
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইইই ক্লাবের আয়োজনে ‘Wireless Technologies for Smart Agriculture’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার টেলকম বিশ্ববিদ্যালয়ের টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক হেনডি ব্রিয়ানতোরো।
সেমিনারে অনলাইনে যুক্ত হয়ে উপাচার্য বলেন, ‘কৃষির আধুনিকায়নে ওয়্যারলেস প্রযুক্তির বিকল্প নেই। সময়ের সঙ্গে সঙ্গে এই সুযোগ বিস্তৃত হচ্ছে। আমি আশা করি, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই অবারিত সুযোগে অবদান রাখবেন। বিদেশি বক্তার সঙ্গে জ্ঞান আদান-প্রদানের সুযোগ তৈরি করায় আয়োজকদের ধন্যবাদ। আমি আশা করি, টেলকম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বাড়বে এবং গবেষণার উদ্দেশ্যে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আদান-প্রদান ঘটবে।’
সেমিনারের মূল পর্বে তারবিহীন প্রযুক্তির মাধ্যমে কীভাবে কৃষিকে আরও আধুনিক করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধান আলোচক হেনডি ব্রিয়ানতোরো। আলোচনা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। সেমিনারে বিভাগের পক্ষ থেকে তাঁর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তানজিল হোসেন। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আলী আসগরের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান। এ সময় বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরটিভি/টিআর



