্পল তৈরির যন্ত্রপাতি থাকায় শিক্ষার্থীরা গবেষণার প্রয়োজন অনুযায়ী নমুনা তৈরি করতে পারে।

জিয়াউর রহমানের মতে, বুটেক্সে স্নাতক পর্যায়ে এ ধরনের স্যাম্পল তৈরির যন্ত্রপাতি ও ব্যবহারিক গবেষণার সুযোগ আরও বাড়ানো প্রয়োজন। এতে শিক্ষার্থীরা হাতে-কলমে কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং গবেষণার দক্ষতা উন্নয়নের সুযোগ পাবে।

মো. রাকিব হাসান গাজী

বুটেক্সের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪২তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. রাকিব হাসান গাজী চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপের আওতায় চীনের উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার অব সায়েন্স প্রোগ্রামে পড়ার সুযোগ পেয়েছেন।

স্কলারশিপ পাওয়ার অনুভূতি জানিয়ে রাকিব বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের দীর্ঘদিনের স্বপ্ন ছিল আমার। আন্তর্জাতিক মানের গবেষণা সুবিধাসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া সেই স্বপ্ন বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

চীনে টেক্সটাইল বিষয়ে উচ্চশিক্ষার জন্য আগ্রহী শিক্ষার্থীদের উদ্দেশে রাকিব কয়েকটি বিষয়ে গুরুত্ব দেন। রাকিবের মতে, ভালো সিজিপিএ বজায় রাখার পাশাপাশি গবেষণাপত্র, সম্মেলনে প্রকাশনা ও প্রকল্পে কাজের অভিজ্ঞতা আবেদনকে শক্তিশালী করতে পারে। এ ছাড়া পছন্দের বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও অধ্যাপকদের গবেষণার ক্ষেত্র সম্পর্কে জেনে তাঁদের সঙ্গে যোগাযোগ করা এবং প্রয়োজনীয় কাগজপত্র সময়মতো প্রস্তুত রাখা জরুরি।

ভাষাগত দক্ষতার বিষয়ে রাকিব বলেন, ইংরেজি মাধ্যমে পরিচালিত কোর্সের ক্ষেত্রে আইইএলটিএস বা টোয়েফলের মতো পরীক্ষার স্কোর সুবিধা দিতে পারে। পাশাপাশি প্রাথমিক চীনা ভাষা শেখা দৈনন্দিন জীবন ও যোগাযোগে সহায়ক হতে পারে।

চীনে যাওয়ার পর প্রথম দিকে ভাষার পার্থক্য, খাবার ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াকে চ্যালেঞ্জ হিসেবে দেখেন রাকিব। অনুবাদের অ্যাপ ব্যবহার, প্রয়োজনীয় চীনা বাক্য অনুশীলন, উপযোগী খাবারের জায়গা খুঁজে নেওয়া এবং আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাক ব্যবহারের মাধ্যমে এসব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে জানান তিনি।

মেহেদী হাসান ইমন

বুটেক্সের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৫তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মেহেদী হাসান ইমন চীনের ডংহুয়া বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স অব ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে পড়ার সুযোগ পেয়েছেন। তিনি চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপের (সিএসসি) আওতায় এ সুযোগ অর্জন করেন।

স্কলারশিপ পাওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা ও শিল্পে কাজের অভিজ্ঞতার পর উচ্চশিক্ষার মাধ্যমে নিজের দক্ষতা বাড়ানো এবং নতুন সুযোগ অনুসন্ধানের ইচ্ছা ছিল। স্কলারশিপ পাওয়ার খবরটি আমাকে আনন্দিত ও কৃতজ্ঞ করেছে। তার মতে, এ সুযোগ একাডেমিক উন্নয়ন, আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন এবং দীর্ঘমেয়াদি ক্যারিয়ার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার পথ তৈরি করেছে।

