
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি কার্যক্রম আজ (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীরা ২২ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত কলেজে ভর্তি হতে পারবেন।
নীতিমালা অনুযায়ী, বোর্ড অনুমোদিত ফি’র অতিরিক্ত টাকা শিক্ষার্থীর কাছ থেকে নেওয়ার সুযোগ নেই। অনুমোদিত সব ফি যথাযথ রশিদের মাধ্যমে গ্রহণ করতে হবে।
এতে বলা হয়, নীতিমালা লঙ্ঘন করলে কলেজের ক্ষেত্রে পাঠদানের অনুমতি বা স্বীকৃতি বাতিলের পাশাপাশি এমপিওভুক্তি বাতিল হতে পারে। সরকারি কলেজের ক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নীতিমালা অনুযায়ী, এমপিওভুক্ত কলেজে ভর্তির ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ৫ হাজার টাকা, মেট্রোপলিটন এলাকায় (ঢাকা ছাড়া) ৩ হাজার টাকা, জেলা পর্যায়ে ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বলে ১ হাজার ৫০০ টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।
নন-এমপিওভুক্ত কলেজে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা ভর্তি ফি নেওয়া যাবে। মেট্রোপলিটন এলাকায় (ঢাকা ছাড়া) বাংলা ভার্সনে ৫ হাজার এবং ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া জেলা পর্যায়ে নন-এমপিও কলেজে বাংলা ভার্সনে ৩ হাজার ও ইংরেজি ভার্সনে ২ হাজার ৫০০ টাকা এবং উপজেলা ও মফস্বলে বাংলা ভার্সনে ২ হাজার ৫০০ ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা ভর্তি ফি নেওয়া যাবে।
শিক্ষার্থীর কাছ থেকে ভর্তির প্রাথমিক নিশ্চায়নের সময় শিক্ষা বোর্ড রেজিস্ট্রেশন ফি বাবদ ১৪২ টাকা, ক্রীড়া ফি ৫০ টাকা, রোভার/রেঞ্জার ফি ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা, বিএনসিসি ফি ১০ টাকা এবং শিক্ষক কল্যাণ ফি ও অবসর সুবিধা ভাতা ফি ১০০ টাকা নেবে। সব মিলিয়ে বোর্ড নির্ধারিত ফি ৩৩৫ টাকা।
আরটিভি/টিআর


