
বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট ও অভিনেতা ওমর সানিকে অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দেয়ার অভিযোগে প্রযোজক ইকবালের সদস্য পদ স্থগিত করেছে সংগঠনটি। পাশাপাশি ইকবালের নামে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওমর সানি।
বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের মেম্বার ইন চার্জ অ্যাডমিনিস্ট্রেশন মাহমুদুল হক পলাশ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, গতকাল (২১ মার্চ) রাত ১০টায় ফিল্ম ক্লাবে নাস্তা নিয়ে ওমর সানি-ইকবালের মাঝে অপ্রীতিকর ঘটনা ঘটে। এ সময় ক্লাব প্রেসিডেন্ট ওমর সানিকে জঘন্য ভাষায় গালাগাল, প্রাণনাশের হুমকি দেন ইকবাল। ক্লবের নিয়ম অনুযায়ী ৬ মাসের জন্য ইকবালের সদস্য পদ স্থগিত করা ও ফিল্ম ক্লাবে তার প্রবেশ স্থগিত করা হলো।
এদিকে অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় গুলশান থানায় সাধারণ ডায়েরি করেছেন ওমর সানি। জিডি নম্বর ১৪০৬। জিডিতে তিনি উল্লেখ করেছেন, তাকে গালমন্দ ও জীবননাশের হুমকি দিয়েছেন ইকবাল। জীবনের নিরাপত্তা চেয়ে এই জিডি করেন ওমর সানি।
প্রসঙ্গত, ফিল্ম ক্লাবের আজীবন সদস্য ইকবাল। এছাড়া তিনি এই সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক।
এনএস