নিজের আবেদনপ্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, প্রথমে উপযুক্ত বিশ্ববিদ্যালয় ও স্কলারশিপের শর্ত সম্পর্কে খোঁজ নেই। এরপর একাডেমিক কাগজপত্র, সিভি, স্টাডি প্ল্যান ও সুপারিশপত্র প্রস্তুত করে আইইএলটিএসসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করি। পরে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন জমা দেই এবং প্রয়োজনীয় মেডিকেল ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করি।

বুটেক্সের বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে ইমন বলেন, স্কলারশিপের মাধ্যিমে উচ্চশিক্ষায় যাওয়ার জন্য, স্নাতক পর্যায় থেকেই প্রস্তুতি শুরু করা, ভালো একাডেমিক ফলাফল বজায় রাখা এবং গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থাকা জরুরি। পাশাপাশি নিজের সিভি শক্তিশালী করা, সুস্পষ্ট স্টাডি প্ল্যান তৈরি এবং সুপারিশপত্রের জন্য শিক্ষকদের সঙ্গে ভালো যোগাযোগ রাখা প্রয়োজন।

স্কলারশিপের শর্ত ও বিশ্ববিদ্যালয় সম্পর্কে নিজে বিস্তারিত খোঁজ নেওয়া এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে স্বপ্ন থেকে পিছিয়ে না যাওয়ার পরামর্শও দেন তিনি।

হাসান মাজহারুল হক

বুটেক্সের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪২তম ব্যাচের সাবেক শিক্ষার্থী হাসান মাজহারুল হক চীনের উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি প্রোগ্রামে অধ্যয়নরত আছেন। তিনি চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপের টাইপ বি ক্যাটাগরিতে ফুল-ফান্ডেড বৃত্তি পেয়েছেন। এ বৃত্তির আওতায় তাঁর টিউশন ফি, আবাসন, স্বাস্থ্যবিমা ও মাসিক ভাতার সুবিধা রয়েছে।

স্কলারশিপ পাওয়ার অনুভূতি জানিয়ে হাসান বলেন, বিদেশে উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন আমার অনেক দিনের। তবে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে প্রস্তুতি, অপেক্ষা ও নানা অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয়েছে। ফলে স্কলারশিপ পাওয়ার খবরটি আমার কাছে আনন্দ, আবেগ ও কৃতজ্ঞতার মুহূর্ত হয়ে আসে।

বুটেক্সে পড়ার সময় একাডেমিক শিক্ষার পাশাপাশি গবেষণার প্রতি আগ্রহ তৈরি হয়েছিল তার। ফাইবার কম্পোজিট, টেকসই উপকরণ, পুনর্ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা ও টেক্সটাইলের স্থায়িত্ব নিয়ে কাজের অভিজ্ঞতা তার গবেষণার আগ্রহকে আরও স্পষ্ট করেছে। হাসানের মতে, গবেষণার এ অভিজ্ঞতা এবং নিজের আগ্রহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উচ্চশিক্ষার পরিকল্পনা তার আবেদনকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছে। তবে স্কলারশিপ পাওয়ার পেছনে কোনো একটি বিষয়কে একমাত্র কারণ হিসেবে দেখার সুযোগ নেই বলেও মনে করেন তিনি।

বুটেক্সের বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে হাসান পরামর্শ দেন, একাডেমিক ফলাফলের পাশাপাশি গবেষণার দক্ষতা, ইংরেজিতে যোগাযোগের সক্ষমতা এবং আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সচেতনতা তৈরি করা জরুরি। শুধু সার্টিফিকেট বা প্রকাশিত গবেষণাপত্রের সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগ না দিয়ে শেখার মানসিকতা, গবেষণার মৌলিক দক্ষতা এবং নিজের কাজ সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরির ওপর গুরুত্ব দেয়া উচিত।

হাসানের মতে, বিদেশে ফুল-ফান্ডেড স্কলারশিপ পাওয়ার জন্য সবার প্রোফাইল একই রকম হওয়া প্রয়োজন নেই। নিজের যোগ্যতা, আগ্রহ ও লক্ষ্য অনুযায়ী বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করে ধারাবাহিকভাবে কাজ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

