ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

নানা আয়োজনে যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন

যবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম
ছবি: আরটিভি

বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা, আলোচনা সভা, অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন ও ফলাফল প্রকাশ, নবীনদের ফুল দিয়ে বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা, সেমিনার, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০ টায় পিটিআর বিভাগের উদ্যোগে দিনব্যাপী এই কর্মসূচি শুরু হয় আনন্দ শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রাটি যবিপ্রবির ডা. এম আর খান মেডিকেল সেন্টার থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন প্রদিক্ষণ করে মেডিকেল সেন্টারে এসে শেষ হয়। এরপর পিটিআর বিভাগের সামনে কেক কাটা হয়। কেক কাটার পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে শুরু হয় নবীনদের ফুল দিয়ে বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

পরে সন্ধ্যায় বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও ৮ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে শুক্রবার (২০ নভেম্বর) ‘ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন প্র্যাকটিসে মাসকুলোস্কেলেটাল আল্ট্রাসনোগ্রাফি এবং রিজেনারেটিভ অ্যাপ্রোচ বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, মানুষের ভাগ্যে মানুষের সেবা করার সুযোগ খুব কম থাকে। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগগুলোর মধ্যে কয়েকটি বিভাগেরই সে সুযোগ আসে, আর আপনারা সৌভাগ্যবান যে তা পেয়েছেন। আমাদের দেশের চিকিৎসকদের বিশেষায়ন বা চিকিৎসায় কোনো ঘাটতি নেই; তবে সহযোগী ও সংশ্লিষ্ট কর্মীদের সেবার মান এবং ব্যবহার আরও উন্নত হওয়া প্রয়োজন। আপনারা যদি সেই সেবার মান ও সুন্দর ব্যবহার নিশ্চিত করেন, তবে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে মানুষের আস্থা আরও বাড়বে। পাশাপাশি বিভাগের প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আপনারা একত্র হয়ে বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করবেন-এটাই প্রত্যাশা।

বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও পিটিআর বিভাগ অন্য সব বিভাগের চেয়ে এগিয়ে আছে। দেশের বড় বড় হাসপাতালে আমাদের গ্র্যাজুয়েটদের প্রতিনিধিত্ব আমাদের জন্য গর্বের বিষয়। ফিজিওথেরাপি পেশায় মানুষের সেবা ও সুস্থতায় যে দোয়া পাওয়া যায়, তার কোনো মূল্য হয় না; এতে ইহকাল ও পরকাল উভয়ই সমৃদ্ধ হয়।

বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম বিভাগ হিসেবে পিটিআর অ্যালামনাইদের পুনর্মিলনী আয়োজন অত্যন্ত আনন্দের। প্রচলিত চিকিৎসা ব্যবস্থার বাইরে এসে এই বিভাগ মানব সেবা ও দক্ষতায় সারা দেশে প্রশংসিত অবস্থান তৈরি করেছে। নতুন ও বর্তমান শিক্ষার্থীদের প্রতি আহবান, আপনারা মানব সেবায় নিজেদের নিয়োজিত করুন এবং গবেষণা ও দক্ষতা বাড়িয়ে দেশ ও বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করুন।

পিটিআর বিভাগের চেয়ারম্যান ড. মো. ফিরোজ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাসিম রেজা, বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পিটিআর বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. জাহিদ হাসান, পিটিআর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ আবু জুবায়ের শাওন, শিক্ষার্থী সুস্মিতা , মো. আলামিন, হাসিবুর রহমানসহ প্রমুখ। অনুষ্ঠানে পিটিআর বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও আগত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন পিটিআর বিভাগের সহকারী অধ্যাপক ডা. কাজী মো. এমরান হোসেন।

