
ঐক্য, সম্প্রীতি, স্মৃতির বন্ধন ও পারস্পরিক সহযোগিতার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আওয়ার লেডি অব ফাতিমা (OLF-ওএলএফ) অ্যালামনাই অ্যাসোসিয়েশন, কুমিল্লা। একই সঙ্গে সংগঠনটির ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটির সাংগঠনিক কাঠামো ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) কুমিল্লার বিমানবন্দর সড়কের ডুলিপাড়ায় অবস্থিত ফানটাউনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অ্যাসোসিয়েশনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন প্রজন্মের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানের স্মৃতি, ঐতিহ্য ও বন্ধন উদ্যাপন করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অ্যাসোসিয়েশনের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটির সাংগঠনিক কাঠামো ঘোষণা। এতে বিচারপতি মামনুন রহমানকে নির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সংগঠনটির প্রতিষ্ঠা, সাংগঠনিক ভিত্তি সুদৃঢ়করণ এবং ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় তার ভূমিকা বিশেষ গুরুত্ব বহন করবে।
নবঘোষিত কমিটির মাধ্যমে সংগঠনের নেতৃত্বকে সুসংগঠিত করা, প্রাক্তন শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার একটি স্থায়ী প্ল্যাটফর্ম গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আওয়ার লেডি অব ফাতিমা স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষকদের উপস্থিতি আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। এ সময় শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি শিক্ষকদের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের দীর্ঘদিনের সম্পর্ক ও স্মৃতির বন্ধনও উঠে আসে।
দিনব্যাপী আয়োজনে ছিল নিবন্ধন ও স্বাগত উপহার বিতরণ, উদ্বোধনী পর্ব, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, স্বাগত বক্তব্য এবং অ্যাসোসিয়েশনের পটভূমি ও উদ্দেশ্য তুলে ধরা। এছাড়া ‘নস্টালজিয়া অ্যান্ড হারমনি’ শীর্ষক সাংস্কৃতিক আয়োজন, স্মৃতিচারণ, আন্তঃপ্রজন্মের মতবিনিময় ও নেটওয়ার্কিং, হাউজি বা তাম্বোলা খেলা এবং সংগীত পরিবেশনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
আয়োজকরা জানান, অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু ওএলএফ (OLF)-এর প্রাক্তন শিক্ষার্থী সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে বিভিন্ন প্রজন্মের শিক্ষার্থীদের পুনর্মিলন, প্রাতিষ্ঠানিক ঐতিহ্য সংরক্ষণ এবং সংগঠনের ভবিষ্যৎ অগ্রযাত্রায় সম্মিলিত অবদানের নতুন সুযোগ তৈরি হয়েছে।
ঐক্যের শক্তি ও স্মৃতির বন্ধনকে ধারণ করে একটি সুসংগঠিত, ঐক্যবদ্ধ, গতিশীল ও শক্তিশালী প্রাক্তন শিক্ষার্থী নেটওয়ার্ক গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে যেতে চায় আওয়ার লেডি অব ফাতিমা অ্যালামনাই অ্যাসোসিয়েশন, কুমিল্লা।
আরটিভি/জেএমএ


