
অভিনেতা সাইফ আলী খান বিজেপির রোষানলে পড়ে ক্ষমা চাইলেন। ‘আদিপুরুষ’ নিয়ে কথা বলার পর তাকে ছবি থেকে বাদ দেওয়ার দাবি তুলেছিলেন নেটিজনদের একাংশ। এছাড়া মহারাষ্ট্রের বিজেপি নেতা রাম কদম হুমকি দিয়েছিলেন, যদি ‘আদিপুরুষ’ ছবিতে হিন্দুধর্মকে আঘাত করা হয়, তবে সেটা মেনে নেবো না আমরা।
এক বিবৃতিতে সাইফ বলেন, আমার একটি মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছে। তা আমি জেনেছি। এতে করেকিছু মানুষের ভাবাবেগ আঘাতপ্রাপ্ত হয়েছে। কিন্তু আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু করিনি। আমি ক্ষমা চাইছি। আমার মন্তব্যটি ফিরিয়েও নিচ্ছি। ভগবান রাম আমার কাছে চিরকালই একজন প্রকৃত হিরো। অমঙ্গলের বিরুদ্ধে মঙ্গলের লড়াই ও জয় এই ছবির মূল বিষয়বস্তু। কোনো প্রকার সাংস্কৃতিক বিকৃতি ‘আদিপুরুষ’ ছবিতে নেই।
এর আগে বিজেপি নেতা রাম কদম জানিয়েছিলেন, সম্প্রতি অভিনেতা সাইফ আলী খান একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। রাবণের মানবিক সত্তার প্রকাশ, মা সীতার অপহরণ ও রামের বিরুদ্ধে রাবণের যুদ্ধকে ন্যায্যতা দেওয়া হলে সেটা আমরা মেনে নেবো না। বলিউড ইন্ডাস্ট্রিতে একটা নতুন প্রবণতা লক্ষ্য করছি আমরা। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছবিগুলোতে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করা হচ্ছে। অন্য ধর্মের ক্ষেত্রে এ কাজ করা হয় না তো!
এদিকে সাইফকে এ ছবি থেকে বাদ দেয়ার দাবি তুলছেন নেটিজনদের একাংশ। এভাবে সংস্কৃতিকে বিকৃত করা হচ্ছে বলে মত দিয়েছেন অনেকেই।
ছবিতে সাইফ রাবণের ভূমিকায় অভিনয় করছেন। রামের চরিত্রে অভিনয় করবেন দক্ষিণী তারকা প্রভাস। ছবিতে কৃতী শ্যাননকে সীতার চরিত্রে দেখা যেতে পারে বলে জানা যায়। ছবির শুটিং এখনও শুরু হয়নি।
এম