উল্লেখ্য, গত আট বছরে পিটিআর বিভাগ কেবল একাডেমিক শিক্ষায় নয়, বরং ক্লিনিক্যাল প্র্যাকটিস, গবেষণা এবং সামাজিক দায়বদ্ধতা পালনেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। পাশাপাশি গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে নিয়মিত ফ্রি ফিজিওথেরাপি চিকিৎসা ক্যাম্প পরিচালনার মাধ্যমে বিভাগটি মানবিক স্বাস্থ্যসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ৮ম বর্ষপূর্তির এই মাহেন্দ্রক্ষণে পিটিআর বিভাগের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনগুলোতে শিক্ষা, গবেষণা ও ক্লিনিক্যাল সেবার মান আরও উন্নত করার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প ও স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। দক্ষ, মানবিক ও দায়িত্বশীল ফিজিওথেরাপিস্ট তৈরির মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতে কার্যকর অবদান রাখাই বিভাগের মূল লক্ষ্য।

এসকেডি/ আরটিভি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী পর্ষদে নারীর ন্যূনতম ৩০ শতাংশ প্রতিনিধিত্বের প্রস্তাব
বিশ্ববিদ্যালয়গুলোর নীতিনির্ধারণী ও প্রশাসনিক পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) বোর্ড অব ট্রাস্টিজের সদস্য লাবিবা আব্দুল্লাহ।
বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী পর্ষদে নারীর ন্যূনতম ৩০ শতাংশ প্রতিনিধিত্বের প্রস্তাব
নবীনদের জ্ঞানচর্চা, স্বাধীনতা ও ভালো মানুষ হওয়ার আহ্বান ডিআইইউ উপাচার্যের
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) বিবিএ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই), আইন ও ফার্মেসি বিভাগের ১৬০ নবীন শিক্ষার্থীকে নিয়ে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের জ্ঞানচর্চা, সহশিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম।
নবীনদের জ্ঞানচর্চা, স্বাধীনতা ও ভালো মানুষ হওয়ার আহ্বান ডিআইইউ উপাচার্যের
খুবি অ্যালামনাইয়ের সভাপতি ইফতেখারুল আলম, সম্পাদক শরিফুল ইসলাম
খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে ২,৩৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. ইফতেখারুল আলম (ইফতি)। সাধারণ সম্পাদক পদে ২,৭৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. শরিফুল ইসলাম।
খুবি অ্যালামনাইয়ের সভাপতি ইফতেখারুল আলম, সম্পাদক শরিফুল ইসলাম
নিখোঁজের ২ দিন পর ধানক্ষেত থেকে অচেতন অবস্থায় উদ্ধার রাবি শিক্ষার্থী
নিখোঁজের প্রায় দুই দিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী হৃদয় আলীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।  শনিবার (২১ নভেম্বর) সকাল পৌনে ১২টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ময়না গ্রামের একটি ধানক্ষেত থেকে তাকে উদ্ধার করেন স্থানীয়রা। হৃদয় আলী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঠাকুরগাঁওয়ে। হৃদয় বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকার ‘মণ্ডল ম্যানশন’ নামের একটি মেসে থাকেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহপাঠীদের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একটি কালো ব্যাগ নিয়ে মেস থেকে বের হন হৃদয়। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে শুক্রবার নগরের মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।  পুলিশ তার মুঠোফোন ট্র্যাক করে ওই দিন রাত সাড়ে ৯টার দিকে নগরের শিরোইল কলোনি এলাকায় সবশেষ অবস্থান শনাক্ত করে। এরপর থেকে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড ফরিদুল ইসলাম বলেন, আমাদের এগ্রোনমি এন্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের ছাত্র হৃদয় ১৯তারিখ থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর  আজকে আমরা সংবাদ পেলাম  যে তাকে রাজাপুরের একটা ধান ক্ষেতের পাশে সে অজ্ঞান অবস্থায় আছে অবস্থায় ছিল।  তিনি বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা চলে আসছি। আমাদের প্রক্টোরিয়াল বডি আমাদের এম্বুলেন্স নিয়ে আসছি এবং ডাক্তারদের সঙ্গে কথা হলো। ডাক্তাররা বললেন যে উনার পালস এবং হার্টবিট প্লাস প্রেসার সবকিছু নরমাল আছে। কিন্তু আনকনশাস মানে তার কোন স্বাভাবিক সেন্সটা নাই। উনারা ইমিডিয়েট রাজশাহী মেডিকেলে রেফার করেছেন। আমরা এখন রাজশাহী মেডিকেলে নিয়ে যাচ্ছি। উদ্ধারকৃত শিক্ষার্থীর সর্বশেষ অবস্থা নিয়ে উপাচার্য বলেন, আমরা এই মুহূর্তে কিছুই বলতে পারছি না। ওর রোগীর পুরোপুরি জ্ঞান ফিরলে আমরা বলতে পারব যে আসলে তার সঙ্গে কি ঘটেছিল। আরটিভি/ এসআর