মোহাম্মদ মাহফুজুর রহমান শাওন

বুটেক্সের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের ৪৪তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান শাওন চীনের উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর(মাস্টার্স) করছেন। তিনি চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপের টাইপ বি ক্যাটাগরিতে এ সুযোগ পেয়েছেন।

স্কলারশিপ অর্জনকে নিজের ও পরিবারের জন্য আবেগ ও গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন শাওন। পরিবারের প্রথম সদস্য হিসেবে উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে যাওয়ার সুযোগ পাওয়ায় শাওনের কাছে এ অর্জনের বিশেষ তাৎপর্য রয়েছে।

গবেষনা নিয়ে শাওন জানান, বুটেক্স ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা আমার গবেষণার প্রতি আগ্রহ তৈরি করে। গবেষণার সুযোগ এবং উন্নত ল্যাবে হাতে-কলমে কাজ করার আকাঙ্ক্ষা থেকেই চীনে উচ্চশিক্ষার সিদ্ধান্ত নেই। শাওন জানান, উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে অ্যারোজেলের মতো উন্নত উপাদান নিয়ে বিশ্বমানের গবেষণাগারে কাজের সুযোগ পেয়েছি।

বুটেক্সের যেসব শিক্ষার্থীর স্নাতক পর্যায়ে পর্যাপ্ত গবেষণা বা প্রকাশনার সুযোগ হয়নি, কিন্তু ভবিষ্যতে পিএইচডি করার আগ্রহ রয়েছে, তাদের জন্য সিএসসি স্কলারশিপকে সম্ভাবনাময় সুযোগ হিসেবে দেখছেন শাওন। তার মতে, এ ধরনের বৃত্তি আন্তর্জাতিক গবেষণার অভিজ্ঞতা অর্জন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সুযোগ করে দিতে পারে শিক্ষার্থীদের।

