
রাজশাহী, সিলেট ও বরিশাল এই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেবার পর চলছে যাচাই-বাছায়ের কাজ।
রাজশাহী সিটি
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র ২৮ জুন জমাদানের পর আজ রোববার চলছে প্রার্থীদের মনোনয়নপত্রের যাচাই-বাছাই।
রাজশাহী রিটার্নিং অফিসারের কার্যালয়ে আজ রোববার ও আগামীকাল সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ যাচাই-বাছাইয়ের কাজ।
এদিকে আজ দুপুরে যাচাই-বাছাইয়ে মেয়র পদে ৬ জনের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মুরাদ মোর্শেদের প্রার্থিতা বাতিল ঘোষণা করেছে রিটার্নিং অফিসার। সমর্থনকারী ৫ জনের মধ্যে ১ জন ভুয়া ভোটার হওয়ায় তার প্রার্থিতা বাতিল হয়েছে। বাকি ৫ জনের প্রার্থিতা বহাল রয়েছে।
-----------------------------------------------------------------------------------------------
আরও পড়ুন : এ দেশের নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না বার্নিকাট: ইসি
------------------------------------------------------------------------------------------------
এদিকে সকালে ৫২ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলদের যাচাই-বাছাই শেষ হয়েছে। চলছে ১৬৯ জন সাধারণ কাউন্সিলরদের যাচাই-বাছাই, যা আগামীকাল সোমবার পর্যন্ত চলবে। মেয়রসহ মোট ২২১ জনের যাচাই-বাছাই চলবে।
সিলেট সিটি
প্রার্থী যাচাই-বাছাইয়ের প্রথম দিনে সিলেট সিটি নির্বাচনের ১৫টি সাধারণ ও সংরক্ষিত ৫টি ওয়ার্ডের প্রার্থী যাচাই-বাছাই হচ্ছে। সোমবার মেয়রসহ বাকি ১২টি সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ৪টি ওয়ার্ডের প্রার্থী যাচাই-বাছাই হবে। এই সিটি নির্বাচনে ৯ জন মেয়র প্রার্থীসহ সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডে মোট ২০৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান বলেন, ইতোমধ্যেই আমরা প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেছি। প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের কাজ শুরু হয়েছে। আইন ও বিধিবিধান মেনে আমরা সকল কাজ করে যাচ্ছি।
বরিশাল সিটি
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই-বাছাই শুরু হয়েছে।
আজ রোববার সকাল ১০টা থেকে নগরীর নথুল্লাবাদস্থ আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সভাকক্ষে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র বাছাই শুরু হয়।
এসময় রিটার্নিং কর্মকর্তা মু. মুজিবুর রহমানসহ কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ রোববার ও সোমবার এই দুইদিন এই কার্যক্রম চলবে।
প্রথমে মেয়র প্রার্থী ও পরে সাধারণ কাউন্সিলর বাছাই শুরু হয়। ৮ জন মেয়র প্রার্থী মধ্যে জাতীয় পার্টির মো. ইকবাল হোসেন তাপস ঋণ খেলাপির দায়ে, স্বতন্ত্র প্রার্থী বশির আহাম্মেদ ঝুনুর ভুয়া ভোটারকে সমর্থনকারী করায় মনোনয়ন বাতিল হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ১ ও ২ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুলাই এবং ১০ জুলাই প্রতীক বরাদ্দ শেষ করা হবে। ৩০ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন :
সিলেট সিটিতে বিএনপিকেই ছাড় দিচ্ছে না বিএনপি
এসএস/পি




