
কেক, বিস্কুট, পাউরুটি, লাড্ডু ও মিষ্টি সিঙাড়াসহ বিভিন্ন খাদ্যপণ্যে ব্যবহার করা হচ্ছিল নিষিদ্ধ কাপড়ের রঙ। এমনকি খাবারকে আকর্ষণীয় করতে ব্যবহার করা হচ্ছিল সিঁদুরের রঙও। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব খাদ্যপণ্য বাজারজাত করার অভিযোগে কুমিল্লায় দুটি বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীরবাজার ও হাতিগাড়া এলাকায় দুটি বেকারিতে অভিযান চালিয়ে এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
অভিযান সূত্রে জানা গেছে, বেকারিগুলোতে কেক, বিস্কুট, পাউরুটি, লাড্ডু ও মিষ্টি সিঙাড়াসহ বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী তৈরি করা হচ্ছিল। এসব খাবারে ব্যবহার করা হচ্ছিল কাপড় রাঙানোর কাজে ব্যবহৃত নিষিদ্ধ ইন্ডাস্ট্রিয়াল ডাই। পাশাপাশি খাবারে রং আনতে ব্যবহার করা হচ্ছিল সিঁদুরের রঙ। সাধারণত পূজা-পার্বণসহ বিভিন্ন কাজে ব্যবহৃত সিঁদুর কীভাবে খাদ্যপণ্যে ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
অভিযানকালে হাতেনাতে এসব নিষিদ্ধ রঙের ব্যবহার শনাক্ত করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ ছাড়া বেকারিগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি ও সংরক্ষণের চিত্রও পাওয়া যায়। খাবারে ব্যবহারের অনুপযোগী এসব রঙের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী, জিহাদ বেকারিকে ৩০ হাজার টাকা এবং ইউনাইটেড ফুড প্রডাক্টসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় কুমিল্লা জেলা পুলিশের একটি দল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ এবং অধিদপ্তরের অফিস সহকারী ফরিদা ইয়াসমিন সহযোগিতা করেন।
অভিযান শেষে প্রতিষ্ঠান দুটির মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি বেকারি মালিক সমিতির জিম্মায় সংশোধনের সুযোগ দিয়ে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/এমএইচজে


