
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৭ সালের ৫ম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের ফি কমিয়ে সময়সীমা বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের দাবি ও সামগ্রিক বিষয় বিবেচনায় সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা আগামী ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি নিবন্ধন ফি কমিয়ে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত আদেশে এই তথ্য জানানো হয়।
এটি ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ, সমাবর্তন উপ-কমিটি ও অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
অফিস আদেশ সূত্রে জানা গেছে, সমাবর্তনের নিবন্ধন ফি পূর্বনির্ধারিত ৪ হাজার ৫০০ টাকার পরিবর্তে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি ৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্ধারিত ফি অপরিবর্তিত থাকবে।
এ ছাড়া যেসব শিক্ষার্থী পূর্বনির্ধারিত ফি অনুযায়ী ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের জমা দেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে। পাশাপাশি সমাবর্তনে অতিথি হিসেবে মা-বাবা, স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে এবং অন্যান্য অভিভাবক (প্রযোজ্য ক্ষেত্রে) উপস্থিত থাকতে পারবেন।
উল্লেখ্য, আগামী ২ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে অংশগ্রহণে আগ্রহী গ্র্যাজুয়েটদের নিবন্ধন কার্যক্রম গত ১০ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের (https://convocation.iu.ac.bd) মাধ্যমে শুরু হয়।
আরটিভি/এসআর



