
নিখোঁজের প্রায় দুই দিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী হৃদয় আলীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল পৌনে ১২টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ময়না গ্রামের একটি ধানক্ষেত থেকে তাকে উদ্ধার করেন স্থানীয়রা।
হৃদয় আলী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঠাকুরগাঁওয়ে। হৃদয় বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকার ‘মণ্ডল ম্যানশন’ নামের একটি মেসে থাকেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহপাঠীদের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একটি কালো ব্যাগ নিয়ে মেস থেকে বের হন হৃদয়। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে শুক্রবার নগরের মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পুলিশ তার মুঠোফোন ট্র্যাক করে ওই দিন রাত সাড়ে ৯টার দিকে নগরের শিরোইল কলোনি এলাকায় সবশেষ অবস্থান শনাক্ত করে। এরপর থেকে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড ফরিদুল ইসলাম বলেন, আমাদের এগ্রোনমি এন্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের ছাত্র হৃদয় ১৯তারিখ থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর আজকে আমরা সংবাদ পেলাম যে তাকে রাজাপুরের একটা ধান ক্ষেতের পাশে সে অজ্ঞান অবস্থায় আছে অবস্থায় ছিল।
তিনি বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা চলে আসছি। আমাদের প্রক্টোরিয়াল বডি আমাদের এম্বুলেন্স নিয়ে আসছি এবং ডাক্তারদের সঙ্গে কথা হলো। ডাক্তাররা বললেন যে উনার পালস এবং হার্টবিট প্লাস প্রেসার সবকিছু নরমাল আছে। কিন্তু আনকনশাস মানে তার কোন স্বাভাবিক সেন্সটা নাই। উনারা ইমিডিয়েট রাজশাহী মেডিকেলে রেফার করেছেন। আমরা এখন রাজশাহী মেডিকেলে নিয়ে যাচ্ছি।
উদ্ধারকৃত শিক্ষার্থীর সর্বশেষ অবস্থা নিয়ে উপাচার্য বলেন, আমরা এই মুহূর্তে কিছুই বলতে পারছি না। ওর রোগীর পুরোপুরি জ্ঞান ফিরলে আমরা বলতে পারব যে আসলে তার সঙ্গে কি ঘটেছিল।
আরটিভি/ এসআর




