ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

চবিতে শিক্ষকসহ ৩ জন বরখাস্ত

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম),আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ এএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পৃথক ঘটনায় এক শিক্ষকসহ তিনজনকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর মধ্যে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে (পিলু) সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া দর্শন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থীকে স্থায়ী এবং আরেক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে, সহকারী প্রক্টরের গায়ে হাত তোলার ঘটনায় আইন বিভাগের এক শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কার ও সনদ বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে তাকে ছয় মাসের বহিষ্কারাদেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৬ সেপ্টেম্বর) এসব তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৬৮তম সিন্ডিকেট সভায় শিক্ষক ও দুই শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক এসব সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে পোস্ট, শিক্ষক সাময়িক বরখাস্ত

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে একটি পোস্ট দেন। পরে পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

অভিযোগ ওঠে, ওই পোস্টে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ‘অশ্লীল ও কটাক্ষমূলক’ বক্তব্য দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রাথমিকভাবে অভিযোগ খতিয়ে দেখার উদ্যোগ নেয়। এরপর গত ১২ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মো. আল আমিনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি প্রাথমিক তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেয়।

প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় কমিটির সুপারিশের ভিত্তিতে ৫৬৮তম সিন্ডিকেট সভায় ড. আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে অভিযোগটি অধিকতর তদন্তে আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আল ফোরকান।

এ বিষয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, প্রথম তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট এ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে। অধিকতর তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তবে এ বিষয়ে জানতে চাইলে সহযোগী অধ্যাপক ড. আবদুল ওয়াহেদ চৌধুরী বলেন, সাময়িক বরখাস্তের বিষয়ে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা পাননি।

দর্শন ও ইতিহাস বিভাগের সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী বহিষ্কার

একই সিন্ডিকেট সভায় দর্শন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থীর বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ওয়াসিমকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় ইতিহাস বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহসির হাসানকে এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় দুই শিক্ষার্থীর বিরুদ্ধে নেওয়া এসব সিদ্ধান্ত অনুমোদিত হয়।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, ইতিহাস ও দর্শন বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় একজনকে স্থায়ী এবং একজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এসব সিদ্ধান্ত সিন্ডিকেটে অনুমোদিত হয়েছে।

