
আসন্ন ঢাকা উত্তর (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে।
নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান এ তথ্য জানিয়ে বলেন, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে প্রার্থী হতে ইচ্ছুকরা রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে মনোনয়পত্র সংগ্রহ করতে পারবেন। ডিএনসিসির রিটার্নিং কর্মকর্তা হিসেবে ইসির যুগ্মসচিব আবুল কাসেম ও ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা হিসেবে আবদুল বাতেনের কাছ থেকে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র কিনতে হবে।
তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থীতা প্রত্যাহার ৯ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ হবে ৩০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত। আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন।
জানা গেছে, ৫৪টি সাধারণ ওয়ার্ড ও ১৮টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড নিয়ে ডিএনসিসি গঠিত। মোট ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এ নির্বাচনে ১ হাজার ৩৪৯টি ভোটকেন্দ্রের ৭ হাজার ৫১৬টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
অপরদিকে ডিএসসিসিতে ৭৫টি সাধারণ ওয়ার্ড ও ২৫টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। মোট ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ ভোটার এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এ নির্বাচনে ১ হাজার ১২৪টি ভোটকেন্দ্রের ৫ হাজার ৯৯৮টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হবে।
সিটি করপোরেশন আইন অনুযায়ী, করপোরেশনের মেয়াদ হচ্ছে প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর। আর ভোটের আয়োজন করতে হয় মেয়াদ পূর্তির পূর্ববর্তী ১৮০দিনের মধ্যে। সে অনুযায়ী, ঢাকা উত্তর সিটির মেয়াদ শেষ হবে আগামী বছরের ১৩ মে আর ঢাকা দক্ষিণ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৬ মে।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি নির্বাচন একযোগে অনুষ্ঠিত হয়েছিল। আর ঢাকা উত্তরের মেয়র আনিসুক হক মারা গেলে উপনির্বাচন হয়েছিল চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি।
পি




