
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৬-২৭ এ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (সাস্ট) ২-১ ব্যবধানে হারিয়ে যাত্রা শুরু করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ব্যাডমিন্টন দল। প্রথম ম্যাচে হারের পর পরবর্তী ম্যাচে জয় তুলে নিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সংকল্প করছে দলটি।
শনিবার (২৮ নভেম্বর) রাতে নিজেদের পরবর্তী ম্যাচে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) মুখোমুখি হবে রুয়েট।
সাস্টের বিপক্ষে প্রথম ম্যাচে এককে অংশ নেন রুয়েটের আহনাফ রশিদ রৌদ্র। তবে ম্যাচটিতে পরাজিত হন তিনি। এরপর দ্বিতীয় ম্যাচ অর্থাৎ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দ্বৈত বিভাগে আসিফ রেজা ও আহনাফ রশিদ রৌদ্র জুটি ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে প্রতিযোগিতায় সমতা ফেরান। পরবর্তী ম্যাচেও জয় নিশ্চিত করে গ্রুপ পর্বে জয় ছিনিয়ে আনতে চায় রুয়েট।
রুয়েট দলের খেলোয়াড়েরা হলেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফ রেজা, একই শিক্ষাবর্ষের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মাফি, যন্ত্রকৌশল বিভাগের ইঞ্জিনিয়ারিং ২০২২-২৩ শিক্ষাবর্ষের জুনায়েদ মুবিন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আহনাফ রশিদ রৌদ্র।
দলের সঙ্গে ম্যানেজার হিসেবে রয়েছেন রুয়েটের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী। কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মো. রবিউল ইসলাম।
উল্লেখ্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে শরীরচর্চা শিক্ষা দপ্তরের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে এ প্রতিযোগিতা। আন্তর্জাতিক ব্যাডমিন্টন ফেডারেশন, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন এবং আয়োজক বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট উপকমিটির অনুমোদিত নিয়ম অনুযায়ী খেলা পরিচালিত হচ্ছে।
প্রতিযোগিতাটি লিগ কাম নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। মোট আটটি গ্রুপে বিভক্ত হয়ে প্রথম রাউন্ডে দলগুলো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অংশ নিবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল দ্বিতীয় রাউন্ডে উন্নীত হচ্ছে। দ্বিতীয় রাউন্ড থেকে প্রতিযোগিতা নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
প্রতিটি বিশ্ববিদ্যালয়ের মধ্যকার ম্যাচ একক, দ্বৈত ও একক, এই তিনটি ম্যাচের সমন্বয়ে অনুষ্ঠিত হয়। কোনো দল প্রথম দুটি ম্যাচে জয়লাভ করলে তৃতীয় ম্যাচের প্রয়োজন হয় না। প্রতিটি ম্যাচে সর্বোচ্চ তিনটি গেমের মধ্যে দুই গেমে জয়ী দলকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিটি গেম ২১ পয়েন্টের এবং ডিউস হলে দুই পয়েন্টের ব্যবধানে গেমের নিষ্পত্তি হয়। তবে সর্বোচ্চ ৩০ পয়েন্ট পর্যন্ত খেলা চলে। প্রতিটি বিজয়ী দল পায় দুই পয়েন্ট এবং পরাজিত দল পায় শূন্য পয়েন্ট। সাস্টের বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে পরবর্তী ম্যাচেও ভালো ফল অর্জনের প্রত্যাশা করছে রুয়েট দল।
আরটিভি/ এসকেডি