শাওন জানান, তার ক্ষেত্রে চীনে আসার জন্য ভাষা পরীক্ষা বা চীনা ভাষা জানা বাধ্যতামূলক ছিল না। তবে নতুন ভাষা শেখা চ্যালেঞ্জিং মনে হলেও অন্য দেশের সংস্কৃতি, মানুষের মনস্তত্ত্ব ও গবেষণার পরিবেশ ভালোভাবে বুঝতে সে দেশের ভাষা শেখা ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করেন শাওন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাকড়সা দিয়ে মজা করতে গিয়ে বিপাকে চবির তিন শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজয় ২৪ হলে এক জুনিয়র শিক্ষার্থীকে মাকড়সা দিয়ে ভয় দেখানোর ঘটনায় বিপাকে পড়েছেন তিন সিনিয়র শিক্ষার্থী। ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রওনক জাহান উমামাকে ভয় দেখানোর এ ঘটনায় র‍্যাগিংয়ের অভিযোগ উঠলেও সিনিয়রদের দাবি, নিছক মজা করতেই তারা এমনটি করেছেন। ইতোমধ্যে দুই পক্ষের সঙ্গে বসে বিষয়টির সমাধান করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। অভিযুক্ত তিন শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের মোনালিসা মিতা নূর, পদার্থবিজ্ঞান বিভাগের তাহরিমা আক্তার ওমি এবং হিসাববিজ্ঞান বিভাগের সামিয়া। তারা সবাই ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সিনিয়র শিক্ষার্থীদের বর্ণনা অনুযায়ী, হলের কক্ষ পরিষ্কার করার সময় তারা একটি মাকড়সা পান। পরে সারপ্রাইজ দেওয়ার কথা বলে তাকে কক্ষে ডাকা হয়। সেখানে মাকড়সা দেখিয়ে ভয় দেখানো হলে উমামা ভয়ে দৌড়ে নিজের কক্ষে ফিরে যান। পরবর্তী সময়ে অসুস্থ হয়ে পড়লে তার রুমমেটরা তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। তবে রওনক জাহান উমামার অভিযোগ, তার মাকড়সাভীতির কথা জানার পরও সিনিয়ররা তাকে কক্ষে ডেকে দরজা বন্ধ করে মাকড়সা ছেড়ে দেন। এ সময় তিনি ভয়ে চিৎকার ও কান্নাকাটি করলে তারা হাসিঠাট্টা ও টিটকারি করেন। পরে কক্ষ থেকে বেরিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং চারবার বমি করেন। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ার পাশাপাশি হলে নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। অভিযোগের বিষয়ে মোনালিসা মিতা নূর জানান, তাদের উদ্দেশ্য ছিল শুধুই মজা করা। এ ঘটনার সঙ্গে তাহরিমা আক্তার ওমি জড়িত ছিলেন না বলেও দাবি করেন তিনি। অন্যদিকে, তাহরিমা আক্তার ওমি জানান, বিষয়টি এত দূর গড়াবে বলে তারা ধারণা করতে পারেননি। উমামা ভয় পাওয়ার পর তাকে সান্ত্বনা দেওয়ারও চেষ্টা করা হয়েছিল। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন আরটিভি নিউজকে মুঠোফোনে জানান, ঘটনাটি তিন দিন আগের। প্রক্টর কার্যালয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিয়ে বসা হয়েছিল এবং বিষয়টির সমাধান হয়েছে। আরটিভি/টিআর
মাকড়সা দিয়ে মজা করতে গিয়ে বিপাকে চবির তিন শিক্ষার্থী
ঢাবি উপাচার্যের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধিদলের সাক্ষাৎ
বুধবার (২৫ নভেম্বর) ঢাবি উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাবি উপাচার্যের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধিদলের সাক্ষাৎ
ইবির সমাবর্তনের সময়সীমা বাড়ল, নিবন্ধন ফি কমল
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৭ সালের ৫ম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের ফি কমিয়ে সময়সীমা বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের দাবি ও সামগ্রিক বিষয় বিবেচনায় সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা আগামী ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি নিবন্ধন ফি কমিয়ে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত আদেশে এই তথ্য জানানো হয়।  এটি ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ, সমাবর্তন উপ-কমিটি ও অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে। অফিস আদেশ সূত্রে জানা গেছে, সমাবর্তনের নিবন্ধন ফি পূর্বনির্ধারিত ৪ হাজার ৫০০ টাকার পরিবর্তে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি ৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্ধারিত ফি অপরিবর্তিত থাকবে। এ ছাড়া যেসব শিক্ষার্থী পূর্বনির্ধারিত ফি অনুযায়ী ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের জমা দেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে। পাশাপাশি সমাবর্তনে অতিথি হিসেবে মা-বাবা, স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে এবং অন্যান্য অভিভাবক (প্রযোজ্য ক্ষেত্রে) উপস্থিত থাকতে পারবেন। উল্লেখ্য, আগামী ২ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে অংশগ্রহণে আগ্রহী গ্র্যাজুয়েটদের নিবন্ধন কার্যক্রম গত ১০ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের (https://convocation.iu.ac.bd) মাধ্যমে শুরু হয়। আরটিভি/এসআর
