ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে ‘আদিবাসী উৎসব’

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পিএম
ছবি : আরটিভি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘আদিবাসী উৎসব-২০২৬’। আদিবাসী জনগোষ্ঠীর শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার প্রত্যয়ে বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে এবং আদিবাসী শিক্ষার্থীদের প্রত্যক্ষ সহযোগিতায় উৎসবটির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গারোদের ঐতিহ্যবাহী জুম নাচ, আদিবাসী গান ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়।

থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইসমত আরা ভূইয়া ইলার সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ ইমদাদুল হুদা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. আহমেদ শাকিল হাসমী, সহকারী অধ্যাপক ও অভিনেতা মনোজ কুমার প্রামাণিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উৎসবে আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক-২০২৫ প্রাপ্ত উন্নয়নকর্মী, লেখক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা, কবি ও সাহিত্যিক এবং বিরিশিরির পরিচালক পরাগ রিসিল ও প্রিংসন সাংমা। এ ছাড়া আদিবাসী সাংস্কৃতিক কর্মী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় দর্শনার্থীরাও এতে অংশ নেন।

উদ্বোধনী আয়োজনের পর আদিবাসী শিল্প, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে অতিথি ও শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আড্ডা। এরপর আমন্ত্রিত আদিবাসী অতিথিদের অনুভূতি বিনিময়ের জন্য আয়োজন করা হয় ‘বহমান আমারও পদচিহ্ন’ শীর্ষক বিশেষ পর্ব।

দুপুরে অনুষ্ঠিত হয় আদিবাসীদের ঐতিহ্যবাহী ঘিলা খেলা। এরপর মারমা রূপকথা নিয়ে গল্প বলার আয়োজন করা হয়। বিকেলে আবৃত্তি সংগঠন শব্দকুঞ্জের পরিবেশনায় আবৃত্তি, আদিবাসী গান ও নৃত্য পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা। এ ছাড়া ড্রামা চেম্বারের পরিবেশনায় ‘নামের সুতো’ নাটক, বোতল নৃত্য এবং বিশ্ববিদ্যালয়ের ডান্স ক্লাবের পরিবেশনায় নৃত্য পরিবেশিত হয়।

উৎসবকে কেন্দ্র করে আদিবাসী শিক্ষার্থীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক ও স্থানীয় খাবারের বিভিন্ন স্টল সাজান। উৎসবের মঞ্চ থেকে শুরু করে স্টলগুলোর সাজসজ্জায়ও ছিল আদিবাসী সংস্কৃতির ছোঁয়া। বাঁশ ও ধইঞ্চা দিয়ে সাজানো হয় পুরো আয়োজনস্থল। সন্ধ্যায় ষড়ঙ্গ ব্যান্ড ও নজরুল বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক সোসাইটির সংগীত পরিবেশনা, আদিবাসী নৃত্য ও গানের মধ্য দিয়ে উৎসবের সাংস্কৃতিক আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। দিনব্যাপী এসব আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় জনগণ ও আদিবাসী সংস্কৃতির প্রতি আগ্রহী দর্শনার্থীরাও অংশ নেন।

মূলত থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘ইভেন্ট ও প্রজেক্ট ম্যানেজমেন্ট’ কোর্সের পরীক্ষার অংশ হিসেবে উৎসবটির আয়োজন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক অনুষ্ঠান ব্যবস্থাপনার অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারা সম্পর্কে বৃহত্তর পরিসরে পরিচিতি তৈরির উদ্যোগ নেওয়া হয়।