নিখোঁজের ২ দিন পর ধানক্ষেত থেকে অচেতন অবস্থায় উদ্ধার রাবি শিক্ষার্থী
মাভাবিপ্রবিতে বিসিকের পাঁচ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণের উদ্বোধন
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘Entrepreneurship Development’ (উদ্যোক্তা উন্নয়ন) প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের ১২তম তলায় সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন মাভাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রবিউল ইসলাম লিটন, বিসিকের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ  কামরুজ্জামান, পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) মো. শহিদুজ্জামান এবং বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ। চুক্তি স্বাক্ষর শেষে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। উদাহরণ হিসেবে তিনি জাপানের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও কুটির শিল্পের ভূমিকা তুলে ধরেন।  তিনি বলেন, বিশ্ববাজারের চাহিদা বিবেচনায় নিয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ উদ্যোক্তা তৈরি এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ ঘটাতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে আন্তর্জাতিক বাজারের চাহিদাকে কাজে লাগিয়ে মানসম্মত পণ্য উৎপাদনে সক্ষমতা অর্জন করতে হবে। এ ক্ষেত্রে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী কার্যকর উদ্যোগ গ্রহণ ও তা বাস্তবায়ন জরুরি। প্রতিযোগিতামূলক বিশ্বে অন্যদের চেয়ে এগিয়ে থাকতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের উদ্যোগের শুরুতে নানা ধরনের ঝুঁকি ও প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। মাভাবিপ্রবি ও বিসিকের মধ্যে আজকের এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনা হলো।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ উদ্যোক্তা তৈরি এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ ঘটিয়ে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে। অনুষ্ঠানের সভাপতি বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, বিসিকের উদ্যোগে দেশে ইতোমধ্যে ৮৪টি শিল্পনগরী গড়ে তোলা হয়েছে। প্রশিক্ষণ ও পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র শিল্প থেকেই বড় শিল্পপ্রতিষ্ঠানের বিকাশ সম্ভব।  উদাহরণ হিসেবে স্কয়ার, আরএফএল ও হেমকোর মতো প্রতিষ্ঠানের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব প্রতিষ্ঠান একসময় ক্ষুদ্র পরিসরে যাত্রা শুরু করলেও বর্তমানে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত হয়েছে। সঠিক পরিকল্পনা, দক্ষতা ও উদ্যোগ থাকলে ক্ষুদ্র শিল্পও একসময় বড় শিল্পপ্রতিষ্ঠানে রূপ নিতে পারে। প্রশিক্ষণ কর্মসূচির পাশাপাশি মাভাবিপ্রবি ও বিসিকের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন এবং বিসিকের পক্ষে বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুজ্জামান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সমঝোতার মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে মাভাবিপ্রবির অর্থনীতি, ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান বিভাগের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। ২১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে উদ্যোক্তা হতে আগ্রহী শিক্ষার্থীদের উদ্যোক্তা উন্নয়নবিষয়ক জ্ঞান, দক্ষতা ও বাস্তবভিত্তিক ধারণা প্রদানের ওপর গুরুত্ব দেওয়া হবে। বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোক্তা উন্নয়ন অনুষদ এবং মাভাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, শিক্ষা ও গবেষণার পাশাপাশি উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদারে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরটিভি/এসআর  
মাভাবিপ্রবিতে বিসিকের পাঁচ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণের উদ্বোধন
আরও পড়ুন
যবিপ্রবির মাইক্রোবায়োলজি ক্লাবের নেতৃত্বে আব্দুর রহমান-আবির 
যবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে শ্যামাপূজা উদযাপন
যবিপ্রবি শিক্ষক-শিক্ষার্থীকে টার্গেট করে প্রতারণার চেষ্টা, দাবি করা হচ্ছে বড় অঙ্কের টাকা
ন্যানো ফিসফিডের পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক ড. জাভেদ হোসেন খান