
‘জাতির ক্রান্তিকালে সবসময় দেশকে উদ্ধার করেছে জিয়া পরিবার’ বলে মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল কর্তৃক ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, একবার ১৯৭১ এ যখন জাতি দিশেহারা, একদল ব্যাগেজ গুছিয়ে রেখে দিয়েছে সারেন্ডার করবে, হাজারো রিকোয়েস্টের পরও স্বাধীনতার ঘোষণা করে না, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, নেগোসিয়েশনের স্বপ্ন দেখে। তখন জীবনের মায়া ত্যাগ করে দেশবাসীর আকাঙ্ক্ষাকে ধারণ করে জিয়াউর রহমান রিভল্ট করেন।
তিনি আরও বলেন, যখন ১৯৭৫ এ দেশে বিশৃঙ্খল অবস্থার তৈরী হলো সেনাবাহিনীর চেইন অব কমান্ড ভেঙে গেলো সবাই রাজা হতে চায় এসময় ত্রানকর্তার ভূমিকায় আসলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তবুও রাষ্ট্রপতির দায়িত্ব নিজে না নিয়ে অন্য একজনকে বানালেন।
তিনি বলেন, স্বৈরাচার শাসন ক্ষমতায় বসে ৯ বছর দেশ শাসন করলো। যখন খাদের কিনারে জাতি চলে গেলো তখন আন্দোলন সংগ্রাম করে উদ্ধারকারীর ভূমিকায় অবতীর্ণ হলেন গণতন্ত্রের মা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া।
অনুষ্ঠানে শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখা ছাত্রদলের সদস্য সচিব মারুফ হাসান (মামুন সরকার)। এছাড়া বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিবসটির গুরুত্ব এবং জাতীয় জীবনে এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়।
আরটিভি/জেএমএ