ইবির সমাবর্তনের সময়সীমা বাড়ল, নিবন্ধন ফি কমল
ত্রিশালে অলিম্পিক কমপ্লেক্স, নতুন স্বপ্ন দেখছে নজরুল বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহের ত্রিশালে নির্মিত হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ মাল্টি স্পোর্টস অলিম্পিক কমপ্লেক্স। প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে সেনাবাহিনীর ১৭৩ একর জমিতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে নির্মাণাধীন এই ক্রীড়া স্থাপনাকে ঘিরে দেশের ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা।  আর এই কমপ্লেক্স থেকে মাত্র আট কিলোমিটার দূরে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জন্যও এটি হতে পারে ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যাওয়ার এক বড় সুযোগ। দীর্ঘদিন ধরেই পর্যাপ্ত অবকাঠামো, প্রশিক্ষণ সুবিধা ও কার্যকর ক্রীড়া ব্যবস্থাপনার অভাবে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গন প্রত্যাশিত গতি পায়নি। আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় নিয়মিত সাফল্য অর্জন কিংবা জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরির ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এখনো সীমিত।  এমন বাস্তবতায় কাছেই গড়ে উঠতে যাওয়া আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্সটি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। জানা গেছে, প্রস্তাবিত এই কমপ্লেক্সে ফুটবল, হকি, অ্যাথলেটিকস, শুটিং ও সাঁতারসহ মোট ২৭টি ডিসিপ্লিনের জন্য আধুনিক স্টেডিয়াম ও প্রশিক্ষণ সুবিধা থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা স্মারক বা সহযোগিতামূলক চুক্তি করতে পারে, তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব আধুনিক সুযোগ-সুবিধা ব্যবহারের সুযোগ পেতে পারেন। এতে খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন, দক্ষতা উন্নয়ন এবং প্রতিযোগিতামূলক পর্যায়ে নিজেদের প্রস্তুত করার পথ আরও সহজ হবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাও বলছে, পরিকল্পিত ক্রীড়া শিক্ষা ও প্রশিক্ষণব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ চালু করে।  বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন— দ্রুততম মানবী শিরিনা আক্তার, জাতীয় দলের হকি খেলোয়াড় শোভন এবং দৌড়বিদ জহির রায়হানের মতো ক্রীড়াবিদ। খেলোয়াড় তৈরির পাশাপাশি এ বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে ফিটনেস ট্রেইনারসহ ক্রীড়াসংশ্লিষ্ট পেশায় কাজ করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও রয়েছে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ এবং নিজস্ব স্টেডিয়াম। আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতায় সাফল্যের পাশাপাশি জাতীয় পর্যায়ের খেলোয়াড়, রেফারি, আম্পায়ার ও ফিজিও তৈরিতেও ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।  ২০২২ সালে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ চালু করা ইসলামী বিশ্ববিদ্যালয়ও বিভিন্ন আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে। বিভাগটির শিক্ষার্থীদের মধ্যে জাতীয় পর্যায়ের ফুটবলার, ভলিবল কোচ ও বাস্কেটবল কোচ রয়েছেন। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দলের খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখছেন। ২০২২ সালের আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রেও তাদের অবদান ছিল। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিও ক্রীড়া শিক্ষায় গুরুত্ব দিয়ে বিভিন্ন জাতীয় ও আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে।  