এ বিষয়ে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার বলেন, বিভাগের শিক্ষার্থীদের পাঠ্যক্রমের অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক পরিবেশনা ও আয়োজনসংশ্লিষ্ট কার্যক্রমের ওপর ভিত্তি করে তাঁদের পরীক্ষার নম্বর নির্ধারণ করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের ৫৪টি আদিবাসী জনগোষ্ঠীর খাদ্যাভ্যাস, গান, নৃত্য, পোশাক ও ঐতিহ্য তুলে ধরার মধ্য দিয়ে সাংস্কৃতিক বৈচিত্র্যকে পরিচিত করার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের উদ্দেশ্য শুধু একটি উৎসব আয়োজন নয়, বরং সংস্কৃতির মধ্য দিয়ে একে অপরকে জানা, বোঝা ও সম্মান করার পরিবেশ তৈরি করা। আমরা চাই, এ আয়োজন আদিবাসী ও বাঙালিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সাংস্কৃতিক মেলবন্ধন তৈরিতে ভূমিকা রাখুক।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইবিতে জাতীয় গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গণিত বিভাগের আয়োজনে বাংলাদেশ গণিত সমিতি এবং এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের তত্ত্বাবধানে খুলনা অঞ্চলের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ‘১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
ইবিতে জাতীয় গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত 
পাবিপ্রবিতে সিনিয়রদের বাদ দিয়ে জুনিয়রদের সিট বরাদ্দের অভিযোগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) স্বাধীনতা হলে সিট বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশের ছয় মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসন বরাদ্দ দিতে পারেনি হল প্রশাসন। বিগত ছয় মাসে হলের সিট নিয়ে একাধিক সংবাদ প্রকাশ করা হলেও যেন আশ্বাসেই শেষ, এখন পর্যন্ত সিট বরাদ্দের বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে দেখা যায়নি হল প্রশাসনকে। 
পাবিপ্রবিতে সিনিয়রদের বাদ দিয়ে জুনিয়রদের সিট বরাদ্দের অভিযোগ
রুয়েটে আন্তঃবিভাগ ফ্রেশার্স ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শুরু হয়েছে ‘আন্তবিভাগ ফ্রেশার্স ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট প্রতিভা অন্বেষণ এবং নবীন শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়ানোর লক্ষ্যে রুয়েট ক্রিকেট ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
রুয়েটে আন্তঃবিভাগ ফ্রেশার্স ক্রিকেট টুর্নামেন্ট শুরু
তল্লাশি নিয়ে বাগ্‌বিতণ্ডা, পুলিশ সদস্যদের বাসে তুলে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা
কুমিল্লা নগরের রেসকোর্স এলাকায় কুমিল্লা পুলিশ লাইনের পাশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থীকে পুলিশ পরিচয়ে তল্লাশির অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইকারী সন্দেহে তিনজনকে আটক করে বিশ্ববিদ্যালয়ের বাসে করে ক্যাম্পাসে নিয়ে যান শিক্ষার্থীরা। পরে প্রক্টর অফিসে উভয় পক্ষের বক্তব্য শুনে সমঝোতার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে কুমিল্লা নগরের রেসকোর্স এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, টিউশন শেষে রেসকোর্স এলাকার একটি গলি দিয়ে ফেরার পথে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সিফাত হোসেন সিয়াম ও তার বন্ধু অর্পের পথরোধ করেন তিন ব্যক্তি। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে শিক্ষার্থীদের তল্লাশি শুরু করেন। এ সময় পরিচয় জানতে চাইলে তারা পরিচয় দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এমনকি পরিচয়পত্র দেখতে চাইলে তারা ওয়াকিটকি ও হ্যান্ডকাফ দেখান। একপর্যায়ে ঘটনাস্থলে অন্য শিক্ষার্থীরা উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তিদের পরিচয় নিয়ে সন্দেহ হলে ছিনতাইকারী সন্দেহে তাদের বিশ্ববিদ্যালয়ের বাসে করে ক্যাম্পাসে নিয়ে যান শিক্ষার্থীরা। বাস থেকে নামানোর পর তাদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। পরে তাদের প্রক্টর অফিসে সোপর্দ করা হয়।  