
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৬-২৭। এবারের প্রতিযোগিতায় দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন।
শনিবার (২৮ নভেম্বর) থেকে বুধবার (২ ডিসেম্বর) পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতা যবিপ্রবির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এতে অংশগ্রহণের জন্য ছেলেদের ৩৫টি ও মেয়েদের ২৭টিসহ মোট ৬২টি দল নিবন্ধন সম্পন্ন করেছে।
প্রতিযোগিতার প্রস্তুতি ও আয়োজন সম্পর্কে শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম বলেন, আগামীকাল থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। যবিপ্রবি উপাচার্য প্রতিযোগিতার শুভ উদ্বোধন করবেন। এবারের আয়োজনে দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয় থেকে ছেলেদের ৩৫টি এবং মেয়েদের ২৭টিসহ মোট ৬২টি দল অংশগ্রহণ করবে। ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে খেলোয়াড়, টিম ম্যানেজার ও কোচরা আসতে শুরু করেছেন। তাঁদের আবাসনের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিযোগিতার খেলাগুলো উপভোগ করার জন্য জিমনেসিয়ামের গ্যালারিতে দর্শকদের বসার ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিযোগিতাটি সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আরটিভি/জেএমএ




