
সাঁওতাল সম্প্রদায়ের শিশুদের শিক্ষার বাস্তবতা, সংগ্রাম ও স্বপ্ন তুলে ধরতে সামাজিক উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হাল্ট প্রাইজ ২০২৬-২৭। সংগঠনটির সামাজিক উদ্যোগ ‘প্রজেক্ট অগ্রযাত্রা’র দ্বিতীয় পর্ব ‘আবেহাও’-এর মাধ্যমে সাঁওতাল শিশুদের শিক্ষাক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ, দৈনন্দিন প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ নিয়ে তাদের আকাঙ্ক্ষা তুলে ধরা হয়েছে।
উদ্যোগটির অন্যতম উদ্দেশ্য ছিল সাঁওতাল সম্প্রদায়ের মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় ও সম্পৃক্ততার মাধ্যমে তাদের অভিজ্ঞতা এবং শিক্ষার বাস্তব চিত্র অনুধাবন করা।
আয়োজকদের মতে, অর্থবহ পরিবর্তনের সূচনা হয় মানুষের কথা শোনা, তাদের বাস্তবতা বোঝা এবং অধিকারকে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে।
এ বিষয়ে হাল্ট প্রাইজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ডিরেক্টর মৃন্ময় সাহা বলেন, ‘প্রজেক্ট অগ্রযাত্রা’র দ্বিতীয় পর্ব ‘আবেহাও’-এর মাধ্যমে তারা সাঁওতাল সম্প্রদায়ের শিশুদের শিক্ষার বাস্তবতা, সংগ্রাম ও স্বপ্ন তুলে ধরার চেষ্টা করেছেন। শিক্ষা কোনো সুযোগ নয়, বরং প্রতিটি শিশুর মৌলিক অধিকার। কোনো শিশুর সামাজিক পরিচয় বা আর্থিক অবস্থা যেন তার স্বপ্নপূরণের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেটিই তাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, একজন আয়োজক হিসেবে তাদের প্রত্যাশা, এই ছোট উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেবে। প্রতিটি শিশুর জীবনে নতুন সকাল আসুক এবং প্রতিটি স্বপ্ন বাস্তব হওয়ার সুযোগ পাক।
প্রজেক্টটির হেড মো. নাজমুল হুদা বলেন, ‘প্রজেক্ট অগ্রযাত্রা’র দ্বিতীয় পর্ব ‘আবেহাও’ তাদের কাছে শুধু একটি আয়োজন নয়, বরং সমাজের গুরুত্বপূর্ণ একটি বাস্তবতাকে উপলব্ধি করার প্রচেষ্টা। এ উদ্যোগের মাধ্যমে তারা সাঁওতাল সম্প্রদায়ের শিশুদের শিক্ষার চ্যালেঞ্জ ও স্বপ্নগুলো কাছ থেকে জানতে চেয়েছেন।
তিনি বলেন, একটি শিশুর ভবিষ্যৎ তার সামাজিক পরিচয় বা আর্থিক অবস্থার মাধ্যমে সীমাবদ্ধ হওয়া উচিত নয়। তারা হয়তো পরিবর্তনের সূচনা মাত্র করতে পেরেছেন, তবে তাদের প্রত্যাশা, এই ছোট পদক্ষেপ একদিন বড় সম্ভাবনার পথ তৈরি করবে। কারণ, প্রতিটি শিশুর প্রাপ্য একটি সুন্দর ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যতের প্রথম আলো হলো শিক্ষা।
আয়োজকদের ভাষ্য, কোনো শিশুর সামাজিক পরিচয় কিংবা আর্থিক পরিস্থিতি যেন তার স্বপ্নের পথে বাধা হয়ে না দাঁড়ায়। শিক্ষা কোনো বিশেষ সুযোগ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার। ‘আবেহাও’ সেই প্রত্যাশারই প্রতিফলন, যেখানে প্রতিটি শিশু সমানভাবে শিক্ষার সুযোগ পাবে এবং সুযোগের অভাবে কোনো স্বপ্ন থেমে যাবে না।
আরটিভি/এসআর




