
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসে ৬২টি গাছ রোপণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। পরিবেশ সংরক্ষণ ও ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরপাড় ও লেকসংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এতে নিম, কাঁঠাল, কাঠবাদাম, কৃষ্ণচূড়া, আম, জাম ও লেবুসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল।
এ বিষয়ে মেহেদী হাসান হিমেল বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে প্রচলিত আয়োজনের বাইরে গিয়ে পরিবেশবান্ধব কর্মসূচি গ্রহণ করেছেন তাঁরা। দ্বিতীয় ক্যাম্পাসকে সবুজ ও নান্দনিক করে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। তাঁদের এ কার্যক্রম অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগের প্রতি সংহতি জানিয়ে জন্মদিনে ৬২টি গাছ রোপণ করা হয়েছে। সবুজ বাংলাদেশ গড়ে তোলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জবি শাখা ছাত্রদল দুই দিনব্যাপী কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবেই দ্বিতীয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
আরটিভি/এসআর