তিনজনের মধ্যে একজন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শ্যামল সাহা। অপর দুজনের একজন কনস্টেবল হানিফ এবং অন্যজন পুলিশের সোর্স জাহিদ। পরে প্রক্টর অফিসে কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস তাদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় নিশ্চিত করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ কর্তৃপক্ষ উভয় পক্ষের বক্তব্য শোনে। একপর্যায়ে তাদের মধ্যে সমঝোতা হয়। সিফাত হোসেন সিয়াম বলেন, আমি আর আমার বন্ধু অর্প হাঁটছিলাম। অর্প একটু সামনে ছিল। হঠাৎ তিনজন লোক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে একজন অর্পের কলার চেপে ধরেন এবং তার পকেটে হাত দেন। পরে তারা আমাদের পরিচয় ও কোথায় থাকি, তা জানতে চান। আমরা নিজেদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে আইডি কার্ড দেখানোর প্রস্তাব দিই। তিনি আরও বলেন, তাদের আইডি কার্ড দেখাতে বললে তারা তা না দেখিয়ে বারবার হ্যান্ডকাফ দেখাচ্ছিলেন। একপর্যায়ে একজন স্থানীয় ব্যক্তি এসে বলেন, পুলিশ হলেও এভাবে আচরণ করা উচিত নয়। পরে আমি তাদের পাশেই থাকা বিশ্ববিদ্যালয়ের বাসে গিয়ে তল্লাশি করার কথা বলি। এরপর বিশ্ববিদ্যালয়ের একটি বাস এলে তাদের ওই বাসে করে ক্যাম্পাসে নিয়ে আসি। তবে এএসআই শ্যামল সাহার ভাষ্য, তারা দুই শিক্ষার্থীকে দেখে তাদের পরিচয় জানতে চেয়েছিলেন। শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয় এবং দুঃখ প্রকাশ করা হয়। পরে শিক্ষার্থীরা তাদের পরিচয় জানতে চাইলে তারা ওয়াকিটকি ও হ্যান্ডকাফ দেখান। পাশাপাশি ডিউটিতে থাকা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পরামর্শ দেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, এখানে উভয় পক্ষেরই কিছু ভুল ছিল। পুলিশ সদস্যরাও তাদের পরিচয় দিতে চাননি। তাদের কাছে আইডি কার্ড ছিল না। অন্যদিকে, শিক্ষার্থীদেরও ভুল ছিল। তারা যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অথবা আমাদের প্রক্টরিয়াল বডিকে বিষয়টি জানাতেন, তাহলে ভালো হতো। তা না করে জোরপূর্বক তাদের ক্যাম্পাসে নিয়ে আসা উচিত হয়নি। উভয় পক্ষের বক্তব্য শুনে আমরা একটি যৌক্তিক সমাধানে পৌঁছেছি। উভয় পক্ষই সেটি মেনে নিয়েছে। ভবিষ্যতে আমাদের প্রত্যাশা, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে। এ সময় কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, উভয় পক্ষেরই ভুল ছিল। ঘটনাস্থলে যা হয়েছে, তখন যদি শিক্ষার্থীরা কোনো পুলিশ কর্মকর্তা বা থানায়, এমনকি ৯৯৯ নম্বরে কল দিতেন, তাহলেও বিষয়টি সেখানেই সমাধান হয়ে যেত। ৫ আগস্টের পর থেকে একটা মব কালচারের রেশ ছিল। সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। পরে উভয় পক্ষের সম্মতিতে লিখিতভাবে সমঝোতা সম্পন্ন হয়। আরটিভি/টিআর
তল্লাশি নিয়ে বাগ্‌বিতণ্ডা, পুলিশ সদস্যদের বাসে তুলে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা
হাদি হত্যার বিচারের দাবিতে ১৮ ডিসেম্বর মহাসমাবেশের ডাক
ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে অংশ নিয়েছেন ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। এ সময় হাদি হত্যার বিচার দাবি করার পাশাপাশি আগামী ১৮ ডিসেম্বর শাহবাগে মহাসমাবেশের ঘোষণা দেন তিনি।
হাদি হত্যার বিচারের দাবিতে ১৮ ডিসেম্বর মহাসমাবেশের ডাক
আরও পড়ুন
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘আদিবাসী উৎসব’ আজ
নজরুল বিশ্ববিদ্যালয় সাজবে না কৃষ্ণচূড়া, জারুল আর সোনালুতে
নিরাপদ ক্যাম্পাসের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
নজরুল বিশ্ববিদ্যালয়ে আরটিভির সংবাদদাতাকে হুমকি, 'মারামারির ভিডিও পোস্ট হইলে তোরে ধরমু'