এসব উদাহরণ থেকে স্পষ্ট, ক্রীড়ার জন্য প্রয়োজনীয় অবকাঠামো, প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা থাকলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়। নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও বিভিন্ন খেলায় প্রতিভা ও আগ্রহ রয়েছে। তবে নিয়মিত অনুশীলনের পর্যাপ্ত সুযোগ, আধুনিক প্রশিক্ষণব্যবস্থা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে অনেক সম্ভাবনাময় খেলোয়াড় নিজেদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে যেতে পারছেন না। বিশেষ করে নারী খেলোয়াড়দের জন্য নিরাপদ ও পর্যাপ্ত প্রশিক্ষণ পরিবেশ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের অধিনায়ক অনিক চন্দ্র কর বলেন, বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের পর্যাপ্ত জনবল, ক্রীড়া সরঞ্জাম এবং প্রশাসনিক সহযোগিতার অভাবে নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে এগোতে হচ্ছে। ফলে অনেক প্রতিভাবান খেলোয়াড় চাইলেও নিজেদের দক্ষতা যথাযথভাবে বিকশিত করতে পারছেন না। ‘ত্রিশালের অলিম্পিক কমপ্লেক্সটি চালু হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহারের সুযোগ নিশ্চিত করার মাধ্যমে এসব সীমাবদ্ধতা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব। আধুনিক প্রশিক্ষণ সুবিধা ও অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অনুশীলনের সুযোগ পেলে খেলোয়াড়দের দক্ষতা বাড়বে এবং বিশ্ববিদ্যালয়ে নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে।’ বিশ্ববিদ্যালয়ের নারী ভবিবল দলের খেলোয়াড় বৃষ্টি বলেন, একজন খেলাপ্রেমী মানুষ হিসেবে মনে করি, পর্যাপ্ত সুযোগ-সুবিধা, আধুনিক সরঞ্জাম ও দক্ষ প্রশিক্ষকের অভাবে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছেন না। বিশেষ করে নারী খেলোয়াড়দের জন্য নিরাপদ প্রশিক্ষণ পরিবেশ জরুরি। ত্রিশালের অলিম্পিক কমপ্লেক্স ব্যবহারের সুযোগ পেলে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিয়ে জাতীয় পর্যায়ে নিজেদের তুলে ধরতে পারবেন শিক্ষার্থীরা।  এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের অতিরিক্ত পরিচালক শাহ মো. নাজমুল হাসান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি প্রবল আগ্রহ ও প্রতিভা রয়েছে। কিন্তু পর্যাপ্ত অবকাঠামো ও প্রশিক্ষণ সুবিধার অভাবে তাদের প্রতিভা বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কাছেই ত্রিশালে আন্তর্জাতিক মানের অলিম্পিক কমপ্লেক্স নির্মিত হওয়া আমাদের জন্য বড় সুযোগ। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে সমঝোতা চুক্তি হলে ছেলে ও মেয়ে উভয় দলের খেলোয়াড়রা সেখানে নিয়মিত অনুশীলনের সুযোগ পাবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ‘শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান’ বিভাগ চালু করা গেলে বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি দক্ষ খেলোয়াড়, কোচ, ফিটনেস ট্রেইনার ও ক্রীড়া ব্যবস্থাপক তৈরির সুযোগ সৃষ্টি হবে। আরটিভি/এসআর
ত্রিশালে অলিম্পিক কমপ্লেক্স, নতুন স্বপ্ন দেখছে নজরুল বিশ্ববিদ্যালয়
প্রধানমন্ত্রীর জন্মদিনে জবির দ্বিতীয় ক্যাম্পাসে ছাত্রদলের বৃক্ষরোপণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসে ৬২টি গাছ রোপণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। পরিবেশ সংরক্ষণ ও ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়। মঙ্গলবার (২৫ নভেম্বর) দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরপাড় ও লেকসংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়।  এতে নিম, কাঁঠাল, কাঠবাদাম, কৃষ্ণচূড়া, আম, জাম ও লেবুসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। এ বিষয়ে মেহেদী হাসান হিমেল বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে প্রচলিত আয়োজনের বাইরে গিয়ে পরিবেশবান্ধব কর্মসূচি গ্রহণ করেছেন তাঁরা। দ্বিতীয় ক্যাম্পাসকে সবুজ ও নান্দনিক করে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। তাঁদের এ কার্যক্রম অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগের প্রতি সংহতি জানিয়ে জন্মদিনে ৬২টি গাছ রোপণ করা হয়েছে। সবুজ বাংলাদেশ গড়ে তোলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জবি শাখা ছাত্রদল দুই দিনব্যাপী কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবেই দ্বিতীয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। আরটিভি/এসআর
প্রধানমন্ত্রীর জন্মদিনে জবির দ্বিতীয় ক্যাম্পাসে ছাত্রদলের বৃক্ষরোপণ
আরও পড়ুন
তীব্র গ্যাসসংকটে বুটেক্সের আবাসিক হল, ভোগান্তিতে শিক্ষার্থীরা
আইইবি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নেতৃত্বে বুটেক্সের অধ্যাপক ড. মমিনুল আলম
রান্নাঘরের বর্জ্য থেকে জ্বালানি, হংকংয়ে বাংলাদেশের হয়ে দ্বিতীয় বুটেক্সের আরিয়ানের দল
বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম