
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা নিক্ষেপ, ভাঙচুর, লুটপাটসহ নানান নাশকতা চলছে দেশের বিভিন্ন সড়ক-মহাসড়ক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থাপনাসহ গুরুত্বপূর্ণ জায়গায়। তবে এবার পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে ছাত্রীদের আবাসিক হল লক্ষ্য করে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিউলিমালা নামের ছাত্রীদের হল লক্ষ্য করে এ পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে বোমাটি হলের সীমানাপ্রাচীর ও দেয়ালে আঘাত লেগে হলের বাইরেই বিস্ফোরিত হয়। এতে দেয়ালের পাশে আগুনের সৃষ্টি হয়।
রোববার (২৯ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বটতলা সংলগ্ন স্থান থেকে শিউলিমালা হল লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি। বোমাটি সীমানাপ্রাচীর ও দেয়ালে আঘাত লেগে বাইরে বিস্ফোরিত হয়। পরে দ্রুতগতিতে মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে তারা।
ঘটনার প্রত্যক্ষদর্শী এখলাছ বলেন, ‘আমি সেখানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। হঠাৎ কাচ ভাঙার শব্দ শুনে দেখি, মোটরসাইকেলে করে দুজন দ্রুতগতিতে পালিয়ে যাচ্ছে। পরে দেয়ালের এক পাশে আগুন জ্বলতে দেখি। যেখানে কাচ ভেঙেছিল, সেখানে পেট্রোলের গন্ধও পাই।’
ঘটনার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মামুন সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনাটি জানার পরপরই আমি ঘটনাস্থলে যাই। বিষয়টি ত্রিশাল থানাকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করতে আরও টহল বাড়ানো হবে।’
ঘটনার পর বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা এবং কারা এর সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আরটিভি/এসএস