হাইকোর্টে বদলাল শাস্তি

এদিকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কোরবান আলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফসানা এনায়েত এমির বিরুদ্ধে আগে স্থায়ী বহিষ্কার ও সনদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আদালতের দ্বারস্থ হন। পরে হাইকোর্ট তার স্থায়ী বহিষ্কার ও সনদ বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন। একই সঙ্গে তাকে ছয় মাসের জন্য বহিষ্কারের আদেশ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা জানান, আফসানা এনায়েত এমি নিজের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। আদালত তাকে ছয় মাসের বহিষ্কারাদেশ দেন। মামলা পরিচালনায় সময় অতিবাহিত হওয়ায় আদালতের দেওয়া ওই ছয় মাসের শাস্তির মেয়াদও ইতোমধ্যে শেষ হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, আফসানা এনায়েত এমি তার দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। আদালত তাকে ছয় মাসের বহিষ্কার আদেশ দেন। মামলা পরিচালনায় সময় গড়ানোর কারণে ওই ছয় মাস ইতোমধ্যে অতিবাহিত হয়েছে। ফলে আদালতের দেওয়া শাস্তিও বাস্তবায়িত হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক সিদ্ধান্তগুলো সংশ্লিষ্ট তদন্ত, প্রতিবেদন এবং সিন্ডিকেটের অনুমোদনের ভিত্তিতেই নেওয়া হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ব্রোঞ্জ জয়
ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্ট। একই প্রতিযোগিতার ফিউচার ইনোভেটরস সিনিয়র ক্যাটাগরিতে ‘টিম অডিসি এক্স’ সপ্তম স্থান অর্জন করেছে। ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ২৫টি দেশের ১৪৯টি দল অংশ নেয়। ব্রোঞ্জজয়ী টিম ব্লুপ্রিন্টের সদস্যরা হলেন সৈয়দ সুবেহ-সাদিক শোলক, মো. আজমাইন শাক ও সাম্মান রাহিন। ‘টিম অডিসি এক্স’-এর সদস্য আবিদা ওয়াদুদ ও সাদমান আল হক। এ ছাড়া বাংলাদেশের হয়ে ‘টিম নেবুকোডার্স’ ও ‘টিম রোবোম্যানিয়া’ প্রতিযোগিতায় অংশ নেয়। ৯ জন প্রতিযোগীসহ ১৩ সদস্যের বাংলাদেশ দলের দলনেতা ছিলেন প্রমি নাহিদ। কোচের দায়িত্বে ছিলেন নাসির খান সৈকত। বিশ্বমঞ্চে এই সাফল্যে ভবিষ্যতের জন্য বড় অনুপ্রেরণা দেখছেন বিজয়ী ও আয়োজকরা। এর আগে গত ১৪ আগস্ট ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৬-এর জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। ৪টি ক্যাটাগরিতে আয়োজিত এ প্রতিযোগিতায় ৭২টি দলের ২০০-এর বেশি শিক্ষার্থী অংশ নেয়। জাতীয় পর্বের ফলাফলের ভিত্তিতেই আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য দলগুলো নির্বাচিত হয়। প্রতিযোগিতায় এ বছরের প্রতিপাদ্য ছিল ‘রোবট মিটস কালচার’। জাতীয় পর্বের আগে শিক্ষার্থীদের রোবোটিকসে আগ্রহী করে তুলতে জুন মাসে দেশের ৫টি জেলায় ১৪টি অ্যাকটিভেশন প্রোগ্রাম আয়োজন করা হয়। আরটিভি/টিআর
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ব্রোঞ্জ জয়
শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নতুন নির্দেশনা
শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ নির্ধারিত খাত পরিবর্তন করে অন্য খাতে ব্যয় না করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নতুন নির্দেশনা
ইরানে বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ
ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ দেওয়া হচ্ছে।
ইরানে বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা, বিশ্ববিদ্যালয় বাছাই থেকে ভিসা ইন্টারভিউ—যেভাবে প্রস্তুতি নেবেন
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন অনেক বাংলাদেশি শিক্ষার্থী। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পাশাপাশি স্টুডেন্ট ভিসার জন্যও ধাপে ধাপে প্রস্তুতি নিতে হয়।
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা, বিশ্ববিদ্যালয় বাছাই থেকে ভিসা ইন্টারভিউ—যেভাবে প্রস্তুতি নেবেন
২৩১৮ কলেজের অধ্যক্ষকে নিয়ে সম্মেলন, থাকবেন প্রধানমন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী অক্টোবরের মাঝামাঝি ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মিলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদের সই করা চিঠিতে এসব তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার বর্তমান রূপান্তরমুখী অভিযাত্রা এবং পরিবর্তিত জাতীয় ও বৈশ্বিক বাস্তবতার প্রেক্ষাপটে এ সম্মিলন বিশেষ তাৎপর্য বহন করে। দেশের কলেজ শিক্ষার গুণগত মানোন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার বিকাশে অধ্যক্ষবৃন্দের ভূমিকা আরও কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যে এ সম্মিলন একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এর মাধ্যমে অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ জাতীয় শিক্ষানীতি, সরকারের শিক্ষা-দর্শন, উচ্চশিক্ষা উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনী ইশতেহারে ঘোষিত শিক্ষা সংক্রান্ত অঙ্গীকার ও কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও প্রেরণা লাভ করবেন। এতে আরও বলা হয়েছে, অনুষ্ঠানে অংশগ্রহণের লক্ষ্যে নির্ধারিত লিংকে (https://collegeportal.nu.ac.bd/) প্রবেশ করে কলেজ কোড ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ড্যাশবোর্ড থেকে অধ্যক্ষ সম্মিলন ২০২৬ ক্লিক করে যথাযথভাবে ফরম পূরণ করে আগামী ১০ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর পরবর্তীতে আমন্ত্রণপত্র প্রেরণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের নির্দেশক্রমে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অনুষ্ঠানে অংশ নিতে অধ্যক্ষদের অনুরোধ করা হয়েছে। অনুষ্ঠানে যোগদানের জন্য অধ্যক্ষ ও শিক্ষকদের বিধি মোতাবেক প্রতিষ্ঠান থেকে টিএ/ডিএ প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  আরটিভি/এমএ  
২৩১৮ কলেজের অধ্যক্ষকে নিয়ে সম্মেলন, থাকবেন প্রধানমন্ত্রী